ETV Bharat / bharat

বাংলা আসলে বাংলাদেশি ভাষা ! দিল্লি পুলিশের কাণ্ডে তোপ দাগল তৃণমূল

দিল্লি পুলিশের বঙ্গ ভবনকে পাঠানো চিঠিতে বাংলাকে 'বাংলাদেশি ভাষা' হিসাবে উল্লেখ করা হয়েছে ৷ তৃণমূলের পাশাপাশি গায়ক রূপম ইসলামও এর কড়া সমালোচনা করেন ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 3, 2025 at 7:15 PM IST

|

Updated : August 3, 2025 at 7:24 PM IST

5 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি ও কলকাতা 3 অগস্ট: বাংলা ভাষাকে 'বাংলাদেশি' ভাষা বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ এমনটাই করেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই ঘটনায় দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি এই ঘটনার জন্য দিল্লি পুলিশের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ক্ষমা দাবি করেছেন ৷

সবমিলিয়ে দিল্লিতে বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে হেনস্থার ঘটনায় নয়া মোড় ৷ 'বাংলাদেশি' ভাষায় পারদর্শী কোনও অনুবাদক বা দোভাষী চেয়ে বঙ্গ ভবনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে চিঠিটি লিখেছে দিল্লি পুলিশ ৷ আদতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসাবে উল্লেখ করা হয়েছে ৷

রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লোধি কলোনি থানার তরফে বঙ্গ ভবনের দায়িত্বে থাকা আধিকারিককে পাঠানোর চিঠির একটি প্রতিলিপি পোস্ট করেছেন ৷ সেই চিঠিতে দেখা যাচ্ছে, দিল্লি পুলিশের ওই আধিকারিক বাংলা ভাষাকে 'বাংলাদেশি ভাষা' বলে উল্লেখ করেছেন ৷ এই ঘটনাকে হাতিয়ার করেই তোপ দাগলেন মমতা ৷

দিল্লি পুলিশের চিঠি

একটি মামলার তদন্তে আট জনকে গ্রেফতার করা হয়েছে ৷ আমাদের গভীর সন্দেহ তারা বাংলাদেশি নাগরিক ৷ তাঁরা বেআইনি ভাবে ভারতে রয়েছেন ৷ তাঁদের কাছে বৈধ পাসপোর্ট বা ভিসা নেই ৷ তাই তাঁদের গ্রেফতার করা হয়েছে ৷ কিন্তু এই সন্দেহভাজন বাংলাদেশিদের কাছ থেকে পরিচয়পত্র, জন্মের সংশাপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি পাওয়া গিয়েছে ৷ মাননীয় আদালত ধৃতদের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ৷

তাঁদের কাছ থেকে যে নথি পাওয়া গিয়েছে, তা 'বাংলাদেশি' ভাষায় লেখা ৷ ওই নথিগুলি হিন্দি ও ইংরেজি ভাষায় অনুবাদ করা প্রয়োজন ৷ এই অবস্থায় তদন্ত এগিয়ে নিয়ে যেতে একজন সরকারি অনুবাদক বা দোভাষী প্রয়োজন, যিনি 'বাংলাদেশি ভাষাটি' ভালো জানেন ৷

গত কয়েক মাস ধরেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্তা করার খবর প্রকাশ্যে এসেছে ৷ ওই শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে অযথা হয়রান করা হচ্ছে বলে অভিযোগ ৷ ওড়িশা, হরিয়ানা ও দিল্লিতে বাংলা থেকে যাওয়া শ্রমিকদের উপর বাংলা ভাষায় কথা বলার কারণে পুলিশি অত্যাচারের অভিযোগও উঠেছে ৷

ওই পোস্টে মমতা লেখেন, "বাংলা ভাষা, আমাদের মাতৃভাষা ৷ এই ভাষা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের ভাষা ৷ আমাদের জাতীয় সঙ্গীত ও জাতীয় গান এই ভাষাতেই লেখা ৷ এই ভাষায় কোটি কোটি ভারতীয় কথা বলেন, লেখেন ৷ ভারতের সংবিধান এই ভাষাকে স্বীকৃতি দিয়েছে ৷ আর এই ভাষাকেই বাংলাদেশি ভাষা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে !"

