প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দন, শেষ প্রতিষ্ঠাতা-সদস্যকে হারাল সিপিএম
1964 সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টি ভেঙে সিপিএম তৈরি হয়েছিল ৷ দলের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন ভিএস ৷

Published : July 21, 2025 at 4:46 PM IST
|Updated : July 21, 2025 at 4:56 PM IST
তিরুঅনন্তপুরম, 21 জুলাই: প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের প্রতিষ্ঠাতা সদস্য ভিএস অচ্যুতানন্দন ৷ বয়স হয়েছিল 101 বছর ৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই প্রবীণ বামনেতা ৷ তিরুঅনন্তপুরমের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল ৷ সেখানেই সোমবার দুপুর 3টে 20 মিনিট নাগাদ মৃত্যু হয় এই প্রবীণ নেতার ৷ তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে আরও অনেকে ৷ সিপিএমের কেন্দ্রীয় কমিটির তরফেও শোকবার্তা জারি করা হয়েছে ৷
1964 সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টি ভেঙে সিপিএম তৈরি হয়েছিল ৷ অবিভক্ত কমিউনিস্ট পার্টির ন্যাশনাল কাউন্সিল থেকে মোট 32 জন সদস্য পদত্যাগ করে বেরিয়ে এসে সিপিএম তৈরি করেন ৷ এঁদের মধ্যে 9 জনকে নিয়ে তৈরি হয় দলের প্রথম পলিটব্যুরো ৷ এঁদের একত্রে নবরত্ন বা নাইন জেমস বলা হত ৷ এই নবরত্নের অন্যতম ছিলেন ভিএস ৷ এর আগে বাকি আটজনই প্রয়াত হয়েছিলেন ৷ এবার না ফেরার দেশে চলে গেলেন দেশের এই প্রবীণ বামনেতা ৷
Saddened by the passing of former Kerala CM Shri VS Achuthanandan Ji. He devoted many years of his life to public service and Kerala's progress. I recall our interactions when we both served as Chief Ministers of our respective states. My thoughts are with his family and… pic.twitter.com/hHBeC4LEKf
— Narendra Modi (@narendramodi) July 21, 2025
1923 সালের 20 অক্টোবর কেরলের আলেপ্পিতে তাঁর জন্ম। সিপিএমের সংগঠনের পাশাপাশি সংসদীয় রাজনীতিতে ভিএস অচ্যুতানন্দনের অবদান মনে রাখার মতো ৷ বিধায়ক হিসাবে তিনি কেরল বিধানসভায় ছিলেন 34 বছর 7 মাস 21 দিন। ভগবানের আপন দেশ এতদিন কেউ বিধায়ক থাকেননি ৷ 2006 থেকে 2011 পর্যন্ত কেরলের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা অচ্যুতানন্দন সব মিলিয়ে 14 বছর কেরল বিধানসভার বিরোধী দলনেতাও ছিলেন ৷
বাংলার বন্ধু অচ্যুতানন্দন !
বাংলার সিপিএম নেতাদের সঙ্গে তাঁর বরাবর সুসম্পর্ক ছিল ৷ বিশেষ করে জ্যোতি বসুর সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল সর্বজনবিদিত ৷ উল্লেখ্য প্রায় দু'দশকেরও বেশি সময় বাংলার মুখ্যমন্ত্রী থাকা জ্যোতি বসুও ছিলেন এই নবরত্নের অন্যতম ৷ এছাড়া পি সৌন্দর্য থেকে শুরু করে ইএমএস নাম্বুদিরিপাদ ও প্রমোদ দাশগুপ্তরাও ছিলেন এই তালিকায় ৷ বিভিন্ন সময়ে বাংলার বামনেতাদের পাশেও দাঁড়িয়েছেন তিনি ৷ 2016 সালে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার পথে হাঁটে সিপিএম ৷ সেই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছিলেম কেরলের একাধিক সিপিএম নেতা ৷ তবে তাঁদের থেকে সম্পূর্ণ বিপরীত অবস্থানে নিয়ে বাংলার নেতাদের পাশে দাঁড়ান ৷ শেষমেশ কংগ্রেসের সঙ্গে জোট হলেও রাজনৈতিকভাবে তেমন সুবিধা হয়নি সিপিএমের ৷
আরও একটি ব্যাপারে বঙ্গ সিপিএমের সঙ্গে কেরলের এই নেতার সখ্য প্রমাণিত হয় ৷ সালটা 2017 ৷ অধুনা প্রয়াত সিপিএমের আরেক দিকপাল নেতা সীতারাম ইয়েচুরির রাজ্যসভার মেয়াদ শেষ হয়েছে ৷ নিজের শক্তিতে তাঁকে আরেকবার সংসদের উচ্চকক্ষে পাঠানো সম্ভব নয় বুঝে কংগ্রেসকে পাশে চায় বামেরা ৷ সংখ্যার বিচারে কংগ্রেস তখন বাংলার প্রধান বিরোধী দল ৷ দলের প্রবীণ নেতা আব্দুল মান্নান বিধায়ক বিরোধী দলনেতা ৷ সমর্থনের সিদ্ধান্ত নেয় কংগ্রেস ৷ কিন্তু দলকে পাশে পাননি সীতারাম ৷ পলিটব্যুরোর বৈঠকে কেরল লবির ভোটে প্রস্তাব খারিজ হয়ে যায় ৷ কেন্দ্রীয় কমিটির বৈঠকের আগে আবারও বাংলার পাশে দাঁড়ান ভিএস ৷ তবে শেষমেশ রাজ্যসভায় যাওয়া হয়নি সীতারামের ৷

