টহলদারির সময় হঠাৎ বিস্ফোরণে জম্মুতে মৃত ক্যাপ্টেন-জওয়ান
ভারত-পাকিস্তান সীমান্তবর্তী প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে নিয়মিত টহল দিচ্ছিল সেনা ৷ আচমকা বিস্ফোরণে মৃত্যু হল এক ক্যাপ্টেন ও এক জওয়ানের ৷

By PTI
Published : February 11, 2025 at 6:44 PM IST
জম্মু, 11 ফেব্রুয়ারি: আইইডি বিস্ফোরণে মৃত্যু হল সেনার এক ক্যাপ্টেন এবং এক জওয়ানের ৷ মঙ্গলবার এক আধিকারিক জানান, আরও একজন এই আইইডি বিস্ফোরণে জখম হয়েছেন ৷ ভারত-পাকিস্তান সীমান্তবর্তী প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে টহল দিচ্ছিল সেনা জওয়ানরা ৷ সেই সময় এই বিস্ফোরণ ঘটে ৷ জঙ্গিরাই আইইডি বিস্ফোরক পুঁতে রেখেছিল বলে মনে করা হচ্ছে ৷
সেনার তরফে এই দুর্ঘটনার কথা নিশ্চিত করা হয়েছে ৷ জানানো হয়েছে, সেনাবাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে ৷ সরকারি সূত্রে খবর, ভাট্টাল এলাকায় বিকেল 3.50 মিনিট নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ সেনাবাহিনী সেখানে টহল দিচ্ছিলেন ৷ আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁদের মধ্যে দু'জনের মৃত্যু হয় ৷ মৃতদের একজন সেনার ক্যাপ্টেন ৷ আরেক জন আহত সেনা অবশ্য বিপন্মুক্ত বলেই জানানো হয়েছে ৷
Suspected Improvised Explosive Device blast reported in #Laleali in #Akhnoor Sector during a fence patrol resulting in two fatalities.
— White Knight Corps (@Whiteknight_IA) February 11, 2025
Own troops are dominating the area and search #operations are underway.
White Knight Corps salutes and pays tribute to the supreme sacrifice of…
জম্মুর হোয়াইট নাইট কোর-এর তরফে সোশাল মিডিয়ায় একটি পোস্টে নিহত সেনা ক্যাপ্টেন ও জওয়ানকে তাঁদের এই আত্মবলিদানের জন্য স্যালুট জানানো হয়েছে ৷ হোয়াইট নাইট কোর লিখেছে, "লালেলির আখনুর সেক্টরে আইইডি বিস্ফোরণ হয়েছে বলেই সন্দেহ করা হচ্ছে ৷ তখন সেনারা সীমান্তবর্তী অঞ্চলে প্রহরা দিচ্ছিলেন ৷ বিস্ফোরণে দু'জনের মৃত্যু হয়েছে ৷ সেনার একটি বাহিনী এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে ৷" এই বিস্ফোরণের ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলেছে সেনা ৷
এর আগে সাধারণতন্ত্র দিবস উদযাপনের আগে 25 জানুয়ারি ভোরে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলা উত্তপ্ত হয়ে ওঠে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে ৷ জঙ্গল ঘেঁষা এলাকায় সেনার যে অস্থায়ী ক্যাম্প রয়েছে এদিন সেখানে গুলি চালায় জঙ্গিরা ৷ বাটোদ পঞ্চায়েতের অস্থায়ী ওই সেনা ক্যাম্পের জওয়ানরা আগের রাত দেড়টা নাগাদ সন্দেহভাজন জঙ্গিদের গতিবিধি টের পান ৷ জানা গিয়েছে, ভোর হতেই গুলি চালায় সন্দেহভাজনরা ৷ তারপর থেকে তারা পলাতক ৷

