Exclusive: বাংলা ভাষার অবনতি ! কী প্রভাব নাটকে ? জবাব অভিনেত্রী শাওলির
শাওলির কথায়, "থিয়েটার করা মানে সে সার্বিকভাবে একজন উন্নত এবং শিক্ষিত মানুষ।"

By ETV Bharat Entertainment Team
Published : July 4, 2025 at 10:06 AM IST
কলকাতা, 4 জুলাই: এই মুহূর্তে বাংলা টেলিভিশনের ব্যস্ত অভিনেত্রী শাওলি চট্টোপাধ্যায় (Saoli Chattopadhyay)। 'ফুলকি' (Phulki) ধারাবাহিকে তাঁর চরিত্রটি ধূসর। এর আগে 'আলতা ফড়িং' ধারাবাহিকে জিমন্যাস্টের চরিত্রে দেখা যায় তাঁকে। একাধিক সিনেমা থেকে ওয়েব সিরিজ সবই রয়েছে শাওলির অ্যাক্টিং ক্যারিয়ারে। এহেন শাওলির অভিনয়ের জার্নি শুরু হয় থিয়েটারের পথ ধরে। তাও মাত্র চার বছর বয়সে। 'বল্লভপুরের রূপকথা'র (Ballabhpurer Roopkotha) 68টি শো ইতিমধ্যেই করে ফেলেছেন অভিনেত্রী শাওলি। প্রখ্যাত নাট্য নির্দেশক তথা লেখক বাদল সরকারের জন্মশতবর্ষের আবহে এ কথাই এদিন ভাগ করে নিলেন শাওলি চট্টোপাধ্যায়।
ইটিভি ভারত: আপনি এখন ধারাবাহিক নিয়ে খুব ব্যস্ত। থিয়েটারে সময় দিতে পারছেন?
শাওলি: হ্যাঁ থিয়েটার আগের মতোই চলছে। আগেও যেরকম প্রত্যেক শো'য়ের আগে একটা হলেও অবশ্যই রিহার্সাল হত এখনও সেটা মিস করি না। সেই সময়টা বের করে নিই। শীতকালটা ছাড়া তো প্রচুর শো হয় না সেভাবে। তখন আসলে ফেস্টিভ্যাল চলে। তাই অনেক শো পড়ে। আর অন্যান্য মাসগুলোকে একটা-দুটো শো চলে। ফলে, অসুবিধা হয় না ৷
ইটিভি ভারত: কবে থেকে থিয়েটার করা শুরু?
শাওলি: ক্লাস ফোর থেকে আমি দলে জয়েন করি। প্রথমে আবৃত্তি শিখতাম। এরপর ওখান থেকেই সুযোগ আসে দলে যোগ দেওয়ার। তারপর থেকে টানা চলছে আজ অবধি। এর মাঝে রবীন্দ্র ভারতী থেকে গ্র্যাজুয়েশন আর মাস্টার্স করেছি নাটকে।
ইটিভি ভারত: এ বছর তো বাদল সরকারের জন্মশতবর্ষ।
শাওলি: হ্যাঁ। বাদল সরকারের বিখ্যাত নাটক 'বল্লভপুরের রূপকথা'তে আমি অভিনয় করি সেই 2012 সাল থেকে। এক যুগ হয়ে গেছে। এই নাটকে আমার 68 তম শো ইতিমধ্যেই পার করে ফেলেছি মঞ্চে। এ বছর আরও বেশি শো হবে এই নাটকের। কয়েকদিন পরেই ইন্দোরে যাচ্ছি শো'টা করতে। আরও কয়েকটা জায়গায় এই নাটকটারই শো আছে।
ইটিভি ভারত: নাটকের পরিবেশ কি এখন অনেকটা পাল্টে গিয়েছে?
শাওলি: হ্যাঁ পাল্টেছে তো বটেই। চারদিকের পরিবেশ পরিস্থিতিই পাল্টে গেছে। বিনোদনকে মানুষ এখন অন্যভাবে কনজিউম করে। দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে, প্র্যাকটিসের ধরন পাল্টে গেছে। ফলে সেই জায়গা থেকে যে নাটকের পরিবর্তন হবে না সেটা ভাবাই বোকামো। তার সবটা যে খারাপ তা নয়। বহু দল নিষ্ঠা নিয়ে নাটকের চর্চা করে যাচ্ছে। কলকাতা থেকে অনেক দূরে থেকেও নিয়মিত এসে থিয়েটার প্র্যাকটিস করে চলেছে অনেকে। ভালো মন্দ দুইই হয়েছে। আজকের নাটকের ভঙ্গিমা পাল্টে গেছে। ভাষাও পাল্টে গেছে। সার্বিকভাবে বাংলা ভাষারও পরিবর্তন হয়েছে অনেক। আমি রোজ স্ক্রিপ্ট পড়তে গিয়ে তা উপলব্ধি করি। তার প্রভাব শিল্পচর্চায় তো পড়বেই।

