বড় দুর্ঘটনার কবলে তেজস্বী যাদবের কনভয়, তিনটি গাড়িকে ধাক্কা ট্রাকের
কনভয় দুর্ঘটনার জেরে নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Published : June 7, 2025 at 12:37 PM IST
পটনা, 7 জুন: দুর্ঘটনার কবলে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বর্তমানে বিরোধী দলনেতা তেজস্বী যাদবের গাড়ি। শুক্রবার রাত দেড়টা নাগাদ তেজস্বী যাদব মাধেপুরা থেকে পটনা যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। গোরাউল সরাই থানা এলাকায় হাজিপুর-মুজাফফরপুর রোডে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর কনভয়। ঘটনায় বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন বলে খবর ৷
কনভয় দুর্ঘটনার জেরে তেজস্বীর নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সরাই থানার পুলিশ ৷ যে ট্রাকের সঙ্গে কনভয়ের দুর্ঘটনা ঘটে সেই ট্রাক চালককে চালককে গ্রেফতার করেছে পুলিশ। আহতদের সকলকে দ্রুত চিকিৎসার জন্য হাজিপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বৈশালীর সিভিল সার্জন চিকিৎসক শ্যামনন্দন প্রসাদ বলেন, "বিরোধী দলনেতা কোনও জায়গা থেকে আসছিলেন। তাঁর এসকর্ট গাড়ি দুর্ঘটনার শিকার হয়। একটি গাড়ি ওই এসকর্ট গাড়িটিকে ধাক্কা দেয়। আহতদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন ৷ আমরা আহতদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য রেফার করা হবে।"
আরজেডি দলীয় সূত্রে খবর, তেজস্বী যাদব মাধেপুরা থেকে সড়কপথে পটনা যাচ্ছিলেন। এই সময় একটি দ্রুতগামী ট্রাক কনভয়ের একাধিক গাড়িকে ধাক্কা দেয়। তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ৷ এতে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হন। জানা গিয়েছে, তেজস্বী যাদবের গাড়ি থেকে মাত্র পাঁচ ফুট দূরে এই ঘটনাটি ঘটেছে ৷ অন্যথায় তেজস্বী যাদবের গাড়িও দুর্ঘটনার শিকার হত। আরজেডির এক নেতার কথায়, "বড় ধরনের কোনও ক্ষতি হতে পারত। তবে তেজস্বী যাদব সম্পূর্ণ নিরাপদে আছেন।"
যে ট্রাক চালক গাড়িটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছিল, সেটিকে টোল গেটের কাছে ধরা হয়েছে। সরাই থানার পুলিশ ওই ট্রাক চালককে গ্রেফতার করেছে ৷ তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ তেজস্বী যাদবকেও একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করেছে ৷ তেজস্বীর নিরাপত্তায় কোনও গাফিলতি হয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে তেজস্বী অবশ্য এটিকে নিছক দুর্ঘটনা বলে অভিহিত করেছেন ৷ একই সঙ্গে, ব্যবস্থা নেওয়ার আবেদনও করেছেন। তেজস্বী যাদব রাস্তায় নিরাপত্তার দাবিও তুলেছেন।

