ETV Bharat / bharat

এসআইআর মামলা, বৈধ নথি হিসেবে আধার কার্ড গ্রহণের সুপ্রিম-নির্দেশ

আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় বলে দাবি কমিশনের ৷ এই দাবির সঙ্গে সহমত জানিয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশ আধার নম্বর যাচাই করে দেখা যাবে ৷

BIHAR
বৈধ নথি হিসেবে আধার কার্ড গ্রহণের সুপ্রিম নির্দেশ (ইটিভি ভারত)
author img

By PTI

Published : September 8, 2025 at 4:46 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ড গ্রহণ করতে হবে নির্বাচন কমিশনকে ৷ বিহারে এসআইআর সংক্রান্ত মামলায় সোমবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি সূর্য কান্তর ডিভিশন বেঞ্চ ৷

এতদিন ভোটার তালিকার বিশেষ সংশোধনের ক্ষেত্রে 11টি নথি জমা দেওয়া যেত ৷ আদালতের নির্দেশ এখন থেকে আধার কার্ডও গ্রহণ করতে হবে ৷ পাশাপাশি এদিনই নির্দেশিকা জারি করে বিষয়টি জানিয়ে দিতে হবে কমিশনকে ৷ এতদিন কেন আধারকে মান্যতা দেওয়া হয়নি তা জানতে কমিশন শো-কজ নোটিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ সেই নোটিশেরও জবাব দিতে বলা হয়েছে ৷

আধার নাগরিকত্ব প্রমাণ করে না বলে আগে আদালতে দাবি করেছিল কমিশন ৷ এ বিষয়ে কমিশনের সঙ্গে সহমত পোষণ করে সর্বোচ্চ আদালত জানিয়েছে, নির্বাচনের নিয়ামক সংস্থা চাইলে আধার নম্বর যাচই করে দেখতে পারে ৷ সেক্ষেত্রে কেউ জাল আধার কার্ডের সাহায্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন কি না তা জানা যাবে ৷ এ প্রসঙ্গে আদালত জানায়, কোনও অনুপ্রবেশকারীই যাতে ভোটার তালিকায় জায়গা না পান তা নিশ্চিত করতে হবে কমিশনকে ৷

নির্বাচন কমিশনের তরফে প্রবীণ আইনজীবী রাকেশ দ্বিবেদী আদালতকে বলেন, বিহারের 7 লাখ 24 হাজার ভোটারের মধ্যে 99.6 শতাংশ নথি জমা দিয়েছেন ৷ এখন আধার কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করলে কেউ উপকৃত হবেন না ৷ কিন্ত তার আবেদনে সাড়া দেয়নি আদালত ৷

চলতি বছরের শেষে বিধানসভা নির্বাচন ৷ তার আগে ভোটার তালিকার বিশেষ সংশোধনের সিদ্ধান্ত নেয় কমিশন ৷ প্রক্রিয়া শুরু করে 65 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদও দেওয়া হয় ৷ তা নিয়ে বিরোধী দল এবং কয়েকটি সংগঠন শীর্ষ আদালতে মামলা করে ৷ মামলার শুনানিতে কমিশন প্রথমে জানিয়েছিল কাদের কাদের নাম বাদ গেল তা তালিকা প্রকাশ করে জানানো হবে না ৷ কিন্ত এই প্রসঙ্গে ধাক্কা খায় কমিশন ৷

বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নির্দেশ দেয়, এসআইআর প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাওয়া 65 লক্ষ ভোটারের নামের তালিকা প্রকাশ করতে হবে । কেন ওই নামগুলি বাদ দেওয়া হয়েছে তা-ও বিস্তারিতভাবে জানাতে হবে ৷ এই প্রসঙ্গে শীর্ষ আদালত কমিশনকে কটাক্ষ করে বলে, কমিশন কি এই নামগুলির সাইন বোর্ড তৈরি করবে ঠিক করছে? তা না হলে কাদের নাম বাদ গেল তা নিজেদের ওয়েবসাইটে তুলে ধরতে তাদের সমস্যা হচ্ছে কেন ? আদালতের নির্দেশ মতো 65 লক্ষ ভোটারের নামের তালিকা প্রকাশ করে কমিশন ৷ বিভিন্ন জেলার দায়িত্বে থাকা নির্বাচনী আধিকারিকরা নিজেদের ওয়েবসাইটে নামের তালিকা প্রকাশ করেন ৷ তবে এ নিয়েও কম জলঘোলা হয়নি ৷ বিরোধীদের দাবি কমিশনের দেওয়া তালিকা মেশিনের সাহায্য়ে পড়া যায় না ৷ আর তাই অস্বচ্ছতার সুযোগ থেকে যাচ্ছে ৷ এবার আধার কার্ড গ্রহণ করা নিয়েও কমিশনের দাবি খারিজ করল শীর্ষ আদালত ৷