ধনখড়ের উত্তরসূরি কে ? উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোট পড়ল 98%
দেশের 17তম উপ-রাষ্ট্রপতি কে হবেন তা জানা কেবল সময়ের অপেক্ষা ৷ মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু হয়েছে নির্বাচন ৷ সন্ধ্যায় ফলপ্রকাশ ৷

Published : September 9, 2025 at 11:37 AM IST
|Updated : September 9, 2025 at 6:48 PM IST
নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোট পড়ল 98 শতাংশ ৷ মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু হয় ভোটগ্রহণ ৷ ভোটদান প্রক্রিয়া শেষ হয় বিকেল 5টায় ৷ তাতে দেখা যায় প্রায় 98 শতাংশ ভোট পড়েছে ৷
এদিন সবার প্রথম ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভোট দেওয়ার জন্য এদিন সকাল 10টার আগেই সংসদভবনে পৌঁছে যান তিনি ৷ নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, দুপুর 3টে পর্যন্ত ভোট পড়েছিল 96 শতাংশ ৷ শেষ দু'ঘণ্টায় আরও 2 শতাংশ ভোট পড়ল ৷ ভোট শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে গণনা ৷
উপ-রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন এনডিএ সমর্থিত প্রার্থী তথা মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন এবং বিরোধী জোট ইন্ডিয়া সমর্থিত প্রার্থী তথা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি । দুই প্রার্থীর জয়ী হবেন দেশের 17তম উপ-রাষ্ট্রপতি ।

মেয়াদ শেষ হওয়ার আগেই সংসদে বাদল অধিবেশন চলাকালীন শারীরিক অসুস্থতার কারণে উপ-রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড় ৷ ফলে, শূন্য হয়ে পড়ে এই পদটি ৷ সংবিধান অনুযায়ী, দ্রুত পদটি পূরণ করার জন্য আজকের দিনটিকে বেছে নেয় নির্বাচন কমিশন ৷ এদিন, প্রধানমন্ত্রীর ভোটদানের পরই একে একে ভোট দিতে দেখা যায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, হিমাচলের মান্ডির সাংসদ কঙ্গনা রানাওয়াত, অর্জুন রাম মেঘওয়াল, কিরেণ রিজিজু, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, এসপি নেতা রাম গোপাল যাদব-সহ বাকি সাংসদদের ৷

ভোটদানের সময় ও নিয়ম
মঙ্গলবার বিকেল 5টার সময় শেষ হবে ভোটদান প্রক্রিয়া ৷ গণনা শুরু হবে সন্ধ্যা 6টা থেকে ৷ তারপরই জানা যাবে জগদীপ ধনখড়ের উত্তরসূরির নাম ৷ বাকি নির্বাচনের মতো এই ভোটে সাংসদদের কোনওভাবে প্রভাবিত করতে পারে না তাঁদের দল ৷ গোপন ব্যালট পেপারে একটি বিশেষ ধরনের পেনের সাহায্যে নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা ৷
সাংসদদের হাতে দুই প্রার্থীর নাম লেখা ব্যালট পেপার তুলে দেওয়া হয় ৷ পছন্দের প্রার্থীর নামের পাশে তাঁদের সংখ্যায় '1' লিখতে হবে ৷

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে সংখ্য়ার খেলা
নির্বাচনের জন্য সংসদের উভয় কক্ষের সাংসদদের নিয়ে একটি নির্বাচকমণ্ডলী বা ইলেক্টরাল কলেজ তৈরি করা হয় ৷ এই নির্বাচকমণ্ডলীর মধ্যে রয়েছেন রাজ্যসভার 245 জন সাংসদ এবং 543 জন লোকসভার সাংসদ ৷ সেই সঙ্গে রাজ্যসভার 12 জন মনোনীত সাংসদও রয়েছেন এই নির্বাচকমণ্ডলীর মধ্যে ৷
এই মুহূর্তে ইলেক্টরাল কলেজে 781 জন সাংসদ রয়েছেন ৷ কারণ, রাজ্যসভায় 6টি এবং লোকসভায় একটি আসন খালি রয়েছে ৷ এই সংখ্যার বিচারে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ম্য়াজিক ফিগার হল 391 জন ৷ খাতায় কলমে এনডিএ-এর 426 জন সাংসদ এবং বিরোধী শিবিরের 324 জন সাংসদ রয়েছেন ৷ ওয়াইএস জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের 11 জন সাংসদ এনডিএ-কে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন ৷ সেক্ষেত্রে এনডিএ-এর সংখ্য়া বেড়ে দাঁড়াবে 437 জন, যা ম্যাজিক ফিগারের থেকে অনেক বেশি ৷

ভোট দেবে না কোন কোন দল ?
উপ-রাষ্ট্রপতি নির্বাচন শুরুর কয়েকঘণ্টা আগে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত ঘোষণা করে ওড়িশার প্রধান বিরোধী দল বিজু জনতা দল (বিজেডি) এবং তেলেঙ্গানার বিআরএস ৷ পঞ্জাবে বন্যার কারণে ভোট দেবেন না বলে জানিয়ে দিয়েছেন শিরোমনি অকালি দল (এসএডি)-এর একমাত্র সাংসদ হারসিমরত কউর বাদাল ৷

