ETV Bharat / entertainment

ইন্ডাস্ট্রিতে 'ম্যাডাম সেনগুপ্ত'র গডফাদার কে ? ফাদার্স ডে'তে ফাঁস সেই সত্য

4 জুলাই মুক্তি পাবে 'ম্যাডাম সেনগুপ্ত' ৷ তার আগে ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ কথায় কথায় সামনে এল নানা আজানা তথ্য ৷

Rituparna Sengupta
ইটিভি ভারতের মুখোমুখি ঋতুপর্ণা সেনগুপ্ত (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 15, 2025 at 6:25 PM IST

|

Updated : June 15, 2025 at 7:15 PM IST

5 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 15 জুন: শিল্পচর্চা ও প্রতিহিংসার সংমিশ্রণে এক কাব্যিক, সামাজিক ও আবেগঘন থ্রিলার বানিয়েছেন সায়ন্তন ঘোষাল । নাম 'ম্যাডাম সেনগুপ্ত' । নন্দী মুভিজের পরবর্তী এই নিবেদন শিল্প, রহস্য ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের সংমিশ্রণে তৈরি এক শক্তিশালী সিনেম্যাটিক জার্নি ।

গল্পটা এরকম, প্রখ্যাত কার্টুনিস্ট অণুরেখা সেনগুপ্ত তার মেয়ের আকস্মিক মৃত্যুর রহস্য উদঘাটনে মরিয়া হয়ে উঠেছে । অথচ সে এক সময়ে ছিলেন অত্যন্ত ছাপোষা, ঘরোয়া, নিপাট এক গৃহবধূ । পরিস্থিতি তাকে আজ করে তুলেছে সত্যসন্ধানী, রহস্যসন্ধানী । কিন্তু অন্য কারওর জীবনের রহস্য উদঘাটন করা তার লক্ষ্য নয় । পেশাদার গোয়েন্দা নয় তো সে । লক্ষ্য একটাই, নিজের মেয়ের খুনিকে শনাক্ত করা ও শাস্তি দেওয়া । এরকমই চরিত্রে এই ছবিতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে । তাঁর সঙ্গে সিনেমা নিয়ে আড্ডায় উঠে এল আরও নানা দিক ।

ফাদার্স ডে'তে একান্ত সাক্ষাৎকারে ঋতুপর্ণা সেনগুপ্ত (ইটিভি ভারত)

ইটিভি ভারত: ছবির 'ম্যাডাম সেনগুপ্ত' কেমন?

ঋতুপর্ণা: নানারকমকভাবে আমাকে পাওয়া যাবে । সেটাই মজা এই ছবিটার । একটা সময়ে একদমই সহজ সরল একজন মহিলা । যার বাচ্চাকে সে বড় করছে অনেক প্রতিকূলতার মধ্যে ৷ একসময় তার জীবনে পরিবর্তন হয় । সে কার্টুনিস্ট হয়ে যায় । সেই জায়গা থেকে সে একটু একটু করে ডিটেকটিভ হয়ে যায় । টিপিক্যাল ডিটেকটিভ না হলেও অনুসন্ধান করার ইচ্ছা জেগে ওঠে, যেখানে তার ইমোশন জড়িয়ে আছে । মেয়ের খুনির সন্ধান করে সে ৷

Rituparna Sengupta
খুব শীঘ্র আসছে 'ম্যাডাম সেনগুপ্ত' (নিজস্ব ছবি)

ইটিভি ভারত: 'আবোল তাবোল' কীভাবে জড়িয়ে আছে ছবিতে?

ঋতুপর্ণা: আবোল তাবোল নিয়ে সারা ছবিতে কথা হচ্ছে । সারা ছবিতে আবোল তাবোলের বেশ কিছু চরিত্র আছে । যারা এই সিনেমার একটা জায়গায় ঘুরে ফিরে আসতে থাকে । আবোল তাবোল যে কোথাও গিয়ে মানুষের মনে আজও বিরাজমান, আবোল তাবোলের প্রভাব যে কতটা সেটা এই ছবিতে দেখা যায় । একটা জেনারেশন তো আবোল তাবোল দেখেনি বা পড়েনি । তাদের কাছে নতুন ফরম্যাটে আবোল তাবোল আসছে । খুব ইন্টারেস্টিং ব্যাপারটা ।

Rituparna Sengupta
ঋতুপর্ণা সেনগুপ্ত (নিজস্ব ছবি)

এই ছবির কাস্টিং খুব ভালো । আমি আর রাহুল বোস অনেক বছর পর ফিরে আসছি, সেই 'অনুরণন'-এর পর । এই ছবির জন্য আমিই ওকে বলেছিলাম । রাহুল রাজি হয়। সুব্রত দত্তর মতো শক্তিশালী অভিনেতা আছে, অনন্যা চট্টোপাধ্যায়, কৌশিক সেন, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো দাপুটে অভিনেতারা আছেন । তাছাড়া বেশ কিছু নতুন মুখও আছে ছবিটাতে । সায়ন্তন খুব স্মার্ট ডিরেক্টর । ওর টিমটাও দারুণ ভালো । ভালো কাজ হয়েছে ।

Rituparna Sengupta
নানান মুডে ঋতুপর্ণা সেনগুপ্ত (নিজস্ব ছবি)

ইটিভি ভারত: এত বছরের অভিনয় জার্নি । আর কোনও চরিত্রের জন্য কি আজও অপেক্ষা করেন?

