ETV Bharat / bharat

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা; 7 শিশু-সহ মৃত 11, আহত অনেকে

মন্দির দর্শন করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে ৷ নিহতদের মধ্যে 4 মহিলা এবং 7 জন শিশু ৷ আহত প্রায় 20 ৷

ROAD ACCIDENT
সংঘর্ষে দুমড় মুচড়ে গিয়েছে গাড়ি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 13, 2025 at 7:32 AM IST

|

Updated : August 13, 2025 at 9:06 AM IST

3 Min Read
Choose ETV Bharat

দৌসা (রাজস্থান), 13 অগস্ট: ভয়াবহ পথ দুর্ঘটনা ! পিকআপ গাড়ির সঙ্গে এক কন্টেনারের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারালেন 11 জন ৷ আহত 20 জনেরও বেশি ৷ নিহতদের মধ্যে 4 জন মহিলা এবং 7 জন শিশু রয়েছে ৷ মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা ৷ বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে রাজস্থানের দৌসা এলাকায় ৷ শোকপ্রকাশ করেছে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ৷

জানা গিয়েছে, চিকিৎসার জন্য আহতদের এসএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসা চলাকালীন এক মহিলার মৃত্যু হয় ৷ ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11 জন ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এই হাসপাতালে চিকিৎসাধীন 8 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন এসএমএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ড. দীপক মহেশ্বরী এবং অতিরিক্ত সুপার ড. গীরধার গোয়াল ৷

ROAD ACCIDENT IN RAJASTHAN
দৌসার হাসপাতাল (ইটিভি ভারত)

প্রত্যক্ষদর্শীদের মতে, তীব্র সংঘর্ষের জেরে রীতিমতো দুমড়ে মুচড়ে যায় পিকআপ গাড়িটির সামনের অংশ ৷ গাড়ির ভিতরেই আটকে পড়েন একাধিক যাত্রী ৷ বহু চেষ্টার পর স্থানীয় ও পুলিশকর্মীদের সাহায্যে তাঁদের বের করে আনা হয় ৷ ভয়াবহ দুর্ঘটনার জেরে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ৷ অবশেষে পুলিশকর্মীদের প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয় ৷

দৌসার জেলা কালেক্টর দেবেন্দ্র কুমার জানান, বাপির কাছে দৌসা-মনোহপুর রাস্তার উপর ঘটনাটি ঘটে ৷ তীব্র সংঘর্ষে ঘটনাস্থলেই 10 জনের মৃত্যু হয় ৷ দুর্ঘটনায় 20 জনেরও বেশি আহত । পিকআপে থাকা যাত্রীরা খাটুশ্যামজির দর্শন সেরে ফিরছিলেন । ভোরের অন্ধকারে দুর্ঘটনাটি ঘটে ।

ঘটনা প্রসঙ্গে ডিএসপি রবিপ্রকাশ শর্মা জানান, প্রথমে খাটুশ্যাম মন্দির দর্শনে যান যাত্রীরা ৷ পরে সালাসার বালাজি দর্শন সেরে বাড়ির পথে রওনা দেন তাঁরা ৷ সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে সজোরে ধাক্কা মারে পিকআপ গাড়িটি ৷ ঘটনায় 7 জন শিশু এবং 4 জন মহিলার মৃত্যু হয় ৷ ডিএসপি আরও জানান, মৃতরা উত্তরপ্রদেশের ইটাহর আসরাউলি এলাকার বাসিন্দা ৷

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও জেলা প্রশাসনের একটি দল ঘটনাস্থলে পৌঁছয় এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় । গুরুতর আহতদের জয়পুর এবং অন্যান্য প্রধান চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করা হয় । নিহতদের পরিবারের সঙ্গে প্রশাসনের তরফে যোগাযোগ করা হয়েছে ৷ সেই সঙ্গে, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ।

ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ৷ নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তিনি ৷ আহতদের সুচিকিৎসার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন তিনি ৷ এদিন তিনি লেখেন,"দৌসায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণহানির খবর অত্যন্ত দুঃখজনক । আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে । ঈশ্বর যেন মৃতদের আত্মাকে তাঁর চরণকমলে স্থান দেন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করেন।

পড়ুন: খাদে পড়ল গাড়ি, গর্ভবতী মহিলা ও শিশু-সহ মৃত 5
Last Updated : August 13, 2025 at 9:06 AM IST