ETV Bharat / bharat

আয় বড্ড কম ! মোদির মন্ত্রিত্ব ছেড়ে অভিনয়ে ফিরতে চান গোপী

মন্ত্রিত্ব সামলাতে গিয়ে তাঁর রোজগার কমে গিয়েছে ! এই স্বীকারোক্তি দক্ষিণী ছবির অত্যন্ত জনপ্রিয় অভিনেতার ৷ তাই মোদি-সঙ্গ ছেড়ে ফের অভিনয়ে ফিরতে চান ৷

Suresh Gopi wants to quit politics
মন্ত্রিত্ব ছেড়ে অভিনয়ে ফিরতে চান গোপী (ইটিভি ভারত)
author img

By PTI

Published : October 13, 2025 at 8:16 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কন্নুর, 13 অক্টোবর: এ দেশে অভিনয় ছেড়ে রাজনীতির আঙিনায় পা-রাখাটা নতুন কিছু নয় ৷ শুধু তাই নয়, রাজনীতির হাতেখড়ি থেকে অভিনেতার মন্ত্রী হওয়ার উদারণ কম নেই ৷ কিন্তু এ যেন উল্টো ছবি ! মোদির মন্ত্রিত্ব ছেড়ে ফের অভিনয়ে ফিরতে চান অভিনেতা-রাজনীতিক সুরেশ গোপী ৷ কারণ, আয় বড্ড কম !

কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী ৷ 2024 লোকসভা নির্বাচনে কেরলের ত্রিশূর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় জায়গা করে নেন দক্ষিণী ছবির অত্যন্ত জনপ্রিয় এই অভিনেতা ৷ কিন্তু মাত্র এক বছরেই মন্ত্রিত্বের স্বাদ মিটে গিয়েছে বছর সাতষট্টির গোপীর ৷

মন্ত্রিত্ব সামলাতে গিয়ে তাঁর রোজগার কমে গিয়েছে ৷ এমনই দাবি, কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রীর ৷ তাই মন্ত্রিত্ব ছেড়ে ফের অভিনয়ে ফেরার ইচ্ছেপ্রকাশ করেন মোদির মন্ত্রিসভার এই সদস্য ৷

রবিবার কেরলের কন্নুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমি সত্যিই অভিনয়টা চালিয়ে যেতে চাই । আমার আরও রোজগার করা দরকার । সম্প্রতি আমার উপার্জন একদম কমে গিয়েছে । আমি কোনও দিন মন্ত্রিত্বের জন্য অভিনয়ে ইতি টানতে চাইনি ৷"

শুধু তাই নয়, মন্ত্রিসভায় তাঁর বিকল্প কে হবেন, তাও জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় এই প্রতিমন্ত্রী ৷ ত্রিশূরের সাংসদ জানিয়েছেন, তাঁর জায়গায় মন্ত্রিত্ব দেওয়া হোক রাজ্যসভার সাংসদ সি সদানন্দন মাস্টারকে দেওয়া হোক ৷ তিনি বলেন, "আমি আন্তরিকতার সঙ্গে জানাচ্ছি যে, আমার ইস্তফার পর সদানন্দন মাস্টারকে মন্ত্রিত্ব দেওয়া হোক ৷ আমি মনে করি, এটা কেরলের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যয়ের সূচনা হবে ৷"

তাঁর যুক্তি, সদানন্দন বয়সে তাঁর তুলনায় বড় ৷ তাই সদানন্দনেরই মন্ত্রী হওয়া উচিত । চলতি বছরেই সি সদানন্দন মাস্টারকে রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া এই অভিনেতা জানান, তিনি রাজ্যের সবচেয়ে কম বয়সি বিজেপি সদস্যদের মধ্যে একজন ৷ কলেজ জীবনে এএফআই করা সুরেশ গোগী 2016 সালের অক্টোবরে বিজেপিতে যোগ দেন । ওই বছরই রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভায় সাংসদ নির্বাচিত হন ৷ 2019 লোকসভা নির্বাচনে ত্রিশূর থেকে লড়াই করে হেরে যান ৷ 2021 সালে কেরল বিধানসভা নির্বাচনে ত্রিশূর থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় আসেনি ৷ কিন্তু 2024 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতে সংসদে যান গোগী ৷ সেইসঙ্গে মোদির মন্ত্রিসভায় জায়গা করে নেন 1998 সালে ন্যাশানাল ফ্লিম ফেয়ার পুরস্কার জয়ী দক্ষিণী এই অভিনেতা ৷