ETV Bharat / bharat

লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে অনশনে সোনম ওয়াংচুক, চলবে 35 দিন

বুধবার থেকে লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা এবং রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে 35 দিনের অনশন শুরু করেছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক।

Sonam Wangchuk Sit On Fast
ফের অনশনে পরিবেশকর্মী সোনম ওয়াংচুক (ইটিভি ভারত)
author img

By PTI

Published : September 10, 2025 at 10:37 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: পরিবেশকর্মী সোনম ওয়াংচুক এবং লেহ অ্যাপেক্স বডি (LAB) বুধবার থেকে লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা এবং রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে 35 দিনের অনশন শুরু করেছেন। এই উপলক্ষে একটি সর্বধর্ম সভা আয়োজন করা হয় যেখানে বৌদ্ধ ভিক্ষু, আঞ্জুমান ইমামিয়া, মইন-উল-ইসলাম এবং খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সদস্যরাও অংশগ্রহণ করেন। লাদাখের পরিচয় এবং পরিবেশ রক্ষায় সকলেই ঐক্যমত প্রকাশ করেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সোনম ওয়াংচুক জানান, গত দুই মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তার দাবি নিয়ে কোনও বৈঠক না করায় তিনি বুধবার থেকে আবারও অনশন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। এমন পরিস্থিতিতে, কেন্দ্র তাঁর দাবির প্রতি কর্ণপাত না করায় তিনি আন্দোলন তীব্র করতে বাধ্য হয়েছেন।

ওয়াংচুক জানান, গত দুই মাস ধরে কেন্দ্রীয় সরকার তাদের মূল দাবি নিয়ে কোনও আলোচনা করেনি। হাই পাওয়ার কমিটির বৈঠক স্থগিত হওয়ার পর লাদাখের সংগঠনগুলির মধ্যে ক্ষোভ রয়েছে। তিনি স্পষ্টভাবে জানান যে, কেন্দ্রীয় সরকারের মনোভাব বদলে গিয়েছে এবং এই কারণেই তাদের শান্তিপূর্ণ ও অহিংস অনশনের পথ বেছে নিতে হয়েছে।

তিনি আরও বলেন যে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা প্রায় দুই মাস আগে বন্ধ হয়ে গিয়েছিল। যখন মূল দাবিগুলি নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছিল, তখন সরকার দ্বিতীয় বৈঠক ডাকেনি। ওয়াংচুক জানান যে লেহতে শীঘ্রই পার্বত্য পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং তিনি পার্বত্য পরিষদ নির্বাচনের সময় লাদাখকে ষষ্ঠ তফসিলের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতির কথা কেন্দ্রীয় সরকারকে স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি পূরণ করা উচিত।

ওয়াংচুক স্মরণ করিয়ে দেন যে বিজেপি গত নির্বাচনে লাদাখকে ষষ্ঠ তফসিলের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তিনি 2 অক্টোবর, অর্থাৎ গান্ধি জয়ন্তীকে আন্দোলনের জন্য একটি ঐতিহাসিক দিন বলে অভিহিত করেন এবং লেহ পার্বত্য কাউন্সিল নির্বাচনের আগে এই কেন্দ্রের প্রতিশ্রুতি পূরণ করা গুরুত্বপূর্ণ বলে জানান। ওয়াংচুক জানান যে, এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং ভারতীয় সংবিধানের পরিধির মধ্যেই রয়েছে।

লাদাখের সমস্যার সমাধানে ওয়াংচুক এর আগেও এগিয়ে এসেছেন, অনসনে বসেছেন। 2024 সালের মার্চ মাসে তিনি 21 দিন ধরে অনশন করেছিলেন এবং তার আগে তিনি লেহ থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রাও করেছিলেন। গান্ধি জয়ন্তীর আগে তাঁর গ্রেফতার এবং এরপর দিল্লিতে আন্দোলনও অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিল। এবার 35 দিনের এই অনশনের মাধ্যমে লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা এবং রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জাতীয় স্তরে প্রতিধ্বনিত করার চেষ্টা করছেন ওয়াংচুক।