আচমকা বুকে ব্যথা ! AIIMS-এ ভর্তি উপরাষ্ট্রপতি ধনখড়
73 বছর বয়সি ধনখড়ের আচমকাই বুকে ব্যথা শুরু হয় ৷ সেই সঙ্গে তাঁর অসহ্য অস্বস্তিও বলে জানা গিয়েছে।

By ANI
Published : March 9, 2025 at 10:51 AM IST
নয়াদিল্লি, 9 মার্চ: হাসপাতালে ভর্তি হয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ৷ জানা গিয়েছে, রবিবার সকালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস)-এর কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়েছে তাঁকে ৷ 73 বছর বয়সি ধনখড়ের আচমকাই বুকে ব্যথা শুরু হয় ৷ সেই সঙ্গে তাঁর অসহ্য অস্বস্তিও বলে জানা গিয়েছে। এরপরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সূত্রের খবর, উপরাষ্ট্রপতির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
জানা গিয়েছে, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে রাত 2টো নাগাদ AIIMS-এ নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে চিকিৎসকরা জানিয়েছেন যে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে, তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে। AIIMS-এর কার্ডিওলজি বিভাগের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ রাজীব নারাং জানান, উপরাষ্ট্রপতিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এর আগে জগদীপ ধনখড়কে 2021 সালেও স্বাস্থ্যের অবনতির কারণে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 2021 সালে, 25 অক্টোবর, তাঁর ম্যালেরিয়া হয়েছিল ৷ সেই সময় ধনখড় পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বে ছিলেন।
জগদীপ ধনখড় ভারতের 14তম উপরাষ্ট্রপতি। এর আগে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। ধনখড় 1989 সালে তার রাজনৈতিক যাত্রা শুরু করেন। ঝুনঝুনু লোকসভা আসন থেকে নির্বাচনে জয়লাভ করে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। 1990 সালে তিনি সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তিনি 1993 সালে রাজস্থান বিধানসভা নির্বাচনে আজমের জেলার কিষাণগড় আসন থেকে জয়ী হন। তারপর তিনি পিভি নরসিংহের আমলে কংগ্রেসে যোগ দেন ৷ কিন্তু, পরে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন।
(এএনআই)

