ETV Bharat / bharat

পুরীর জগন্নাথ মন্দিরে গরম ডাল পড়ে আহত 7 পূণ্যার্থী

আহতদের প্রাথমিকভাবে চিকিৎসার জন্য পুরীর শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন (এসজেটিএ) অফিসের কাছে জরুরি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

PURI JAGANNATH TEMPLE
মন্দিরে গরম ডাল পড়ে আহত সাত পূণ্যার্থী (ফাইল ছবি)
author img

By PTI

Published : June 9, 2025 at 10:45 AM IST

2 Min Read
Choose ETV Bharat

পুরী, 9 জুন: পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরে দুর্ঘটনার কবলে দর্শনার্থীরা ৷ মন্দিরের ভিতরে গরম ডাল গায়ে পড়ে আহত হয়েছেন সাত ভক্ত ৷

মন্দির আধিকারিকরা জানিয়েছেন, রবিবার গরম ডাল দুর্ঘটনাক্রমে তাদের উপর ছিটকে পড়ার ফলে 7 পূণ্যার্থী আহত হয়েছেন ৷ জানা গিয়েছে, বিকেলে মন্দিরে নিয়মমাফিক দেবতার উদ্দেশে ডাল নিবেদন করা হয় ৷ এই ঘটনা যখন ঘটে, তখন মন্দিরে দেবতাদের উদ্দেশ্যে গরম ডাল নিবেদনের পর তা নিয়ে যাওয়া হচ্ছিল ৷ সেই সময়ই ভুলবশত এক সেবায়েতের হাত থেকে ডাল ছিটকে পড়ে যায় ভক্তদের গায়ে ৷

জানা গিয়েছে, আহতরা সকলেই নয়াগড় জেলার বাসিন্দা। আহতদের প্রাথমিকভাবে চিকিৎসার জন্য পুরীর শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন (এসজেটিএ) অফিসের কাছে জরুরি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে এই দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। আহত ভক্তদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্দির কমিটির আধিকারিকরা।

উল্লেখ্য, জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকা নিয়ে বড় পদক্ষেপ নিয়েছে ওড়িশা সরকার । পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের 2 কিলোমিটার এলাকার মধ্যে আমিষ খাবার এবং মদ বিক্রি পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। রবিবার রাজ্যের আইনমন্ত্রী ও আবগারি মন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন এমনটাই জানিয়েছেন । মন্ত্রী বলেন, "পবিত্র শহরের পবিত্রতা রক্ষায় রাজ্য সরকারের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জগন্নাথ মন্দিরের 2 কিলোমিটার মধ্যে বার-সহ মাংস এবং মদ বিক্রির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা বলবৎ করা হবে ।"

তিনি আরও জানান, গ্র্যান্ড রোডে কোনও মদের দোকান বা বার থাকবে না । এছাড়াও, জগন্নাথ মন্দির এবং গুন্ডিচা মন্দিরের মধ্যে সংযোগকারী গ্র্যান্ড রোডে মাংস এবং আমিষজাতীয় খাবার বিক্রিও নিষিদ্ধ । তবে, এই নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়ে দিনক্ষণ স্পষ্ট করে জানাননি মন্ত্রী ।