দেশের প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসা করে 'এরো ইন্ডিয়া'কে কুম্ভের সঙ্গে তুলনা রাজনাথের
পাঁচ দিনের এই অনুষ্ঠানটি 10 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 13 ও 14 তারিখ অনুষ্ঠানে জনসাধারণের খুলে দেওয়া হবে ৷

Published : February 10, 2025 at 6:05 PM IST
বেঙ্গালুরু, 10 ফেব্রুয়ারি: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সোমবার ইয়েলহাঙ্কা বিমান বাহিনী স্টেশনে এশিয়ার বৃহত্তম মহাকাশ ও প্রতিরক্ষা প্রদর্শনীর 15তম অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলার সঙ্গে তুলনা টেনে রাজনাথ সিং 'এরো ইন্ডিয়া 2025'-কে ভারতের শক্তি প্রদর্শনের মহাকুম্ভ হিসেবেও বর্ণনা করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বলেন, "ভারতে এই সময়ে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ভারত ও বিদেশের বহু মানুষ প্রয়াগরাজে পবিত্র স্নান করছেন। আমারও কুম্ভস্নান করার সৌভাগ্য হয়েছে ৷ আমি বিশ্বাস করি যে, এরো ইন্ডিয়া শো দেশে আরেকটি মহাকুম্ভের সূচনা করবে।"

পাঁচ দিনের এই অনুষ্ঠানটি 10 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 13 ও 14 তারিখ অনুষ্ঠানে জনসাধারণের খুলে দেওয়া হবে ৷ রাজনাথ সিং এরো ইন্ডিয়া উদ্বোধন অনুষ্ঠানে দেশের প্রযুক্তিগত অগ্রগতিরও প্রশংসা করেছেন ৷ তিনি জোর দিয়ে বলেন, "কীভাবে এরো ইন্ডিয়া ভারতের প্রযুক্তিগত অগ্রগতি বিশ্বের কাছে তুলে ধরে। একদিকে, প্রয়াগরাজের মহাকুম্ভ আত্মমর্যাদা প্রতিফলিত করে ৷ অন্যদিকে, এরো ইন্ডিয়ার এই মহাকুম্ভ আদতে অনুসন্ধান, গবেষণার ৷"
তাঁর কথায়, "প্রয়াগরাজের মহাকুম্ভ অভ্যন্তরীণ শক্তিশালীকরণের উপর দৃষ্টি দিয়েছে, অন্যদিকে এরো ইন্ডিয়া বাইরের শক্তিশালীকরণের উপর জোর দিয়েছে। প্রয়াগরাজের মহাকুম্ভ ভারতের সমৃদ্ধ সংস্কৃতি প্রদর্শন করে, অন্যদিকে এরো ইন্ডিয়া ভারতের সামরিক ও প্রযুক্তিগত শক্তি প্রদর্শন করে ৷"

বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও রাজনাথ সিং ভারতে শান্তি ও সমৃদ্ধির প্রশংসা করেন বলেন, "একটি বৃহৎ দেশ হিসেবে ভারত সর্বদা শান্তি ও স্থিতিশীলতার পক্ষে।" তিনি ভারতীয় প্রতিরক্ষা রফতানির রেকর্ড পরিসংখ্যান নিয়েও আলোচনা করেন ৷ তিনি বলেন, "প্রতিরক্ষা রপ্তানি 21 হাজার কোটি টাকার রেকর্ড অঙ্কে পৌঁছেছে।" তাঁর আরও বক্তব্য, "এটি কেবল আমার জন্য নয়, সমগ্র দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি ভারতের সাহসী জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের 'অতিথি দেবো ভাব'-এর একটি ঐতিহ্য রয়েছে। ভারতে, আমরা আমাদের অতিথিদের ঈশ্বর হিসাবে বিবেচনা করি। আমি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত সকল সম্মানিত অতিথিদের সঙ্গে 'অতিথি দেবো ভাব'-এর এই ঐতিহ্য ভাগ করে নিতে চাই ৷"

রাজনাথ সিংয়ের কথায়, "প্রায় 30টি দেশের প্রতিরক্ষামন্ত্রী বা প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছেন। 43টি দেশের বিমানবাহিনী প্রধান এবং সচিবদের উপস্থিতি এই অনুষ্ঠানের তাৎপর্য আরও তুলে ধরে-কেবল ভারতের জন্য নয়, সমগ্র আন্তর্জাতিক প্রতিরক্ষা সম্প্রদায়ের জন্য ৷" সোমবার দ্বিবার্ষিক এরো ইন্ডিয়ার সূচনা উপলক্ষে আকাশে ভারতীয় বিমান বাহিনীর বজ্রধ্বনি শোনা গেল ৷ ইয়েলহাঙ্কা বিমান বাহিনী স্টেশনে বিমানটি আকাশে নৈপুণ্য প্রদর্শন করার সময় দর্শকরা মন্ত্রমুগ্ধ হয়ে দেখেন। পাঁচ দিনের এই অনুষ্ঠানকে এশিয়ার সবচেয়ে বড় শোগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে ৷ যেখানে বেশ কয়েকটি দেশ এবং সংস্থা অংশ নিয়েছে ৷

দলের নেতৃত্ব দিয়ে বিমান বাহিনী প্রধান মার্শাল এপি সিং তেজস ফর্মেশনের সঙ্গে ইভেন্টের প্রথম যাত্রায় অংশ নেন। তিনি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) দ্বারা দেশীয়ভাবে তৈরি যুদ্ধ বিমান তেজসে উড়েছিলেন। রাফালে উড়ে আসা মহিলা পাইলটদের শক্তি ফর্মেশন ভারতীয় বিমান বাহিনীতে মহিলাদের ক্রমবর্ধমান ভূমিকা প্রদর্শন করে। ভারতীয় বায়ু সেনা সূর্য কিরণ অ্যারোব্যাটিক টিম (SKAT) বিভিন্ন ফর্মেশন প্রদর্শন করায় দর্শকরা বিস্মিত হয়ে পড়েন।

