ভয়াবহ দুর্ঘটনা ! জলের ট্যাঙ্ক পরিষ্কারে নেমে শ্বাসরোধ হয়ে মৃত 4 শ্রমিক
একটি নির্মীয়মাণ ভবনে জলের ট্যাঙ্ক পরিষ্কার করে নামেন চারজন স্যানিটেশন কর্মী ৷ সেসময়ই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তাঁদের ।

Published : March 9, 2025 at 7:19 PM IST
মুম্বই, 9 মার্চ: ভয়াবহ দুর্ঘটনায় মৃত 4 শ্রমিক ৷ দুর্ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের নাগপাড়ার মিন্ট রোডের গুডলাক মোটর ট্রেনিং স্কুলের কাছে ৷ জানা গিয়েছে, একটি নির্মাণাধীন ভবনে জলের ট্যাঙ্ক পরিষ্কার করার সময় শ্বাসরোধ হয়েছে চারজন ঠিকাদার শ্রমিকের মৃত্যু হয়েছে । বৃহন্মুম্বই পুরসভার তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার পর মুম্বই ফায়ার ব্রিগেড শ্রমিকদের উদ্ধার করে জেজে হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷
ঠিক কী হয়েছে ?
ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের নাগপাড়া এলাকায় ৷ একটি নির্মীয়মাণ ভবনে জলের ট্যাঙ্ক পরিষ্কার করে নামেন চারজন স্যানিটেশন কর্মী ৷ সেসময়ই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তাঁদের । ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ, বৃহন্মুম্বই পুরসভার কর্মীরা ৷
প্রসঙ্গত, কয়েকদিন আগেই সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে দুর্ঘটনা ঘটেছিল রাজ্যের নন্দীগ্রামে ৷ ওই ঘটনায় প্রাণ গিয়েছিল দু'জনের ৷ অসুস্থ হয়ে পড়েছিলেন আরও দু’জন ৷ গতমাসে দুর্ঘটনাটি ঘটেছিল নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রামের কানাই জানার বাড়িতে ৷ তাঁর বাড়ির বাথরুমের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামেন এলাকার মিস্ত্রি মৃত্যুঞ্জয় জানা (55) ৷ সঙ্গে ছিলেন কানাই জানার বেহাই মানস গিরি (50)। এর কিছুক্ষণের মধ্যেই সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন তাঁরা দুজন ৷ তাঁদের বাঁচাতে আসেন কানাই জানা ও তাঁর পুত্রবধূ ৷ কিন্তু বিষাক্ত গ্যাসের জেরে তাঁরাও ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন ৷
ট্যাংক পরিষ্কার করা সময় একাধিক মৃত্যুর ঘটনা রয়েছে ৷ এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে সুপ্রিম কোর্টেরও ৷ সেপটিক ট্যাঙ্ক প্রসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ বলছে, নর্দমা বা সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের জন্য ব্যক্তিকে নিয়োগ করলে, যদি দেখা যায় সেক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি রয়েছে, সেক্ষেত্রে জেল এবং জরিমানা, দুই’ই হতে পারে ।