ঋতুপর্ণা: অনেক চরিত্রই আছে যেগুলো এখনও করিনি বা ছুঁয়ে দেখতে পারিনি । বারবার আমার গওহরজানের চরিত্রটা করতে ইচ্ছা করে । কিংবা কোনও ডান্সারকে নিয়ে কোনও চরিত্র করতে খুব ইচ্ছা করে । আসলে এমন কারওর চরিত্র করতে চাই যাঁর একটা লেগাসি আছে । একটা কথা এই প্রসঙ্গে বলব, 'পুরাতন' মানুষ খুব দেখছে । আমার আরও ছবি আসছে, যেমন ইন্দ্রাশিস আচার্যর পরিচালনায় ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে 'গুডবাই মাউন্টেইন' । সফট রোম্যান্টিক ছবি । একটা হিন্দি ছবিও আসছে, 'ইত্তর' । হিন্দি সিরিজও আসছে ।

Rituparna Sengupta
সাক্ষাৎকারের মাঝে নিজেকে সাজিয়ে নিতে ব্যস্ত অভিনেত্রী (নিজস্ব ছবি)

ইটিভি ভারত: ওয়েবে ডেবিউটা বাংলায় হল না কেন?

ঋতুপর্ণা: বাংলায় সিরিজের জন্য অনেকে বলেছিল । কিন্তু আমি এক্ষুণি বাংলা সিরিজের জন্য রেডি নই । আরও ছবি করতে চাই । হিন্দি সিরিজটাতে দেখবে বটে ৷ তবে আপাতত এটা একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স করছি আমি । পরে হয়ত বড় কিছু আসবে ।

Rituparna Sengupta
আবার সিনেমা হলে রিলিজ করল 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' (নিজস্ব ছবি)

ইটিভি ভারত: সম্প্রতি ফের সিনেমা হলে রিলিজ করল 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' । আপনার অভিনীত আর কোন কোন ছবি পুনরায় রিলিজ হলে ভালো হয়?

ঋতুপর্ণা: ছবিটা সেদিন আবার দেখতে দেখতে ভাবছিলাম কত কিছু নতুন ছিল । টোট্যালি একটা প্যান ইন্ডিয়া ফিল্ম 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' । আরও একবার এলে ভালো হয় প্রভাত রায়ের 'তুমি এলে তাই', 'খেলাঘর', ঋতুপর্ণ ঘোষের 'উৎসব', 'দহন', অপর্ণা সেনের 'পারমিতার একদিন' । এরকম আরও অনেক ছবিই আছে, যা আবার আসুক । যারা দেখেনি তারা দেখুক ।

Rituparna Sengupta
হিন্দি সিরিজে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে (নিজস্ব ছবি)

ইটিভি ভারত: ইন্ডাস্ট্রিতে 'গডফাদার' ছিল কোনওদিন কেউ?

ঋতুপর্ণা: গডফাদার কখনওই ছিল না, এখনও নেই । তবে বেশ কয়েকজন অভিভাবকের মতো পরিচালককে পেয়েছি । পার্থ ঘোষ আমাকে প্রথম হিন্দি ছবিতে সুযোগ করে দেন, 'তিসরা কওন' ছবিতে । অনেক বড় বড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছি ছবিটাতে । এরপর 'রহমত আলি', 'সিঁদুর খেলা' করেছি ওঁর পরিচালনায় । এরকমই একজন অভিভাবক আমার প্রভাত দা । আমাকে 'শ্বেত পাথরের থালা'তে সুযোগ দেন । তারপর থেকেই অনেক কাজের সুযোগ পেয়েছি আমি ৷ দুলাল লাহিড়ী, দীপঙ্কর দে, স্বপন সাহা, রাজা সেন, ঋতুপর্ণ ঘোষ আমাকে অভিভাবকের মতো এগিয়ে দিয়েছেন ।

Rituparna Sengupta
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (নিজস্ব ছবি)

ইটিভি ভারত: আজ ফাদার্স ডে ।...

ঋতুপর্ণা: বাবা অনেকদিন আগেই ছেড়ে চলে গিয়েছে । মাও চলে গেল কদিন আগে । প্রত্যেকদিনই বাবা-মায়ের কথা মনে পড়ে । কতজনই তো চলে গেল এরকম আপন । সঞ্জয়কে বলেছি কিছুক্ষণের জন্য হলেও আজ মেয়ের কাছে আসতে । ছেলে তো বস্টনে আছে । মেয়ে গরমের ছুটিতে আমার সঙ্গে কলকাতাতে এসেছে । তাই সঞ্জয়কে বলেছি যেন আসে কলকাতায় । এসে একটু সময় যেন কাটিয়ে যায় মেয়ের সঙ্গে ।

Last Updated : June 15, 2025 at 7:15 PM IST