ETV Bharat / bharat

ধস ও মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত জম্মু-কাশ্মীর, মৃত 11

প্রকৃতির রুদ্ররূপে লন্ডভন্ড উত্তরের পাহাড়ি রাজ্য ৷ রামবান ও রিয়াসি জেলায় ধস ও মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যুমিছিল ৷ নিখোঁজ বহু ৷

JK CLOUDBURST AND LANDSLIDE
ধস ও মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত জম্মু-কাশ্মীর (এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 30, 2025 at 12:36 PM IST

2 Min Read
Choose ETV Bharat

জম্মু, 30 অগস্ট: রাত তখন সাড়ে 11টা ৷ প্রকৃতি ভয়ঙ্কর রূপ জম্মু কাশ্মীরের রামবান জেলার রাজগড়ে ৷ শুক্রবার রাতভর ধ্বংসলীলা চালায় মেঘভাঙা বৃষ্টি ৷ মৃত্যু হয় অন্তত 4 জনের ৷ পাশাপাশি রিয়াসি জেলায় ভূমিধসের ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের 7 জনের ৷ টানা বৃষ্টিপাতের জেরে এই বিপর্যয় ঘটে বলেই প্রশাসন সূত্রে জানা গিয়েছে ৷ ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার অভিযান।

প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে জম্মু-শ্রীনগর 44 নম্বর জাতীয় সড়ক। ব্যাহত যান চলাচল। রামবান জেলায় মেঘভাঙা বৃষ্টির ঘটনায় একাধিক স্কুল ও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ হড়পা বান ও ভূমিধসে ভেসে গিয়েছেন পাঁচজন ৷ একজন এখনও নিখোঁজ ৷ এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে ৷ মানুষজন ধ্বংসস্তূপের মধ্যে তাদের প্রিয়জনদের সন্ধান চালাচ্ছেন ৷

রামবানের ডেপুটি কমিশনার মহম্মদ আলিয়াস খান সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, "স্থানীয় স্বেচ্ছাসেবক থেকে পুলিশ এবং এসডিআরএফ-এর একটি দল গঠিত হয় নিখোঁজদের উদ্ধার করার জন্য ৷ ধ্বংসস্তূপের নীচ থেকে চার জনের দেহ উদ্ধার হয়।" রামবানের সিনিয়র পুলিশ সুপার অরুণ গুপ্তের সঙ্গে মহম্মদ আলিয়াস খান উদ্ধার ও ত্রাণ অভিযান তদারকি করতে শনিবার ভোরেই ঘটনাস্থলে পৌঁছেছেন। জেলা প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান চলছে বলে জানান রামবানের ডেপুটি কমিশনার ৷

অন্যদিকে, জম্মু-কাশ্মীরের রিয়াসিতে ভূমিধসে একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে ৷ প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ভোর নাগাদ রিয়াসি জেলার বাড্ডার গ্রামে ভূমিধসে অসংখ্য বাড়ি ভেঙে পড়েছে ৷ মাহোরের বাড্ডার গ্রামে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনাটি ঘটেছে ৷ নিখোঁজ এলাকাবাসীর সন্ধানে উদ্ধার অভিযান চলছে ৷ প্রশাসন জানিয়েছে, বাড্ডার গ্রামের একটি বাড়ির মালিক নাজির আহমেদ, তাঁর স্ত্রী এবং পাঁচ সন্তান নিখোঁজ রয়েছেন ৷ তাঁদেরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ৷

গৃহহীনদের জন্য অস্থায়ী ত্রাণশিবির গড়ে তোলা হয়েছে, যেখানে খাদ্য, জল ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷ কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে অতিরিক্ত উদ্ধারকারী দল মোতায়েন করা হবে ৷ প্রকৃতির এই রুদ্ররূপ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সকল সহায়তার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, ইতিমধ্যেই রামবান, জম্মু, পুঞ্চ, কিশতওয়ার এবং উধমপুর জেলায় ভারী বৃষ্টিপাতের মধ্যে আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে। রামবান ও রিয়াসির আগে কিশতওয়ার ও কাঠুয়া জেলাতেও প্রকৃতির তাণ্ডবলীলায় ভয়াবহ ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছিল।

আরও পড়ুন: