বিজয়ের সভায় পদপিষ্টে 41 জনের মৃত্যু, সিবিআই তদন্তের 'সুপ্রিম' নির্দেশ
গত 27 সেপ্টেম্বর তামিলনাড়ুর করুরে অভিনেতা-রাজনীতিক বিজয়ের নির্বাচনী প্রচার সভায় পদপিষ্টে 41 জনের মৃত্যু হয় ৷ ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ ৷

By PTI
Published : October 13, 2025 at 4:03 PM IST
নয়াদিল্লি, 13 অক্টোবর: তামিলনাড়ুর কারুরের অভিনেতা-রাজনীতিক বিজয়ের সভায় পদপিষ্টের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ একইসঙ্গে সোমবার কেন্দ্রীয় সংস্থার তদন্তের উপর নজরদারি চালানোর জন্য একটি কমিটি গঠন করে দিয়েছে আদালত ৷ কমিটির মাথায় রয়েছেন শীর্ষ আদালাতের প্রাক্তন বিচারপতি অজয় রস্তোগী ৷
পাশাপাশি এই ঘটনায় সিট গঠনের নির্দেশ দেওয়ায় এদিন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন সেন্থিলকুমারের সমালোচনাও করে বিচারপতি জেকে মহেশ্বরী ও এনভি আঞ্জারিয়ার বেঞ্চ ৷ সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, "মাদুরাই বেঞ্চের সামনে যখন ঘটনার তদন্তের দাবিতে আবেদনগুলি বিচারাধীন ছিল, তখন প্রধান বিচারপতির নির্দেশ ছাড়া আবেদন গ্রহণ করার কোনও সুযোগ ছিল না ৷"
বিজয়ের তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) এবং এর সদস্যদের অন্তর্ভূক্ত না-করে শীর্ষ আদালত জানিয়েছে, শুনানির কোনও সুযোগ না-দিয়ে তাদের বিরুদ্ধে পর্যবেক্ষণ করা হয়েছিল ৷ বেঞ্চ জানিয়েছে, "একজন বিচারপতি কীভাবে এই সিদ্ধান্তে পৌঁছতে পারেন ৷ কারণ এই নির্দেশটি কেবলমাত্র অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলের জমা দেওয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে ।"
27 সেপ্টেম্বর কারুরে অভিনেতা বিজয় এবং তাঁর দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর সভা ছিল। সেখানে পদপিষ্টের ঘটনায় 41 জনের মৃত্যু হয়। ঘটনার পরেই সেখান থেকে চলে যাওয়ায় কড়া সমালোচনার মুখে পড়েন বিজয়। যদিও পরে তিনি দাবি করেন, ওই সময় তিনি ঘটনাস্থল না-ছাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।
তবে এই ঘটনায় বিজয়ের দলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে রাজ্যের শাসকদল ডিএমকে । পাল্টা ডিএমকে প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই অব্যবস্থার অভিযোগ তোলেন টিভিকে সুপ্রিমো বিজয় ৷ টিভিকে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে স্বাধীন তদন্তের দাবি জানায় ৷ তাদের যুক্তি, কেবলমাত্র তামিলনাড়ু পুলিশের কর্মকর্তাদের দ্বারা তদন্ত পরিচালিত হলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়।
টিভিকে-র আবেদনে হাইকোর্টের কেবল তামিলনাড়ু পুলিশের কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠনের বিরোধিতা করা হয় । এতে অভিযোগ করা হয় কিছু দুষ্কৃতীর পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের কারণে পদপিষ্টের ঘটনা ঘটেছে।
পদপিষ্টের ঘটনায় সিবিআই বা কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তের দাবি তুলে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজয়ের দল টিভিকে । 10 অক্টোবর বিজয়ের রাজনৈতিক দল এবং অন্যদের দায়ের করা আবেদনের উপর রায় স্থগিত রেখেছিল শীর্ষ আদালত ৷

