পুরীর জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি !
মন্দিরে একাধিক সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তারক্ষী রয়েছে ৷ এরপরেও এই ধরনের ঘটনা কী করে ঘটে তাই নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা ৷

Published : August 13, 2025 at 11:51 AM IST
পুরী, 13 অগস্ট: পুরীর জগন্নাথ মন্দিরে সন্ত্রাসবাদী হামলার হুমকি । মন্দিরের পরিক্রমা পথে বুধি মা মন্দিরের দেওয়ালে হুমকিমূলক বার্তা লেখা মিলেছে । তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও উল্লেখ করা রয়েছে এবং তাঁকেও হুমকি বার্তা দেওয়া হয়েছে ৷ এর সঙ্গে ফোন নম্বরও দেওয়া আছে । এই ঘটনা প্রকাশ্যে আসতেই বুধবার পুরীতে শোরগোল পড়ে গিয়েছে ।
জানা গিয়েছে, পুরীর জগন্নাথ মন্দিরের দক্ষিণ পাশের পরিক্রমার পথ বুধি মা মন্দিরের দুটি দেওয়ালে হুমকিমূলক বার্তা লেখা আছে । একদিকে লেখা আছে, জঙ্গিরা মন্দিরটি ধ্বংস করবে । অন্যদিকে, হুমকিমূলক বার্তায় কিছু ফোন নম্বর দিয়ে তাতে কল করতে বলা হয়েছে ৷ নাহলে বড় ধরনের মূল্য দিতে হবে ।

সূত্রের খবর, ঘটনার তথ্য পাওয়ার পর পুরীর পুলিশ তদন্ত শুরু করেছে । সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সন্দেহভাজনদের শনাক্ত করার এবং এই ধরনের কাজের পিছনে তাদের উদ্দেশ্য খুঁজে বের করার প্রচেষ্টা শুরু করা হয়েছে । তবে কে এবং কেন এই কাজ করেছে তা এখনও জানা যায়নি ৷
এই বিষয়ে পুরীর এসপি পিনাক মিশ্র বলেন, "আজ সকালে আমরা খবর পেয়েছি যে বুধি মা মন্দিরের দেওয়ালে কিছু লেখা আছে । মন্দিরের ভেতরে কিছু আপত্তিকর কথা লেখা হয়েছে । মন্দিরের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ । আমরা এটিকে গুরুত্ব সহকারে নিয়েছি । এই লেখাটি কখন লেখা হয়েছিল, কে লিখেছে, দেওয়ালে কার ফোন নম্বর লেখা আছে আমাদের বিশেষ দল সেটা তদন্ত করে দেখছে । সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে । বিশেষ দল কিছু সূত্র পেয়েছে । ঘটনার তদন্ত চলছে ।"

পুরীর মন্দিরের অনেক জায়গায় সিসিটিভি লাগানো আছে । মন্দিরের পরিক্রমা পথে এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও, বুধি মা'র মন্দিরে এই লেখা কে এবং কখন লিখেছে, সেখানে নিযুক্ত নিরাপত্তারক্ষীরা কী করছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে । স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, পুলিশ অবিলম্বে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যারা এমন কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক ।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সমীর সামন্ত্রয় বলেন, "অবশ্যই নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি রয়েছে । নইলে এরকম জঙ্গি হামলার হুমকি দেওয়ালে লেখা হয় কী করে । পুলিশ সঠিকভাবে টহল না দেওয়ার কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে । পুলিশের উচিত এটি সঠিকভাবে তদন্ত করা এবং কঠোর ব্যবস্থা নেওয়া ।"

