ETV Bharat / bharat

ছ'বছরে ভূ-স্বর্গে জঙ্গি হামলায় মৃত্যুর সংখ্যা কমেছে, দাবি কেন্দ্রীয় সরকারের

ছ'বছর আগে এই দিনে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ হয়েছিল ৷ তৃতীয় মোদি সরকারের দাবি, সন্ত্রাসবাদ কমেছে ৷ বিরোধীদের দাবি, সন্ত্রাস আছে, থাকবে ৷

Jammu Kashmir Article 370 Abrogation
জম্মু-কাশ্মীরে জনশূন্য রাস্তায় প্রহরায় নিরাপত্তাকর্মী (ছবি: পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 5, 2025 at 8:46 PM IST

|

Updated : August 5, 2025 at 9:02 PM IST

6 Min Read
Choose ETV Bharat

শ্রীনগর, 5 অগস্ট: অগস্ট মাসের 5 তারিখ ৷ 2019 সালের পর থেকে এই দিনটি জম্মু ও কাশ্মীরে বাসিন্দাদের কাছে বিশেষ ৷ ওই দিন ভারতের সংবিধানে থাকা উপত্যকার বিশেষ মর্যাদার অবলুপ্তি ঘটায় কেন্দ্রীয় সরকার ৷ সন্ত্রাস আর ভয়ের পরিবেশ থেকে বের করে এনে কাশ্মীরকে নতুন দিনের নতুন স্বপ্ন দেখাতেই এমন উদ্যোগ বলে জানিয়েছিল মোদি সরকার ৷

6 বছর পর সন্ত্রাসবাদী কার্যকলাপে মৃত্যু সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরে তাদের দাবি, লক্ষ্য পূরণ হয়েছে ৷ আগের অশান্তির কাশ্মীর এখন অনেকটা শান্ত ৷ তবে উপত্যকার স্থানীয় নেতা-নেত্রীরা এই দাবি মানতে নারাজ ৷ তাঁদের কাছে 5 অগস্ট আজও কালা দিবস ৷

শুরুর কথা

একটা কিছু হতে চলেছে, তা আগাম আঁচ করেছিলেন জম্মু-কাশ্মীরবাসী ৷ 2019 সালের অগস্ট মাসের গোড়াতেই উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, ফারুক আবদুল্লা, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি-সহ তাবড় নেতাদের বাড়িতে আটক করা হয় ৷ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয় ৷ জম্মু-কাশ্মীরকেই ঘেরাটোপে বন্দি করে দিয়েছিল ক্ষমতাসীন দ্বিতীয় এনডিএ সরকার ৷

এরপর 5 অগস্ট সংসদের বাদল অধিবেশনে রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধানের 370 ধারা অবলুপ্তির কথা ঘোষণা করেন ৷ বিরোধীদের তুমুল হইচইয়ের মধ্যে রাজ্যসভায় পাশ হয় জম্মু-কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল, 2019 ৷ পরদিন লোকসভাতেও পাশ হয় এই বিল ৷ এর ফলে বিশেষ মর্যাদা হারায় জম্মু-কাশ্মীর ৷ রাজ্য ভেঙে তৈরি হয় জম্মু-কাশ্মীর ও লাদাখ- দুই কেন্দ্রশাসিত অঞ্চল ৷ মঙ্গলবার সেই ঐতিহাসিক ঘটনার ছ'বছর পূর্ণ হল ৷

বিগত বছরগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে বারবার শোনা গিয়েছে, কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা কমে গিয়েছে ৷ উপত্যকা শান্ত হয়েছে ৷ পর্যটকের ভিড় বাড়ছে ৷ এরই মধ্যে গত 22 এপ্রিল হঠাৎ পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটে ৷ জঙ্গিদের গুলিতে প্রাণ হারান 26 জন ৷ তাঁদের মধ্য়ে একজন নেপালি নাগরিক ৷ মৃতদের প্রায় সবাই পর্যটক ৷

জঙ্গি হামলায় মৃত্যুর সংখ্যা কমছে

এদিকে বিজেপির নেতৃত্বে গঠিত এনডিএ সরকারের তথ্য বলছে, এই ছ'বছরে উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ অনেকাংশে কমে গিয়েছে ৷ জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, 2019 সালের 5 অগস্ট থেকে চলতি বছরের 4 অগস্ট পর্যন্ত সময়কালে সন্ত্রাসবাদী কাজকর্মের সঙ্গে জড়িত ঘটনায় মৃত্যু হয়েছে 1 হাজার 230 জনের ৷ তার আগের 6 বছরে এই সংখ্যাটি ছিল 1 হাজার 845 ৷ মানে মৃত্যুর হার কমেছে 33 শতাংশ (615 জন) ৷

370 ও 35A ধারার অবলুপ্তির পূর্ববর্তী সময়ে 243 জন নাগরিক, 475 জন নিরাপত্তা কর্মী এবং 1 হাজার 121 জন জঙ্গির মৃত্যু হয়েছিল ৷ এদিকে 5 অগস্ট-পরবর্তী সময়ে 189 জন সাধারণ নাগরিক, 204 জন নিরাপত্তাকর্মী, 833 জন জঙ্গির মৃত্যু হয়েছে ৷ এছাড়া আরও 4 জনের মৃত্যু হয়েছে, তাঁদের পরিচয় জানা যায়নি ৷

