1947 সালে 10 গ্রামের দাম ছিল 88 টাকা, শেষ 25 বছরে 2251% বেড়েছে সোনার দর
25 বছর আগে 24 ক্যারেট বিশুদ্ধতার 10 গ্রাম সোনার দাম ছিল মাত্র 4,400 টাকা ৷ গত 25 বছরে সোনার দাম প্রায় 2251% বেড়ে গিয়েছে ৷

Published : June 3, 2025 at 2:45 PM IST
হায়দরাবাদ, 3 জুন: সোনাকে 'সঙ্কটের সঙ্গী' বলা হয়। অর্থনৈতিক সঙ্কটের সময় সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সোনা কেনা শুরু করে। এবারও আর্থিক সঙ্কটের মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তেমনই করছে ভারতীয় রিটার্ভ ব্যাঙ্কও। ইরাক-হামাসের যুদ্ধ, রাশিয়া-ইক্রেনের যুদ্ধ বা ভারত-পাকিস্তানের মধ্যে চলা রাজনৈতিক ও কূটনৈতিক স্তরে বাড়তে থাকা অস্থিরতার জেরে বাড়ছে সোনার দাম।
অনেকেই হয়তো জানলে অবাক হতে পারেন যে, ভারতে একটা সময় 10 গ্রাম সোনার দাম ছিল মাত্র 88 টাকা। আজ সোনার দাম 99 হাজার টাকা ছাড়িয়েছে। ইন্ডিয়ান পোস্ট গোল্ড কয়েন সার্ভিসেসের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভারতের স্বাধীনতার সময় (1947-1948 সাল নাগাদ) 10 গ্রাম সোনার দাম ছিল 88 টাকা 62 পয়সা। তার পর থেকে নানা কারণে ক্রমাগত বেড়েছে সোনার দাম।

সাম্প্রতিককালে বিশ্ববাজারে অর্থনৈতিক মন্দার আশঙ্কায় সোনার দামে ব্যাপক অস্থিরতা দেখা যাচ্ছে ৷ পরিসংখ্যান বলছে, গত 25 বছরে সোনার দাম প্রায় 2251 শতাংশেরও বেশি বেড়ে গিয়েছে ৷
ফোর্বস ইন্ডিয়া-র একটি প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, 2000 সালে অর্থাৎ আজ থেকে 25 বছর আগে 24 ক্যারেট বিশুদ্ধতার 10 গ্রাম সোনার দাম ছিল মাত্র 4,400 টাকা ৷ মঙ্গলবার, 3 জুনের মধ্যাহ্ন পর্যন্ত 24 ক্যারেট সোনার 10 গ্রামের দর 99,060 টাকা ৷ অর্থাৎ, হিসাব করলে দেখা যাচ্ছে এই 25 বছরে ভারতে সোনার দর 2251.36 শতাংশ বেড়ে গিয়েছে ৷ বিশ্বের একাধিক জায়গায় ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে ক্রমাগত বেড়ে চলেছে সোনার দর ৷

অপারেশন সিঁদুরের পর সোনার দাম 2,000 টাকারও বেশি কমেছে। বিশেষজ্ঞদের অনুমান, আগামী দিনে সোনা 80 থেকে 85 হাজার টাকার স্তরে নামতে পারে। আগামী 6 জুন রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি সভা অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে যে, এবার দেশের অর্থনীতিকে মন্দার বিপর্যয় থেকে রক্ষা করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ফের কমাতে পারে। এই পরিস্থিতিতে এর প্রভাব সোনার দামের উপর পড়তে পারে। ফলে 6 জুনের পর থেকে আরও কমতে পারে সোনার দাম।

ইকোনমিক্স টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ইক্যুইটি বিশেষজ্ঞ (আমেরিকান মর্নিংস্টারের বিশ্লেষক) জন মিলস ভবিষ্যদ্বাণী করেছেন সোনার দাম প্রতি আউন্সে 3,080 ডলার থেকে কমে 1820 ডলারে নেমে আসতে পারে। মর্নিংস্টারের বিশ্লেষক ভবিষ্যদ্বাণী করেছেন যে, আগামী দিনে সোনার দাম 38 শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
মিলস দাবি করেছেন যে, আগামী বছরগুলিতে সোনার দাম প্রতি আউন্সে 3,080 ডলার থেকে কমে 1820 ডলারে নেমে আসতে পারে। তার মানে, ভারতে সোনার দাম প্রতি 10 গ্রামে 55,000-56,000 টাকায় নেমে আসতে পারে। অর্থাৎ, এই ভবিষ্যৎবাণী সত্যি হলে সেই সময় ভারতে সোনার দর প্রতি 10 গ্রামে 55-56 হাজার টাকায় নেমে আসতে পারে। তবে অনেক বিশেষজ্ঞই জন মিলসের এই ভবিষ্যদ্বাণীর সঙ্গে একমত নন। তাঁদের মতে, আগামী দিনে সোনার দর আরও বাড়তে পারে এবং তা প্রতি 10 গ্রামে 1.25 লাখের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে৷
সোনার গয়না ব্যাঙ্কে রেখে পাবেন মোটা টাকা সুদ! রয়েছে এমনই কেন্দ্রীয় সরকারি স্কিম

