Exclusive: জাতীয় পুরস্কার পেল বাংলা ছবি 'ডিপ ফ্রিজ', কী বললেন কলাকুশলীরা ?
'ডিপ ফ্রিজ' তারকাদের গলায় উচ্ছ্বাস ৷ অর্জুন, তনুশ্রী কী বললেন ইটিভি ভারতকে ?

By ETV Bharat Entertainment Team
Published : August 1, 2025 at 7:23 PM IST
কলকাতা, 1 অগস্ট: 71তম জাতীয় পুরস্কার (71st National Awards) জিতে নিল অর্জুন দত্ত পরিচালিত বাংলা ছবি 'ডিপ ফ্রিজ' (Deep Fridge) ৷ উচ্ছ্বসিত পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রীরা ৷
পরিচালক অর্জুন দত্ত (Arjunn Dutta) ইটিভি ভারতকে বলেন, "আমি বিশ্বাসই করতে পারছি না ৷ আমি আপ্লুত ৷ 2023-এই আমি মাকে হারাই। মাকে দেখাতে পারিনি ছবিটা। আমার দৃঢ় বিশ্বাস আমার মা-ই উপর থেকে কলকাঠি নেড়েছে। নাহলে এটা হত না। আমি আমার গোটা টিমকে এর জন্য সাধুবাদ জানাই। এটা একটা টিম ওয়ার্ক। সবার পরিশ্রমের ফসল।"
তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty) ইটিভি ভারতে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, "প্রথম ফোনটা আবির করে আমাকে। এরপর অর্জুন। এর থেকে খুশির কিছু হতে পারে? আবির, অর্জুন আর আমাকে যে ওয়ার্কশপ করিয়েছে বেণী মানে দামিনী বেণী বসু, এঁরা না থাকলে এই সাফল্য আসত না। আর গোটা প্রোডাকশন টিমকে আমি সাধুবাদ জানাই। আমি আজ খুব খুশি ৷ অনেক পরিশ্রম ছিল সবার। খুব স্পেশাল ছিল এই কাজটা আমার কাছে। এবার সবার জন্য মুক্তির অপেক্ষায় 'ডিপ ফ্রিজ'।"
অনুরাধা মুখোপাধ্যায়কে (Anuradha Mukherjee) দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী রঞ্জার ভূমিকায়। ইটিভি ভারত যোগাযোগ করে তাঁর সঙ্গেও। তিনি হেসেই লুটোপুটি। বলেন, "আমি কিছুই বলতে পারছি না। শোনার পর থেকে হেসেই চলেছি। আজ রান্না করেছিলাম রাতের। আরেকটু আগে জানলে রান্না করতাম না। বাইরে থেকে খাবার এনে খেতাম। আর সেটাই করব। নিজের রান্না থাক।" সিনেমায় আবির-তনুশ্রী-অনুরাধা ছাড়াও অভিনয় করেছেন দেবযানী চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, কৌশিক চট্টোপাধ্যায়, শোয়েব কবির, আর্য দাশগুপ্ত প্রমুখ।
ডিপ ফ্রিজ'-ছবির গল্প মূলত আবর্তিত হয়েছে প্রাক্তন স্বামী-স্ত্রীর বিবাহবিচ্ছেদ পরবর্তী সময়ের অভিজ্ঞতাকে কেন্দ্র করে ৷ নতুন সম্পর্কের ভিড়ে কি পুরোনো সম্পর্কের বুনন শিথিল হয়ে পড়ে? নাকি মনের মধ্যেকার টান রয়ে যায় চিরকাল? কোন উপসংহারে পৌঁছবে হিম শীতল হয়ে আসা এই সম্পর্কের গল্প? তাই শোনান অর্জুন দত্তের ছবি 'ডিপ ফ্রিজ'।
ছবির গল্প ও পরিচালনা দুটি দায়িত্বই সামলেছেন অর্জুন দত্ত। চিত্রনাট্য লিখেছেন অর্জুন দত্ত, আশীর্বাদ মৈত্র। সংলাপ লিখেছেন অর্জুন দত্ত, আশীর্বাদ মৈত্র এবং আত্মদীপ ভট্টাচার্য। সঙ্গীত পরিচালনা, গীতিকার এবং ব্যাকগ্রাউন্ড স্কোর সবই সৌম্য ঋতের। কৃষ্ণা কয়ালের নিবেদনে কালার্স অফ ড্রিম এন্টারটেনমেন্টের ব্যানারে একাধিক চলচ্চিত্র উৎসবে মন জয় করে নিয়েছে 'ড্রিপ ফ্রিজ'।

