ভারত-রাশিয়ার অর্থনীতি মৃত, খোঁচা ট্রাম্পের; BRICS যোগে চাপল 25% শুল্ক
ট্রাম্প ভারতের উপর 25 শতাংশ শুল্ক আরোপের পিছনে ব্রিকসকে (BRICS) অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। এই নিয়ে প্রতিক্রিয়া দিল নয়াদিল্লি।

Published : July 31, 2025 at 8:40 AM IST
নয়াদিল্লি, 31 জুলাই: বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 25 শতাংশ শুল্ক আরোপের পিছনে ব্রিকসকে (BRICS) অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রশ্নে ট্রাম্প বলেন, "আমরা এখনও আলোচনায় আছি। এর মধ্যে ব্রিকসের বিষয়টিও রয়েছে। এটি আমেরিকা বিরোধী দেশগুলির একটি দল এবং ভারত এর সদস্য। এটি ডলারের উপর আক্রমণ করতে চায় এবং আমরা কাউকে ডলারের উপর আঘাত হানতে দেব না।"
মার্কিন প্রেসিডেন্ট বলেন, "এর আংশিক কারণ ব্রিকস এবং আংশিকভাবে বাণিজ্য পরিস্থিতি। আমাদের বিশাল ঘাটতি রয়েছে। প্রধানমন্ত্রী মোদি আমার বন্ধু ৷ কিন্তু ব্যবসায়িক দিক থেকে তিনি আমাদের জন্য খুব বেশি কিছু করেন না। তাদের শুল্ক বিশ্বের সর্বোচ্চ। এখন ওরা (ভারত) শুল্ক অনেকটা কমাতে প্রস্তুত।"
বুধবার সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ভারত এবং রাশিয়া, দুই দেশের অর্থনীতিই মৃত। চাইলে এই দুই দেশ আরও অর্থনৈতিক অধোগতির পথে হাঁটতে পারে বলে কটাক্ষ করেছেন তিনি।
ট্রাম্প এর আগে বলেছিলেন যে, ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকার BRICS গ্রুপ ডলারের আধিপত্য শেষ করার চেষ্টা করতে চায়। তিনি হুমকি দিয়েছিলেন যে, যদি তারা এটা করে, তাহলে এই গ্রুপের সদস্য দেশগুলির উপর 10 শতাংশ শুল্ক আরোপ করা হবে।
বুধবার, ট্রাম্প 1 অগস্ট থেকে ভারতের উপর 25 শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেন। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যে, ভারত রাশিয়া থেকে অস্ত্র ও তেল কিনছে ৷ তাই তাদের উপর জরিমানাও আরোপ করা হবে। অন্য একটি পোস্টে ট্রাম্প বলেন যে, আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি অনেক বেশি ৷ তাই তারা ভারতীয় পণ্যের উপর শুল্ক আরোপ করছে।
ভারতীয় পণ্যের উপর ট্রাম্পের 25 শতাংশ শুল্ক চাপানো এবং রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের জন্য জরিমানা আরোপের পর এই নিয়ে প্রতিক্রিয়া দিল নয়াদিল্লি। বিবৃতি প্রকাশ করে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, মার্কিন শুল্কের কী প্রভাব পড়তে পারে, তা খতিয়ে দেখছে ভারত। দেশের স্বার্থ সুরক্ষিত রাখতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে।
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক ওই বিবৃতিতে জানিয়েছে, “দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন, তা সরকারের নজরে এসেছে। কেন্দ্র শুল্কের প্রভাব খতিয়ে দেখছে। একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং দু’দেশই উপকৃত হবে এমন একটি দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির জন্য গত কয়েক মাস ধরে ভারত-আমেরিকা আলোচনা চালাচ্ছে। আমরা সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।” বাণিজ্য মন্ত্রক তার বিবৃতিতে আরও জানিয়েছে যে, উদ্যোক্তা, কৃষক এবং কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে জড়িতদের স্বার্থরক্ষা এবং তাঁদের উন্নয়নকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