অভিশপ্ত 2018

সরকারের তথ্য অনুযায়ী, 2018 সালে সন্ত্রাসবাদের ঘটনায় মৃত্যুর সংখ্যা ছিল সবচেয়ে বেশি ৷ 86 জন সাধারণ নাগরিক ও 271 জন জঙ্গি মিলিয়ে 452 জনের মৃত্যু হয়েছিল ওই বছরে ৷ এর মধ্যে নিরাপত্তা বাহিনীর আধিকারিকদেরও ধরা হয়েছে ৷ 2023 সালে ওই সংখ্যা 134 জনে নামে ৷ 2024 সালে 127 জনের মৃত্যু হয়েছে ৷ 2025 সালে এখনও পর্যন্ত 28 জন নাগরিক, 10 জন নিরাপত্তাকর্মী এবং 32 জন জঙ্গি মিলিয়ে 71 জনের মৃত্যু হয়েছে ৷

তথ্য বলছে, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের আগে প্রতি বছর মৃতের সংখ্যা 170 জনেরও বেশি হত ৷ 2013 সালে 172 জন, 2014 সালে 189 জন, 2015 সালে 175 জন, 2016 সালে 267 জন এবং 2017 সালে 357 জনের মৃত্যু হয়েছিল ৷ এই সময় নিরাপত্তা বাহিনীরও অনেকের প্রাণ গিয়েছিল ৷ বিশেষত 2016 ও 2017 সালে 88 এবং 83 জনের মৃত্যু হয়েছিল ৷

পরিবর্তনের 2019

2019 সালের 5 অগস্টের পর এই ধারাবাহিক মৃত্যুর ঘটনা কমেছে ৷ 370 ধারা অবলুপ্তির পরপরই ওই বছরের অগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে মাত্র 50 জনের মৃত্যু নথিবদ্ধ করা হয়েছে ৷ সেখানে বছরের প্রথম সাত মাসে 233 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল ৷ পরের বছর 2020 সালে মৃতের সংখ্যা কিছুটা বেড়ে 321 জন হয় ৷ সে বছর জঙ্গি দমন কার্যকলাপের মোকাবিলায় অভিযান চালানোয় 232 জন জঙ্গি নিকেশ করা গিয়েছিল ৷ তখন থেকে বার্ষিক মৃত্যুর সংখ্যা 275 জনের কম হয়েছে ৷ 2023 ও 2024 সালে মৃতের সংখ্যা এক দশকেরও বেশি সময়ে সবচেয়ে কমের রেকর্ড গড়েছে ৷

নাগরিকের মৃত্যুর সংখ্যাও কমেছে ৷ 2023 সালে মাত্র 12 জন নাগরিক প্রাণ হারিয়েছেন ৷ তার আগের 12 বছরে যা সবচেয়ে কম বার্ষিক মৃত্যু ৷ 2024 সালে তা বৃদ্ধি পেয়ে হয় 31 জন এবং চলতি বছরে এখনও পর্যন্ত 28 জন নাগরিক সন্ত্রাসবাদের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৷ পহেলগাঁওয়ে জঙ্গি হামলাতেই 26 জনকে হত্যা করেছে জঙ্গিরা ৷

জঙ্গিদের নয়া পরিকল্পনা

মৃতের সংখ্যা কমলেও সরকারের দাবি জঙ্গি হামলার ধরন বদলে গিয়েছে ৷ তাই সতর্ক থাকা দরকার ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা বারবার জানিয়েছেন, উপত্যকায় দেশের বাইরে থেকে জঙ্গিরা এসে হামলা চালাচ্ছে ৷ তারা কেউ এলাকার বাসিন্দা নয় ৷ সংসদের চলতি বাদল অধিবেশনে 29 জুলাই লোকসভায় অমিত শাহ জানান, 370 ধারার অবলুপ্তির ফলে ঘরের মধ্যে সন্ত্রাসবাদকে সমূলে উপড়ে ফেলা গিয়েছে ৷ তিনি বলেন, "এখন আর এলাকায় জঙ্গিদের কোনও ঘাঁটি নেই ৷ কাশ্মীরে সন্ত্রাসবাদের বাস্তুতন্ত্রকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে ৷ 2019 সালের পর মোদি সরকার জঙ্গিবাদী কার্যকলাপে যুক্ত বহু সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে ৷" তাঁর বক্তব্য, "জম্মু-কাশ্মীরের স্থানীয় কেউ জঙ্গি নয় ৷ সীমান্তের ওপারে পাকিস্তান থেকে জঙ্গিদের পাঠানো হচ্ছে ৷ গত ছ'মাসে স্থানীয় কেউ জঙ্গিদের দলে নাম লেখায়নি ৷ জঙ্গি নিকেশ অভিযানে উপত্যকায় যাদের মৃত্যু হচ্ছে, তাদের কেউ ভারতীয় নয় ৷"

ফারুকের আক্ষেপ

জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের একটা বড় অংশ 5 অগস্টের দিনটিকে কালা দিবস হিসেবে পালন করেন ৷ এদিনও উপত্যকার বিভিন্ন জায়গায় বিশেষ মর্যাদা লোপের বিরোধিতায় বিক্ষোভ প্রদর্শন হয়েছে ৷ উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা সোফিয়ানে সাংবাদিকদের বলেন, "সন্ত্রাসবাদ উপত্যকার সহনশীল বাস্তবে পরিণত হয়েছে ৷ জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপের শেষ এখনও হয়নি এবং কখনও হবেও না ৷"

এই ছ'বছরে বহু ঋতু বদলের সাক্ষী থেকেছে জম্মু-কাশ্মীর ৷ কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোট হয়েছে ৷ আবারও মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন ওমর আবদুল্লা ৷ তিনি বারবার কেন্দ্রের কাছে রাজ্যের মর্যাদা ফেরানোর আবেদন জানিয়েছেন ৷ পহেলগাঁও হামলার পর তিনি জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানোর গুরুত্ব নিয়ে সওয়াল করেছেন ৷ কিন্তু ভূ-স্বর্গের সেই মর্যাদা ফেরেনি ৷

Last Updated : August 5, 2025 at 9:02 PM IST