ইটিভি ভারত: নাটক করলেই ভালো অভিনয় করা যায় এই মিথ প্রচলিত। আপনি কী বলেন?
শাওলি: থিয়েটার মানে শুধু অভিনয়ের অনুশীলন নয়। আমি মানুষটা কীভাবে তৈরি হচ্ছি, আমার নিয়মানুবর্তিতা, আমার দেখা, আমার চর্চা, চিন্তাভাবনা, বোধ সব তার সঙ্গে জড়িয়ে আছে। আমরা শুধু অভিনয় করি না। আমরা ব্যাক স্টেজ সামলাই, কাঠের কাজ করি, মেক আপ করি। সব মিলিয়ে গড়ে ওঠার একটা ব্যাপার থাকে এখানে। থিয়েটার করা মানে সে সার্বিকভাবে একজন উন্নত এবং শিক্ষিত মানুষ। সেই জায়গা থেকে একটা অতিরিক্ত সম্মান আমরা পাই। তাই বলা হয় থিয়েটার করে এসেছে মানে ভালো কাজ পারে।
ইটিভি ভারত: কমফর্ট বেশি কোথায় পান?
শাওলি: বলা মুশকিল। প্রত্যেকটা জায়গাই আরামের। সেভাবে নিজেকে তৈরি করতে হবে যেখানেই ফেলে দেওয়া হোক সেখানে নিজেকে ঠিকমতো উপস্থাপন করতে পারবে।
ইটিভি ভারত: সিনেমা তুলনায় কম পাচ্ছেন বলে মনে হচ্ছে?
শাওলি: আমি জানি না। সুযোগ এলে তো করবই। সুরিন্দর ফিল্মস-এর 'স্বার্থপর' করলাম কদিন আগে। রিলিজ করবে এর মধ্যেই। খুব ভালো চরিত্র। আগামী সিনেমার কাজ বলতে ওটাই আছে।

ইটিভি ভারত: বাংলার অভিনেতাদের মধ্যে মুম্বইতে পা রাখার প্রবণতা দেখা যাচ্ছে। আপনার ইচ্ছা আছে?
শাওলি: কিছু হিন্দি বিজ্ঞাপণের প্রস্তাব আসে। প্রত্যেকটাতেই অডিশন দিতে হয়। আমি প্রত্যেকটাতেই অডিশন দিই। কিন্তু সেগুলো শুধু বিজ্ঞাপণই। অফার কোনও ছবির জন্য আসেনি। আমিও চেষ্টা করিনি। কারণ আমি বাংলাতেই সবথেকে বেশি কমফোর্টেবল। হিন্দি থিয়েটার করেছি।
ইটিভি ভারত: পরিচালনা করতে ইচ্ছা করে না?
শাওলি: না না। আমি দুটো নাটকে ডিরেকশন দিয়েছি। কিন্তু সিনেমায় দেওয়ার ইচ্ছা নেই। আমি ডিরেক্টরদের নির্দেশেই কাজ করতে চাই।

ইটিভি ভারত: আর রাজনীতিতে আসার ইচ্ছা ...?
শাওলি: রাজনীতিতে আমরা সবাই আছি। প্রত্যক্ষ বা পরোক্ষ দুভাবেই আছি। রাজনীতি ছাড়া তো কিছু হয় না। সেভাবেই থাকতে পছন্দ করছি। ওভাবে কোনও দলের সঙ্গে সরাসরি যুক্ত থাকার ইচ্ছা আমার নেই। নিত্যদিনের বিভিন্ন কাজকর্মের মধ্যে যে রাজনীতি জড়িয়ে আছে তা নিয়েই থাকতে চাই।
ইটিভি ভারত: কাজের জায়গায় কোনও ক্ষোভ?
শাওলি: সে তো থাকেই। তা সে কম বছর হোক বা বেশি বছর কাজ করি না কেন। অন্যায় মনে হলে প্রতিবাদ করি। না হলে করি না ৷
ইটিভি ভারত: কার পরিচালনায় কাজ করতে চান?
শাওলি: কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় কাজ করতে চাই। এ ছাড়া অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ দা'র নির্দেশনায় আমি নাটকে অভিনয় করেছি। কিন্তু সিনেমাতে বা সিরিজে করা হয়নি।

