নেপালে জেল ভেঙে ফেরার কয়েকশো কয়েদি, দুই রাজ্যের সীমান্তে গ্রেফতার অন্তত 20
ছাত্র-যুব আন্দোলনে নেপালের একাধিক জেল ভেঙে ফেরার কয়েকশো কয়েদি ৷ ভারত-নেপাল সীমান্ত দিয়ে দেশে অনুপ্রবেশের চেষ্টা ৷ রুখল এসএসবি ৷

By ANI
Published : September 10, 2025 at 6:02 PM IST
সিদ্ধার্থনগর (উত্তরপ্রদেশ), 10 সেপ্টেম্বর: আন্দোলনকারীদের বিক্ষোভের সুযোগে নেপালের একাধিক জেল ভেঙে পালিয়ে গিয়েছে কয়েদিরা ৷ তারা ভারত-নেপাল সীমান্ত দিয়ে দেশে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে, এই আশঙ্কা আগেই করা হয়েছিল ৷ সেই আশঙ্কা সত্যি করে উত্তরপ্রদেশ, বিহার-সহ কয়েকটি রাজ্যের ভারত-নেপাল সীমান্ত দিয়ে প্রায় 20 জন কয়েদি এদেশে প্রবেশের চেষ্টা করে ৷ তাদের এই চেষ্টা ব্যর্থ করেছে সীমান্তে প্রহরারত সশস্ত্র সীমা বল (এসএসবি) ৷
ভারতের পাঁচটি রাজ্য- উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, সিকিম ও পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের দীর্ঘ সীমান্ত রয়েছে ৷ উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায় এমনই একটি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল নেপালের 5 কয়েদি ৷ এছাড়াও যোগীরাজ্যের মহারাজগঞ্জের সোনৌলি সীমান্ত দিয়ে 4 জন কয়েদি ভারতের অনুপ্রবেশের করছিল ৷ বুধবার ভোরে তাদের গ্রেফতার করে এসএসবি ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে স্থানীয় থানায় হস্তান্তর করে দেওয়া হয়েছে ৷
মঙ্গলবার রাতে নেপালের মহোতরী জেলার জলেশ্বর জেল থেকে 550 জন কয়েদি পালিয়ে যায় ৷ জলেশ্বরের প্রশাসন এই সংখ্যা নিশ্চিত করেছে ৷ এদিকে জলেশ্বর জেল বিহার সীমান্তের সীতামারি জেলার ভিঠামোড় সীমান্ত থেকে মাত্র 10 কিমি দূরে অবস্থিত ৷ এই ঘটনার পর সীমান্তে হাই-অ্যালার্ট জারি করা হয় ৷ এছাড়া রাজধানী কাঠমান্ডুর দিল্লিবাজার জেল থেকে পালিয়ে গিয়েছে কয়েদিরা ৷
ইটিভি ভারতের প্রতিনিধি সূত্রে খবর, এদিন ভোরে সীমান্তের সীতামারি জেলা দিয়ে ভারতে প্রবেশ করছিল 10 জন কয়েদি ৷ এসএসবি তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে ৷ এরপর তাদের সুরখণ্ড ও ভিট্টা থানার হাতে তুলে দেওয়া হয় ৷ গ্রেফতার হওয়া কয়েদিদের মধ্যে 2 জন ভারতীয় ৷ 7 জন কয়েদিকে ভিট্টায় এবং 3 জনকে সুরখণ্ড থানায় পাঠানো হয়েছে ৷
সিদ্ধার্থনগরে গ্রেফতার হওয়া কয়েদিদের বিষয়ে জানা গিয়েছে, তাদের কাছ থেকে ভারতে প্রবেশের কোনও বৈধ নথি ছিল না ৷ এসএসবি সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধরা পড়ে যে তারা ওই জেল ভেঙে বেরিয়ে আসা কয়েদিদের অন্যতম ৷ নেপালে ছাত্র-যুব আন্দোলনের জেরে সীমান্ত এলাকা থেকে নেপালের পুলিশ পোস্টগুলিতে পুলিশ ছিল না ৷ সেই সুযোগে কয়েদিরা ভারতে পালিয়ে আসে ৷
সোমবার থেকে ছাত্র-যুব আন্দোলনে অগ্নিগর্ভ নেপাল ৷ দেশে আইন-শৃঙ্খলার অবনতির সুযোগে জেল ভেঙে পালিয়েছে কয়েদিরা ৷ নেপালের জেন জেড বিক্ষোভে দেশে অনুপ্রবেশ হতে পারে আশঙ্কা করছে সরকার ৷ তাই ভারত ও নেপালের 1 হাজার 751 কিমি দীর্ঘ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ ভুটানের সঙ্গে ভারতে 699 কিমি সীমান্ত রয়েছে ৷ সেখানেও সজাগ প্রহরায় রত এসএসবি বাহিনী ৷
দু'দিনের বিক্ষোভ শেষে গতকাল রাতে দেশের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে নেপাল সেনা ৷ তারা কয়েদিদের ধরে জেলে পাঠানোর চেষ্টা করছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে কার্ফু জারি করা হয়েছে ৷

