ETV Bharat / bharat

'SIR বন্ধ করে দেব...', কমিশনকে সতর্ক করল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট সাফ জানায়, নির্বাচন কমিশন দেশে ভোটার তালিকায় বিশেষ সংশোধন করবে ৷ কিন্তু বিহারে এসআইআর প্রক্রিয়ায় কোনও বেনিয়ম হলে কড়া পদক্ষেপ করবে আদালত ৷

SIR hearing in Supreme Court
সুপ্রিম কোর্টে এসআইআর মামলা (ফাইল ছবি)
author img

By PTI

Published : September 15, 2025 at 5:26 PM IST

|

Updated : September 15, 2025 at 6:00 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 15 সেপ্টেম্বর: নির্বাচন কমিশন একটি সাংবিধানিক কর্তৃপক্ষ ৷ ভোটমুখী বিহারে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়া আইন মেনে করা হচ্ছে বলে মনে করছে সুপ্রিম কোর্ট ৷ একই সঙ্গে দেশের শীর্ষ আদালত নির্বাচনী সংস্থাকে সতর্ক করে, কোনও রকম বেআইনি কিছু করলে পুরো প্রক্রিয়া বাতিল করা হবে ৷

এদিকে গত শনিবার, 13 সেপ্টেম্বর নির্বাচন কমিশন হলফনামায় সুপ্রিম কোর্টকে সাফ জানিয়ে দিয়েছে, নির্দিষ্ট সময় অন্তর সারা দেশে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে শীর্ষ আদালতের কোনও নির্দেশ দিলে তা সাংবিধানিক সংস্থার এক্তিয়ারে হস্তক্ষেপের সামিল হবে ৷ তারপর এদিনের শুনানিতে নির্বাচন কমিশন জানায়, কমিশন সারা দেশে এসআইআর প্রক্রিয়া করবে ৷

সোমবার বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ বলে, "বিহারের এসআইআর নিয়ে আমাদের রায় সারা ভারতের এসআইআর-এর জন্য কার্যকর হবে ৷" বেঞ্চ স্পষ্ট করে জানায়, নির্বাচন কমিশনকে দেশজুড়ে ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া পরিচালনা থেকে বিরত করা যাবে না ৷ কিন্তু এদিন এই মামলায় কোনও 'সামঞ্জস্যহীন মতামত' দিতে রাজি হননি দুই বিচারপতি ৷

এসআইআর-এর বৈধতাকে চ্যালেঞ্জ করে হওয়া মামলার চূড়ান্ত সওয়াল-জবাব হবে 7 অক্টোবর ৷ বিহারে এসআইআর-এর বিরুদ্ধে মামলাকারীরা সওয়াল করতে চাইলে, সেদিনই তা করতে পারবেন, জানিয়েছে আদালত ৷

এর আগে এই মামলার শুনানি হয়েছিল 8 অগস্ট ৷ গত শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়েছিল, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে বিহারে আধার কার্ডকে 12তম নথি হিসাবে গণ্য করতে হবে কমিশনকে ৷ যদিও এই নথি নাগরিকত্বের প্রমাণ নয় ৷ এর মধ্যে সেদিনের নির্দেশ নিয়ে আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশনকে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত ৷

এর মধ্যে দেশজুড়ে ধাপে ধাপে এসআইআর প্রক্রিয়া করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ৷ গত 5 জুলাই কমিশন বিহার ছাড়া রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সব মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও) এসআইআর পরিচালনার আগের পর্যায়ে সংশোধন করার নির্দেশ দিয়েছে ৷ 2026 সালের 1 জানুয়ারির মধ্যে এই প্রস্তুতি শেষ করতে হবে ৷

আর দু-তিন মাসের মধ্যে বিহারে ভোট ৷ তার আগে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রক্রিয়া চালু করে নির্বাচন কমিশন ৷ প্রথম দফায় খসড়া ভোটার তালিকা থেকে 65 লক্ষ ভোটারের নাম নানা কারণে বাদ গিয়েছে ৷ বিরোধী কংগ্রেস-সহ অন্য দলগুলি অভিযোগ করে নির্বাচন কমিশন এভাবে ভোট চুরি করে বিজেপিকে সুবিধে করে দিচ্ছে ৷

Last Updated : September 15, 2025 at 6:00 PM IST