বাংলায় Unity Concert থেকে বাদ 'হুলিগানইজম' ব্যান্ড ! দাবিয়ে দেওয়ার চেষ্টা ? সরব অনুরাগীরা
অজ্ঞাত কারণে ইউনিটি কনসার্টের (Unity Concert 2025) তালিকা থেকে বাদ পড়ার খবর সামনে আসতেই রাজনৈতির অভিসন্ধির গন্ধ পাচ্ছেন ক্ষুব্ধ অনুরাগীরা ৷

By ETV Bharat Entertainment Team
Published : October 13, 2025 at 10:39 AM IST
হায়দরাবাদ, 13 অক্টোবর: কয়েকদিন আগেই হইহই করে মার্কিন দেশে সুরেলা জাদু ছড়িয়ে এসেছে 'হুলিগানইজম' (Hooligaanism) দল ৷ পুজোর সময় মার্কিন ট্যুর নিয়ে ব্যস্ত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), কৃষানু ঘোষ, দেবরাজ ভট্টাচার্য-সহ গোটা টিম ৷ তবে দেশে ফিরেই পেলেন দুঃসংবাদ ৷ ইউনিটি কনসার্টের (Unity Concert 2025) তালিকা থেকে বাদ পড়েছে হুলিগানইজম দল ৷ এর পিছনে কি কোনও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে ? সোশাল মিডিয়ার পোস্টে খোঁচা ৷ সমর্থন অনুরাগীদের ৷
পয়লা নভেম্বর গীতাঞ্জলি স্টেডিয়াম সাক্ষী থাকতে চলেছে রকিং সন্ধ্যার ৷ গানে গানে সকল বাঁধা ভাঙতে প্রস্তুত লক্ষ্মীছাড়া, ফসিলস, ইউফোরিয়া ও চন্দ্রবিন্দু ব্যান্ড ৷ এই তালিকায় নাম ছিল অনিরাবর্ণের হুলিগানইজম ব্যান্ডেরও ৷ কিন্তু কোন অজ্ঞাত কারণে সেই দল এই কনসার্ট থেকে বাদ পড়ল তা অজানা ৷ দলের তরফ থেকে রবিবার সন্ধ্যায় সেই 'ক্যানসেল সংবাদ' জানানো হয় সোশাল মিডিয়ায় ৷
ক্যানসেল পোস্ট
যেখানে বলা হয়, "খবর পাইলাম 1 নভেম্বর ইউনিটি কনসার্ট-এর তালিকা থেকে হইতে কোনও এক অজ্ঞাত কারণে হুলিগানইজম বাদ গিয়াছে ৷ তাতে দুঃখ পাইবেন না শ্রোতাগণ ৷ দুর্দান্ত সব ব্যান্ড-এর ডালি বিদ্য়মান ৷ ফসিলস, লক্ষ্মীছাড়া, চন্দ্রবিন্দু এবং ইউফোরিয়া-র আগুনে অনুষ্ঠান জ্বলিয়া উঠিবে ৷ তবে বন্ধুগণ, হুলিগানইজম-এর গান বন্ধ হইবে না ৷"
এরপরেই পোস্টে নাম না করে খোঁচা দেওয়া হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, "ইহার পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি বা কারণ কখনই খুঁজিবেন না ৷ আমরা আগেই বলিয়াছি, পশ্চিমবঙ্গ অরাজনৈতিক রাজ্য ও সাংস্কৃতিক উদারতায় বিশ্বে প্রথম স্থান অধিকার করিয়াছে ৷" স্বভাবতই, এই পোস্ট থেকে অনুরাগীরা অনুমান করেছেন, এই দল তাঁদের পুরনো গানে যেভাবে রাজনৈতিক দলের তুলোধনা করেছে তারই ফল এই কনসার্ট থেকে বাদ পড়া ৷
অনুরাগীদের প্রতিক্রিয়া
অনুষ্ঠানে বাতিলের খবর সামনে আসতেই অনেক অনুরাগী আশাহত হয়েছেন ৷ কিন্তু হুলিগানইজম দলকে এগিয়ে যাওয়ার জন্য সাহসও জুগিয়েছেন ৷ কেউ লিখেছেন, "ভালো কিছু করতে গেলেই, সমালোচনার সম্মুখীন হতে হয় ৷ সেটা অতীতেও হয়েছে ৷ আর এটা তো এখন ট্রেন্ড ৷ শ্রোতারা সঙ্গে আছে আপনাদের ৷ তাই এগিয়ে চলুন ৷"
আবার কেউ লিখেছেন, "বাদ দেওয়া মানেই পথটা সঠিক। সেই সোনার কেল্লার মতো, গাড়ি যখন কাঁচের টুকরো তে বিদ্ধ হয়ে যাত্রাপথ নষ্ট হয়েছিল। তখন ফেলুদা বলেছিল। এটাও একই।" আবার কারোর মতে, "বাংলায় স্বাধীন চিন্তা ভাবনাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা সর্বদাই, সেটা রাজনৈতিক বা অরাজনৈতিক হোক। যে রাজ্য এক সময় এত নেতা, শিল্পী, চিন্তাবিদ, সাহিত্যিক উপহার দিয়েছে দেশকে, সেটা আজকের দিনে সমীকরণে মেলানো যায় না। কাজেই, পরে থাকতে হয় অতীতেই, রবীন্দ্রনাথ বা সত্যজিৎ রায়ের পদচিহ্ন আঁকড়ে ধরে। নিজের থেকে কিছু সৃষ্টি করা যায় না, করতে দেওয়াও যায় না।"
উল্লেখ্য, পয়লা নভেম্বর দুপুর 2টো থেকে শুরু হওয়ার কথা ইউনিটি কনসার্ট ৷ 8 ঘণ্টার শোয়ে পারফর্ম করবে মোট চারটি ব্যান্ড ৷ টিকিটের মূল্য শুরু হয়েছে 699 টাকা থেকে ৷

