ETV Bharat / bharat

সাপের কামড়ে মৃতকে বাঁচাতে গোবরে পুঁতলেন তান্ত্রিক, কী বললেন স্থানীয়রা ?

সাপের কামড়ে মৃত্যু হয় প্রৌঢ়ার ৷ তাঁকে বাঁচানো গেল না ৷ কৌতূহলী জনতা তান্ত্রিকের কাণ্ডে নিরাশ হয়ে চলে গেল ৷ কী বলে গেলেন ?

Tantric assures to revive elderly woman who died in snake bite
সাপের কামড়ে মৃত প্রৌঢ়াকে দেখতে ভিড় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 12, 2025 at 5:20 PM IST

2 Min Read
Choose ETV Bharat

সীতাপুর, 12 জুলাই: সাপের কামড়ে মৃত প্রৌঢ়াকে বাঁচিয়ে তুলবেন তিনি ৷ শৌকার্ত পরিবারকে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বঘোষিত স্থানীয় এক তান্ত্রিক ৷ তাই মৃতার দেহ গোবরের স্তূপের মধ্যে চাপা দিয়েছিলেন তান্ত্রিক ৷ কিন্তু মৃত প্রৌঢ় আর বেঁচে ফিরলেন না ৷ এদিকে এই অলৌকিক ঘটনা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ ৷ তাঁরা হতাশ হয়ে যে যাঁর বাড়ি ফিরে গেলেন ৷ মিব়্যাকল দেখতে যাঁরা প্রৌঢ়ার বাড়িতে ভিড় জমিয়েছিলেন, তাঁরাই যাওয়ার সময় এই ঘটনাকে 'কুসংস্কার' বলে গেলেন ৷

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুর জেলায় ৷ জানা গিয়েছে, গত বৃহস্পতিবার চকপূরবা গ্রামে কলাবতী দেবীকে (60) সাপে কামড়ায় ৷ তাঁকে দ্রুত কাছাকাছি একটি গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে তাঁকে বিসিএম হাসপাতাল খৈরাবাদে স্থানান্তরিত করা হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

কলাবতী দেবীর পরিবারের সদস্যরা শেষকৃত্যের জন্য তাঁর মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনেন ৷ এদিকে স্থানীয় এক স্বঘোষিত তান্ত্রিক বাবা কৃপাল দাস দাবি করেন, তন্ত্রসাধনার মাধ্যমে তিনি কলাবতী দেবীকে বাঁচিয়ে তুলবেন ৷ তান্ত্রিকের পরামর্শে বাড়ির লোকজন প্রচুর পরিমাণে গোবর জোগাড় করে ৷ কলাবতী দেবীর দেহ ওই গোবরের স্তূপের নীচে পুঁতে দেওয়া হয় ৷ তান্ত্রিক জানান, 24 ঘণ্টার মধ্যে ওই গোবরের স্তুপ থেকে বেঁচে উঠবেন সাপের কামড়ে মৃত প্রৌঢ়া ৷

এদিকে সন্ধ্যা 8টা নাগাদ এই মিব়্যাকল দেখতে অনেকেই কলাবতী দেবীর বাড়িতে ভিড় করেন ৷ এর মধ্যে স্থানীয় থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিবারকে বোঝানোর চেষ্টা করে ৷ কিন্তু প্রৌঢ়ার পরিবারের লোকজন পুলিশের কথায় রাজি হয়নি ৷

স্থানীয় সূত্রে খবর, তান্ত্রিক হজরতপুর এবং ইচ্ছহা গ্রামে থাকেন ৷ স্বভাবতই তান্ত্রিকের কথামতো প্রৌঢ়া বেঁচে ফেরেননি ৷ তাঁর দাবি মিথ্যা প্রমাণিত হয় ৷ প্রৌঢ়াকে গোবরের স্তূপ সরিয়ে বের করে আনা হয় ৷ এদিকে যাঁরা তান্ত্রিকের অত্যাশ্চর্য অলৌকিক দাবি দেখতে হাজির হয়েছিলেন, তাঁরা নিরাশ হলেন ৷ যাওয়ার সময় তাঁরাই বলে গেলেন এটা কুসংস্কার ৷