বুধ থেকেই 104 শতাংশ শুল্ক দিতে হবে চিনকে ! জানাল হোয়াইট হাউস
কার্যকর হল চিনা পণ্যের উপর 104 শতাংশ ধার্য করা শুল্ক ৷ যার জেরে ধস একাধিক শেয়ার বাজারে ৷ কী বলছে বেজিং ?

Published : April 9, 2025 at 11:54 AM IST
ব্যাঙ্কক, 9 এপ্রিল: তুঙ্গে মার্কিন শুল্ক যুদ্ধ ৷ ধার্য করার এক সপ্তাহের মধ্যে চিনা পণ্যের উপর 104 শতাংশ রফতানি শুল্ক কার্যকর করল মার্কিন প্রশাসন ৷ বুধবার থেকেই কার্যকর হচ্ছে এই নয়া শুল্ক নীতি ৷ হোয়াইট হাউসের এই ঘোষণার পরই ধস নামল এশিয়ার শেয়ারে ৷ বুধবার প্রাথমিকভাবে প্রায় 4 শতাংশ হ্রাস পেয়েছে জাপানের শেয়ার বাজার নিক্কেই 255-তে ৷ ধস নেমেছে দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার শেয়ার বাজারেও ৷
বিভিন্ন দেশের পণ্যের উপর গত 2 এপ্রিল নতুন শুল্ক নীতি আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ 9 এপ্রিল থেকে বর্ধিত এই শুল্ক কার্যকর হয়ে যাবে বলে জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটরি ক্যারোলিন লেভিট ৷ তাঁর এই ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয় ৷ শুল্ক যুদ্ধের জল কতদূর নিয়ে যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প, তা কেউ বুঝে উঠতে পারছেন না ৷ ফলে, আর্থিক মন্দার আশঙ্কায় ভুগছেন বিনিয়োগকারীরা ৷

মঙ্গলবার এক ঝটকায় 1.6 শতাংশ নেমে যায় S&P 500-এর শেয়ার ৷ হোয়াইট হাউসের বক্তব্যের পর শেয়ার সূচকে 0.8 শতাংশ নেমেছে ডো জোনস্ ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ এবং 2.1 শতাংশ নেমে যায় নাসদাকের শেয়ারও ৷ এর ফলে, বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা । এই আবহে ভারসাম্যতা আনার জন্য ঠিক কী করা উচিৎ, তা বুঝে উঠতে পারছেন না বিনিয়োগকারীরা ৷
তবে, এই টালমাটাল অবস্থা থেকে এখনই রেহাই মিলবে না বলে মনে করছে আন্তর্জাতিক অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল ৷ তাদের দাবি, আমদানি পণ্যের উপর ট্রাম্পের বর্ধিত শুল্কের মেয়াদ কতদিন, তা কেউ জানেন না ৷ তবে, এই নীতির জন্য আমেরিকার অর্থনীতি মন্থর গতিতে চলছে ৷ আর দীর্ঘদিন ধরে এই রকম চলতে থাকলে মন্দার মুখ দেখতে হবে অর্থনীতিবিদ ও বিনিয়োগকারীদের ৷
অন্যদিকে, মার্কিন শুল্ক নীতির তীব্র প্রতিবাদ জানিয়ে চিন স্পষ্ট জানিয়েছে, সমস্যার সমাধানের জন্য এর বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করবে তারা ৷ ট্রাম্প আরও শুল্ক চাপালে পাল্টা দেওয়া হবে বলেও জানানো হয়েছে ৷
প্রসঙ্গত, সম্প্রতি বড় ধস নামে ওয়াল স্ট্রিটে ৷ প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির পর ফের মন্দার মুখোমুখি হতে পারে মার্কিন অর্থনীতি বলে দাবি কূটনৈতিক মহলের । সারা বিশ্বে মন্দার সম্ভাবনা 60 শতাংশ । ট্রাম্পের শুল্কনীতির ফলে ধাক্কা খাচ্ছে সারা বিশ্বের বাণিজ্য । বুধবার থেকে উচ্চহার শুল্ক আরোপ হওয়ার পর অর্থনৈতিক অনিশ্চয়তার এক নতুন যুগের সূচনা হবে ৷