তৃণমূল সুপ্রিমো কড়া ভাষায় আক্রমণ শানিয়ে আরও লেখেন, "(চিঠিটি) কলঙ্কিত, অপমানিত, দেশ-বিরোধী, অসাংবিধানিক !!" এই ঘটনায় বাঙালিদের সম্মানহানি হয়েছে জানিয়ে মমতা লেখেন, "এটা ভারতের সব বাংলাভাষীদের জন্য অপমান ৷ কেউ এরকম নিম্নমানের ভাষা ব্যবহার করতে পারে না, যা আমাদের সকলকে খাটো করে দেয় ৷" তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এনিয়ে পোস্ট করেছেন ৷ সেখানে একাধিক প্রসঙ্গ তুলে তোপ দেগেছেন ডায়মন্ড হারবারের এই সাংসদ ৷

গায়ক রূপমের প্রতিবাদ

দিল্লি পুলিশের বাংলা ভাষাকে 'বাংলাদেশি ভাষা' হিসাবে উল্লেখ করা নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন সুরকার-গায়ক রূপম ইসলাম ৷ তিনি সোশাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, "এটা কী ? বাংলা কি ভারতের 22টি সরকারি ভাষার মধ্যে একটি নয় ? এই ভাষাকে বাংলাদেশি ভাষা হিসাবে উল্লেখ করা হবে কেন ? অবহেলা ও অপদার্থতার চূড়ান্ত ৷"

তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ডের কড়া আক্রমণ

ডায়মন্ড হারবার লোকসভার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, "এটা কোনও করণিকের ভুল নয় ৷ বাংলাকে কলঙ্কিত করার বিজেপির সুপরিকল্পিত আরেকটি প্রচেষ্টা ৷ আমাদের সাংস্কৃতিক পরিচিতিকে খাটো করা এবং সংকীর্ণ রাজনৈতিক প্রচারের স্বার্থে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশকে এক সারিতে বসানোর চেষ্টা ৷" অভিষেক আরও লেখেন, "এভাবে সংবিধানের 343 নম্বর ধারা এবং অষ্টম তফশিলের সরাসরি লঙ্ঘন করা হয়েছে ৷ বাংলা ভাষাকে একটি বিদেশি ভাষা বলা মানে শুধু তাকে অসম্মান করাই নয়, আমাদের পরিচিতি, সংস্কৃতির উপর আক্রমণ ৷ এই জন্য আমি বিজেপিকে বাংলা বিরোধী এবং জমিদার বলি ৷ ওরা ভারতের বৈচিত্র্যকে সম্মান করে না ৷ আমরা অবিলম্বে এই তদন্তকারী আধিকারিক অমিত দত্তের সাসপেনশন চাই ৷ পাশাপাশি দিল্লি পুলিশ, বিজেপি এবং অমিত শাহকে এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ৷"

সিপিআই(এম)-এর তরফে এই ঘটনার সমালোচনা করা হয়েছে ৷ বাংলা ভাষা ভারতীয় সংবিধানের অষ্টম তফশিলে স্বীকৃত বাংলা ভাষা ৷ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম এবং অন্যান্য রাজ্যের লক্ষ লক্ষ ভারতীয় এই ভাষায় কথা বলে ৷ কিন্তু দিল্লি পুলিশ মনে করে বাংলা = বাংলাদেশি ৷ বিজেপি-আরএসএস-এর ভারতের সম্পর্কে দৃষ্টিভঙ্গির একটা একটা ছোট্ট অংশ ৷

গত রবিবার, 28 জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় অভিযোগ করেন, দিল্লি পুলিশ মালদার চাঁচলের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিকের দেড় বছরের সন্তানকে মায়ের কোল থেকে ছুড়ে ফেলে দিয়েছে ৷ এমনকি শিশুটির মাকে থানায় নিয়ে গিয়ে একদিন আটকে রাখা হয় ৷ আর তাঁকে ছাড়ার জন্য দিল্লি পুলিশ 25 হাজার টাকা নিয়েছিল বলেও অভিযোগ উঠেছে ৷

Last Updated : August 3, 2025 at 7:24 PM IST