প্রাক্তন আইএএসের বাড়ি থেকে উদ্ধার অপহৃত ট্রাক চালক ! তদন্তে পুলিশ
জাল পরিচয়ে আইএএস পরীক্ষা দিয়েছিলেন পূজা খেড়কর ৷ তাঁর বাড়ি থেকে উদ্ধার নিখোঁজ ট্রাক চালক ৷ তাঁর মায়ের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে পুলিশ ৷

By PTI
Published : September 15, 2025 at 8:52 PM IST
মুম্বই, 15 সেপ্টেম্বর: অপহরণ করা ট্রাক চালকের হদিশ মিলল প্রাক্তন আইএএস শিক্ষানবিশ পূজা খেড়করের বাড়ি থেকে ৷ পথ দুর্ঘটনার পর ট্রাকের চালককে জবরদস্তি এসইউভিতে তোলে কয়েকজন ৷ এরপর ওই ট্রাকচালকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ রবিবার পুনে পুলিশ পূজা খেড়করের বাড়ি থেকে ওই অপহৃত ট্রাকচালককে উদ্ধার করে ৷
সোমবার পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় পূজা খেড়করের মায়ের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুনের পুলিশ ৷ রবিবার ট্রাক চালকের সন্ধানে প্রাক্তন আইএএস শিক্ষানবিশের বাড়ি যায় পুলিশ ৷ তখন তাদের বাড়িতে ঢুকতে বাধা দেন পূজার মা ৷ পাশাপাশি ট্রাক চালককে অপহরণের ঘটনায় নবি মুম্বই পুলিশ সেই সময় এসইউভিতে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷ পূজা খেড়করের বিরুদ্ধে অভিযোগ, তিনি আইএএস পরীক্ষায় ওবিসির সংরক্ষণের আওতায় আসতে পরিচয় জাল করেছিলেন ৷
পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় অপহরণের ঘটনাটি ঘটে নবি মুম্বই ও মুম্বইয়ের সংযোগস্থলে মুলুন্দ-আইরোলি রোডে ৷ সেই সময় 22 বছর বয়সি প্রহ্লাদ কুমার ট্রাক চালাচ্ছিলেন ৷ ট্রাকের সঙ্গে এসইউভির সামান্য ধাক্কা লাগে ৷ তখন ট্রাক চালক ও এসইউভি-তে থাকা দু'জনের মধ্যে বচসা বাধে ৷ এর মধ্যে এসইউভির আরোহীরা জবরদস্তি কুমারকে ট্রাক থেকে বের করে তাদের গাড়িতে তুলে নেয় ৷ তারা জানায়, প্রহ্লাদকে থানায় নিয়ে যাওয়া হবে ৷
এদিকে ট্রাকের খোঁজ না পেয়ে ট্রাক মালিক স্থানীয় রাবালে থানায় বিএনএস-এর 137 (2) ধরায় দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন ৷ এরপর পুলিশ পুনেতে ওই এসইউভির সন্ধান পায় ৷ প্রযুক্তিগত প্রমাণের ভিত্তিতে নবি মুম্বই পুলিশ জানতে পারে, কুমারকে পুনেতে নিয়ে যাওয়া হয়েছে ৷ এরপর পুলিশের একটি দল সেখানে পৌঁছয় ৷ এক আধিকারিক বলেন, "আমরা ওই গাড়িটিতে চিহ্নিত করি ৷ গাড়িটি পূজা খেড়করের বাংলোতে ছিল এবং সেখান থেকে কুমারকে পাওয়া যায় ৷"
পুলিশের অভিযোগ, প্রাথমকিভাবে পূজার মা পুলিশকে বাড়িতে ঢুকতে বাধা দেন ৷ তাদের সঙ্গে বচসায় জড়ান ৷ যদিও পুলিশের দল তাঁদের বাংলোয় ঢুকে কুমারকে উদ্ধার করে এবং নবি মুম্বইয়ে ফিরিয়ে আনে ৷
পুনের ছাতুশরঙ্গি থানার সিনিয়র ইনস্পেক্টর উত্তম ভজনাওয়ালে বলেন, "রাবালে থানার এক দল ট্রাক চালক অপহরণ সংক্রান্ত একটি মামলার তদন্তে এসেছিল ৷ ওই চালককে পুনেতে খেড়করের বাংলো থেকে পাওয়া যায় ৷ পুলিশের দল বাংলোয় পৌঁছনোর পর তিনি (পূজার মা) কোনও সহযোগিতা করেননি ৷ পুলিশকে তদন্তে বাধা দিচ্ছিলেন বলে অভিযোগ ৷"
তিনি আরও জানান, রাস্তায় দুর্ঘটনার পর এসইউভিতে থাকা আরোহীরা জোর করে ট্রাক চালককে তাদের গাড়িতে তোলে এবং মনোরামার বাংলোতে নিয়ে যায় ৷ রাবালে থানার আধিকারিকের অভিযোগের ভিত্তিতে ছাতুশরঙ্গি থানায় মনোরমা খেড়করের বিরুদ্ধে বিএনএস-এর 221 নম্বর ধারায় (সরকারি কর্মচারীর কর্তব্যে বাধা দেওয়া) অভিযোগ দায়ের হয়েছে ৷ নবি মুম্বই পুলিশও তাঁকে থানায় হাজিরার নির্দেশ দিয়েছে ৷

