জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরির পিছনে গাড়ির ধাক্কা, মৃত 5
পুলিশ জানিয়েছে, মৃত পাঁচজনই বেঙ্গালুরুর বাসিন্দা ৷ তাঁরা পুজো দিতে গিয়েছিলেন বলে পুলিশ অনুমান করছে ৷ গাড়ি থেকে প্রসাদ পাওয়া গিয়েছে ৷

Published : March 9, 2025 at 6:33 PM IST
চিত্রদুর্গা(কর্ণাটক), 9 মার্চ: জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরিতে সজোরে এসে গাড়ির ধাক্কা ৷ দুর্ঘটনায় মৃত্যু গাড়িতে থাকা কমপক্ষে পাঁচজনের ৷ একজন গুরুতর আহত ৷ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি ঘটেছে, রবিবার সকালে কর্ণাটকের চিত্রদুর্গা এলাকার তামাতাকাল্লু গ্রামে ৷ বেলাগাভি থেকে বেঙ্গালুরু যাচ্ছিল চারচাকা গাড়িটি ৷
পুলিশ জানিয়েছে, নিহতরা সকলেই বেঙ্গালুরুর বাসিন্দা । রুদ্রস্বামী (60), মল্লিকার্জুন (50), শান্তমূর্তি (55), চিদাম্বরাচর (52) এবং আরও একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে । আরও একজন আশঙ্কাজনক অবস্থায় চিত্রদুর্গা জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন বলে পুলিশ জানিয়েছে ।
পুলিশ সুপার রঞ্জিত কুমার বান্দারু ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন । পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, "নিহতরা সকলেই বেঙ্গালুরু থেকে এসেছেন এবং বেলাগাভি থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে ঘটনাটি ঘটে । প্রাথমিকভাবে জানা গিয়েছে, দ্রুত গতিতে গাড়ি চালোনের ফলে এই দুর্ঘটনা ৷"
পুলিশ সুপার আরও জানিয়েছেন, তথ্য পাওয়া গিয়েছে যে নিহতরা সকলেই বেলাগাভির সাভাদত্তি মন্দিরে গিয়েছিলেন । কারণ সাভাদত্তি ইয়াল্লাম্মা মন্দিরের প্রসাদ তাঁদের গাড়িতে পাওয়া গিয়েছে । ঘটনার বিষয়ে চিত্রদুর্গা গ্রামীণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে ৷ মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ তাঁদের বাড়ির লোকেদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে পুলিশের তরফে ৷ তবে জাতীয় সড়কে এই দুর্ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে ৷ পাশপাশি গাড়িতে কোনও ধরনের যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

