ETV Bharat / bharat

5 বছরে 14 বার, ফের প্যারোলে মুক্তি ধর্ষণ মামলায় দোষী রাম রহিমের

গত পাঁচ বছরে ডেরা প্রধান রাম রহিম সিং কমপক্ষে 354 দিন প্যারোলে মুক্তি পেয়েছে । সে শেষ প্যারোলে মুক্তি পেয়েছিল চলতি বছরের এপ্রিলে ।

Ram Rahim Parole
ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং (ফাইল ছবি- আইএএনএস)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 5, 2025 at 7:44 PM IST

3 Min Read
Choose ETV Bharat

রোহতক, 5 অগস্ট: ফের 40 দিনের প্যারোলে মুক্তি পেল ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং ৷ এই নিয়ে 2020 সালের পর থেকে 14 বার প্যারোলে মুক্তি দেওয়া হল তাকে ।

হরিয়ানার রোহতকের সুনারিয়া জেলে রয়েছে রাম রহিম ৷ তাকে মঙ্গলবার সকালে 40 দিনের প্যারোলে মুক্তি দেওয়া হয় । জেল থেকে ছাড়া পাওয়ার কিছুক্ষণ পরেই সে সিরসায় অবস্থিত ডেরা সাচ্চা সৌদার সদর দফতরের উদ্দেশে রওনা দেয় ৷ যেখানে সে তার বেশিরভাগ ছুটি কাটাবে বলে জানা গিয়েছে । এরপর 14 সেপ্টেম্বর ফের সে কারাগারে ফিরে আসবে ।

দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিল রাম রহিম এবং এই মামলায় 20 বছরের কারাদণ্ড হয় তার । পাশাপাশি 2022 সালে সাংবাদিক রাম চন্দ্র ছত্রপতি হত্যার ঘটনায় রাম রহিমের ভূমিকার জন্য তার যাবজ্জীবন কারাদণ্ডে হয় । সেই কারণে বর্তমানে তিনি জেলবন্দি ৷

জানা গিয়েছে, রাম রহিম গত পাঁচ বছরে কমপক্ষে 354দিন প্যারোলে মুক্তি পেয়েছে । সে শেষ প্যারোলে মুক্তি পেয়েছিল এই বছরের এপ্রিলে ৷ সেটা ডেরা সাচ্চা সৌদার প্রতিষ্ঠার মাস হওয়ায় তাকে 21 দিনের প্যারোল দেওয়া হয়েছিল ।

2025 সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট রাম রহিমকে বারবার জেল থেকে সাময়িক মুক্তির বিরুদ্ধে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির (এসজিপিসি) আবেদন গ্রহণ করতে অস্বীকার করে । সুপ্রিম কোর্ট বলে যে, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিরুদ্ধে আবেদন গ্রহণ করতে তারা আগ্রহী নয় । 2024 সালের অগস্টে হাইকোর্ট কর্তৃক এসজিপিসির আবেদন নিষ্পত্তির নির্দেশের বিরুদ্ধে তারা সর্বোচ্চ আদালতে আবেদন করেছিল ৷

সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ বলেছিল যে যদি রাম রহিম অস্থায়ী মুক্তির জন্য আবেদন করে, তবে কোনও স্বেচ্ছাচারিতা বা পক্ষপাতিত্ব ছাড়াই উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা তা বিবেচনা করা উচিত । এসজিপিসি অভিযোগ করেছিল, হরিয়ানা রাম রহিমকে অস্থায়ী মুক্তি দেওয়ার সময় হরিয়ানা গুড কন্ডাক্ট প্রিজনার্স (অস্থায়ী মুক্তি) আইন, 2022-এর ধারা 11-এর অধীনে তার ক্ষমতার অপব্যবহার করছে ।

2020 সালের অক্টোবর থেকে 2025 সালের অগস্ট পর্যন্ত বেশ কয়েকবার অস্থায়ীভাবে প্যারোলে মুক্তি পেয়েছে রাম রহিম । নিচে তার প্যারোলের একটি তালিকা দেওয়া হল:

  • অক্টোবর 2020: মেডিক্যাল চেকআপের জন্য একদিনর প্যারোলে মুক্তি ।
  • মে 2021: অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার জন্য 12 ঘণ্টার প্যারোলে মুক্তি ।
  • ফেব্রুয়ারি 2022: 21 দিনের ছুটি ।
  • জুন 2022: 30 দিনের প্যারোলে মুক্তি ।
  • অক্টোবর 2022: 40 দিনের প্যারোলে মুক্তি ।
  • জানুয়ারি 2023: 40 দিনের প্যারোলে মুক্তি ।
  • জুলাই 2023: 30 দিনের প্যারোলে মুক্তি ।
  • নভেম্বর 2023: 29 দিনের প্যারোলে মুক্তি ।
  • জানুয়ারি 2024: 30 দিনের প্যারোলে মুক্তি ।
  • এপ্রিল 2024: 21 দিনের ছুটি ।
  • অগস্ট 2024: 21 দিনের ছুটি ।
  • জানুয়ারি 2025: 30 দিনের প্যারোলে মুক্তি ।
  • এপ্রিল 2025: ডেরা সাচ্চা সৌদার প্রতিষ্ঠার মাসে 21 দিনের ছুটি ।
  • অগস্ট 2025: 40 দিনের প্যারোলে মুক্তি।