ছত্তিশগড়ের জঙ্গলে খতম মাওবাদী নেতা সুধাকর, মাথার দাম ছিল 40 লক্ষ
বাসবরাজুর পর ছত্তিশগড়ের জঙ্গলে যৌথবাহিনীর অভিযানে নিকেশ মাওবাদী কেন্দ্রীয় কমিটির নেতা সুধাকর। তার মাথার দাম ছিল 40 লক্ষ টাকা ৷

Published : June 5, 2025 at 7:33 PM IST
বিজাপুর, 5 জুন: বাসবরাজুর পর সুধাকর ! নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম আরও এক শীর্ষস্থানীয় মাওবাদী নেতা ৷ প্রশাসনের তরফে তার মাথার দাম ধার্য করা হয়েছিল 40 লক্ষ টাকা ৷
বৃহস্পতিবার ছত্তিশগড়ের জঙ্গলে মাওবাদী দমনে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী ৷ এই অভিযানেই মৃত্যু হয় মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা নর সিংহচলম ওরফে সুধাকর ওরফে গৌতমের ৷ মাওবাদী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল সে ৷
এদিন বাস্তার ডিভিশনের ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকায় মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয় ৷ লড়াইয়ে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকর গুলিবিদ্ধ হয়। তেলেঙ্গানা, মহারাষ্ট্র ও ছত্তিশগড়ে সক্রিয় ছিল সে ৷ দীর্ঘদিন ধরেই তার খোঁজ চালাচ্ছিলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ৷
এক আধিকারিক জানিয়েছেন, ছত্তিশগড় পুলিশের দুটি ইউনিট স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং কোবরার (জঙ্গলযুদ্ধে প্রশিক্ষণপ্রাপ্ত সিআরপিএফের কমান্ডো বাহিনী ) জওয়ানরা মিলিতভাবে এই অভিযান চালান।
গোপন সুত্রে খবর পেয়ে তেলেঙ্গানা রাজ্য কমিটির সদস্য বান্দি প্রকাশ, দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির (ডিকেএসজেডসি) সদস্য পাপ্পা রাও এবং আরও কয়েকজন সশস্ত্র ক্যাডারের উপস্থিতিতে বিজাপুরের এসপি জিতেন্দ্র কুমার যাদব এবং ডিআইজি কমলোচন কাশ্যপের তত্ত্বাবধানে একটি কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন শুরু হয়। তাতেই সুধাকরের প্রাণ যায় ৷
আধিকারিক জানিয়েছেন, এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে ৷ সংঘর্ষ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে। বাস্তারের আইজি সুন্দরাজ পি (ডিআরজি, কোবরা, এসটিএফ) মাওবাদী ও যৌথ বাহিনীর সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন ৷ একইসঙ্গে জানানো হয়, এডিজি নকশাল অপারেশনস বিবেকানন্দ সিনহা এবং সিআরপিএফের আইজি রাকেশ আগরওয়াল অভিযানের উপর নজর রেখেছেন।
গত মাসে অর্থাৎ 21 মে অবুঝমাঢ়ে নিরাপত্তা বাহিনীর হাতে মৃত্যু হয় মাওবাদী সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজুর ৷ তার মাথার দাম ছিল এক কোটি টাকা ৷ তারপর থেকে বাস্তারে মাওবাদী বিরোধী অভিযান অব্যাহত রয়েছে । এই অভিযানে বাসবরাজুর পাশাপাশি আরও 29 মাওবাদী খতম হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছিল ৷ মাওবাদী অভিযানে এই সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা নিরাপত্তা বাহিনীর জওয়ানদের অভিনন্দন জানিয়েছিলেন ৷

