উল্টোরথের আগে গুণ্ডিচা মন্দিরে পূণ্যার্থীদের ঢল, তৎপর প্রশাসন
'বহুড়া যাত্রা'র আগে এই দিনটি ছিল তিন দেবতা ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা এবং ভগবান জগন্নাথকে তাদের মাসির বাড়িতে প্রণাম করার শেষ দিন।

By PTI
Published : July 4, 2025 at 8:04 PM IST
পুরী, 4 জুলাই: শনিবার উল্টোরথ ৷ তার আগে শুক্রবার কয়েক হাজার ভক্ত 'নবমী তিথি' উপলক্ষে 'সন্ধ্যা দর্শন'র জন্য শ্রী গুণ্ডিচা মন্দিরে হাজির হয়েছেন ৷ 'বহুড়া যাত্রা'র আগে এই দিনটি ছিল তিন দেবতা ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা এবং ভগবান জগন্নাথকে তাদের মাসির বাড়িতে প্রণাম করার শেষ দিন। শনিবার নির্ধারিত উল্টোরথ বা বহুড়া যাত্রায় তিন দেবতা ফের তাদের মূল মন্দিরে ফিরে আসবেন ৷
ডিজিপি ওয়াই বি খুরানিয়া এবং রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা সুষ্ঠুভাবে দর্শন নিশ্চিত করার জন্য তদারকি করেন। ওয়াই বি খুরানিয়া বলেন, "ভক্তরা সারিবদ্ধভাবে মন্দিরে প্রবেশ করছেন এবং ভোর থেকেই প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে চলছে। ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে সকল ব্যবস্থা করা হয়েছে। জনগণকে নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে ৷" খুরানিয়া ছাড়াও, এডিজি সৌমেন্দ্র প্রিয়দর্শী, সিনিয়র আধিকারিক অরবিন্দ আগরওয়াল, পুরীর কালেক্টর চঞ্চল রানা, এসপি পিনাক মিশ্র এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভক্তদের ব্যাপক সমাগম আশা করে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও পিনাক মিশ্র জানিয়েছেন।
গত 29 জুন মন্দিরের কাছে মর্মান্তিক পদপিষ্ট হওয়ার ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ সেই ঘটনায় তিনজনের মৃত্যু এবং প্রায় 50 জন আহত হন। শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন আগেই জানিয়েছিল, শুক্রবার সন্ধ্যা ছ'টা পর্যন্ত মন্দিরে সাধারণের প্রবেশাধিকার থাকবে। মন্দির প্রশাসন জানিয়েছে, "শুক্রবার 'সন্ধ্যা দর্শন' উপলক্ষে, শ্রী গুণ্ডিচা মন্দিরের সিংহদ্বারে জনসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। দেবতাদের শুভ বহুড়া যাত্রার আগে প্রয়োজনীয় আচার-অনুষ্ঠান এবং বিস্তারিত প্রস্তুতির কথা মাথায় রেখে যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে ৷" প্রতি বছর আষাঢ় শুক্লপক্ষ নবমী তিথিতে গুণ্ডিচা মন্দিরে জগন্নাথের সন্ধ্যা দর্শন হয়। পণ্ডিত সূর্যনারায়ণ রথশর্মা বলেন, "নয় দিনের রথযাত্রা উৎসবের মধ্যে এটিকে সবচেয়ে শুভ দিনগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়।"
অন্যদিকে, উল্টোরথের প্রস্তুতির অংশ হিসেবে, রথগুলিকে দক্ষিণ দিকে ঘোরানো হয়েছে ৷ দ্বাদশ শতাব্দীর মন্দিরে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে, পুরী পুলিশ আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং সমস্ত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে শহর জুড়ে হোটেল তল্লাশি চালিয়েছে, পুলিশ জানিয়েছে। রবিবারের ঘটনা থেকে শিক্ষা ৷ সোমবার ভক্তদের ভিড় সামলাতে গুণ্ডিচা মন্দিরের সামনে তৈরি করা হল ব্যারিকেড ৷ রথযাত্রার চতুর্থ দিনে সেই ব্য়ারিকেডে লম্বা লাইনে বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথ মহাপ্রভুর দর্শন করলেন হাজার হাজার ভক্ত ৷
রথযাত্রার তৃতীয় দিন রবিবার ভোরে গুণ্ডিচা মন্দিরের সামনে শারধাবলীতে জগন্নাথদেবকে দেখার জন্য ভিড় জমান ভক্তরা ৷ ঠিক সেই সময়ই হুড়োহুড়ি শুরু হয় ৷ ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে মৃত্যু হয় দুই মহিলা-সহ 3 জনের ৷ আহতের সংখ্যা 50 জন ৷ পুরী সদর হাসপাতালে তাঁদের ভর্তি করা হয় ।

