জয়ার সঙ্গে বিয়ে অমিতাভের, ছেলেকে কুনজর থেকে বাঁচাতে যা করেন অভিনেতার মা
1973 সালের 3 জুন পরিবারকে সাক্ষী রেখে চার হাত এক হয় অমিতাভ-জয়ার ৷ বিয়ের দিন ছেলেকে কু-নজর থেকে বাঁচাতে যা করেন শাহেনশার মা ৷

By ETV Bharat Entertainment Team
Published : March 17, 2025 at 2:11 PM IST
হায়দরাবাদ, 17 মার্চ: বিয়ের অর্ধশত বছর একে অপরের সঙ্গে কাটিয়ে ফেলেছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন ৷ খুব কাছের বন্ধু ও পরিবারকে সাক্ষী রেখে বিয়ের বন্ধনে আবদ্ধ হন 'জঞ্জির' জুটি ৷ তবে বিয়ের দিন ছেলে অমিতাভকে নিয়ে বেজায় চিন্তিত ছিলেন মা তেজি বচ্চন ৷
সম্প্রতি অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রাই বচ্চনের অটোবায়োগ্রাফি 'ইন দ্য আফটারনুন অফ টাইম'-এ লেখা অমিতাভের বিয়ের দিনের মুহূর্তের কিছু কথা ভাইরাল নেটপাড়ায় ৷ সেখানে উঠে আসে কেন অমিতাভ-জয়ার বিয়ে তাড়াহুড়ো করে হয়েছিল ? কেনইবা ছেলে অমিতাভের বিয়ের দিন চিন্তিত ছিলেন মা তেজি ৷

শোনা যায়, শুটিং সেটে নয়, তার আগে থেকেই অমিতাভ-জয়া জুটির প্রেমসফর শুরু হয় ৷ সাতের দশকের আগে পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়াতে নাকি প্রথম সাক্ষাৎ অমিতাভ-জয়ার ৷ 1971 সালে 'গুড্ডি' ছবির সেটে সেই সাক্ষাৎ আরও গভীর হয় ৷ ধীরে ধীরে বন্ধুত্ব পরিণতি পায় প্রেমে ৷ 1973 সালে 'জঞ্জির' ছবিতে একসঙ্গে কাজ করেন তাঁরা ৷ সেখান থেকেই প্রেম আর কেরিয়ার দুটোই টার্নিং পয়েন্ট অমিতাভের জীবনে ৷
| সাফল্যের শিখরে রাতারাতি পৌঁছে যান বিগবি ৷ এরপর সেই বছরের 3 জুন তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷ কিন্তু সেটাও নাকি চটজলদি সিদ্ধান্ত নিয়েই হয়েছে ৷ সূত্রের খবর, জয়ার বাবা সাংবাদিক তরুণ কুমার ভাদুড়ি নাকি জানিয়েছিলেন অমিতাভ-জয়া অক্টোবরে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ কিন্তু অমিতাভকে লন্ডন যেতে হবে ৷ তিনি যাতে জয়াকেও সঙ্গে নিতে পারেন তাই নাকি অক্টোবরের আগে অর্থাৎ জুনেই বিয়ে সেরে ফেলেন ৷ |
শাহেনশার বাবা তথা প্রখ্যাত কবি-লেখক হরিবংশ রাই বচ্চন নিজের আত্মজীবনীতেই সেই সব কথা তুলে ধরেন ৷ তিনি তুলে ধরেন, মালাবার হিলসে জয়ার এক বন্ধুর বাড়ির ছাদে চুপিচুপি বিয়ের আয়োজন করা হয়েছিল ৷ এমনকী পরিবারের এক কাছের সদস্যকে বিয়ের কথা না জানিয়ে দ্রুত টেলিগ্রাম করে ডেকে পাঠানো হয়েছিল ৷
হরিবংশ রাই বচ্চন সেই সময়ের কথা স্মৃতিচারণা করতে গিয়ে লেখেন, "অমিতকে সেদিন দারুণ লাগছিল ৷ আর সেই কারণে ওঁর মা তাঁকে কু-নজর থেকে বাঁচাতে হনুমান চালিশা পড়ে যাচ্ছিল ৷ বর-কনের ফুলের ঘোমটা ঠিক করার আগের মুহূর্তে আমার কণ্ঠ আবেগে ভারী হয়ে আসছিল ৷ আমি বলেছিলাম, সবাই ওর মুখ দেখতে চাইবে ৷ ওকে তো সুন্দর লাগতেই হবে ৷"
আত্মজীবনীতে বিগবির বাবা জয়ার ন্যাচরাল বিউটিরও প্রশংসা করেছেন ৷ তিনি লেখেন, "জয়াকে দেখলাম নববধূ বেশে ৷ চোখমুখ যেন লাজে রাঙা বউ ৷ তখন বুঝলাম আসল সৌন্দর্য কাকে বলে ৷ একজন অভিনেত্রী হিসাবে সে যথেষ্ট ৷ কিন্তু আজ জয়াকে অন্যরূপে আবিষ্কার করলাম যা ন্যাচারাল ও রিয়েল ৷"
জয়া-অমিতাভ জুটি সিলভার স্ক্রিনে একাধিক হিট ছবি উপহার দিয়েছে ৷ তার মধ্যে রয়েছে 'অভিমান', 'শোলে', 'চুপকে চুপকে' ও 'কভি খুশি কভি গম'-এর মতো ছবি ৷ সম্প্রতি অমিতাভ ও জয়াকে একসঙ্গে হোলি উদযাপন করতে দেখা গিয়েছে ৷ তাঁদের মেয়ে শ্বেতা বচ্চন একটি ছবি শেয়ার করেন সোশাল মিডিয়ায় ৷ যেখানে হোলিকা দহন-এ মেতে থাকতে দেখা যায় অমিতাভ বচ্চন-জয়া বচ্চন জুটিকে ৷

