ETV Bharat / bharat

'অ্যাটম বোমা ফাটাব, ভোট চুরি করছে কমিশন', বিস্ফোরক রাহুল

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের পরপরই কংগ্রেস অভিযোগ করেছিল ভোটে কারচুপি হয়েছে এবং এর নেপথ্যে রয়েছে কমিশন ৷ এদিন সংসদ চত্বরে কার্যত বোমা ফাটালেন কংগ্রেস সাংসদ ৷

LOP Rahul Gandhi
সংসদ চত্বরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি (ছবি: পিটিআই)
author img

By PTI

Published : August 1, 2025 at 3:52 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 1 অগস্ট: বিজেপির জন্য ভোট চুরি করছে নির্বাচন কমিশন ! শুক্রবার সংসদ চত্বরে সাংবাদিকদের কাছে কার্যত বোমা ফাটালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ ভোট চুরির প্রমাণ আছে কংগ্রেসের কাছে, হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস সাংসদ ৷ এক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের (এসআইআর) পর এদিনই বিহারের প্রথম দফার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ৷ এদিকে এই প্রক্রিয়ার বিরুদ্ধে এদিনও সংসদ চত্বরে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি, রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধি এবং বিরোধী দলের অন্য সাংসদরা ৷

নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে বিরোধী দলনেতা সংসদ চত্বরে বলেন, "ভোট চুরি হচ্ছে ৷ আমাদের কাছে এর প্রমাণ আছে ৷ নির্বাচন কমিশন ভোট চুরির কাজে জড়িত ৷" তিনি জানান, গত বছর মধ্যপ্রদেশের নির্বাচনের পর ভোট জালিয়াতির বিষয়টি নিয়ে কংগ্রেসের সন্দেহ হয় ৷ তাই তারা পৃথক তদন্ত করেন ৷ এই তদন্তে যা উঠে এসেছে, তাতে কংগ্রেস নিশ্চিত যে কমিশন বিজেপির জন্য ভোট চুরি করছে ৷

সংসদ চত্বরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ রাহুল গান্ধির (ভিডিয়া: পিটিআই)

কমিশনের বক্তব্য়

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন জানিয়েছে, "প্রতিদিনই এই ধরনের ভিত্তিহীন অভিযোগগুলি উঠছে ৷ এই বিষয়গুলিকে নির্বাচন কমিশন গুরুত্ব দেয় না ৷ রোজ এই রকম হুঁশিয়ারি দেওয়া হয় ৷ আমরা সব নির্বাচনী আধিকারিকদেরই বলব, আপনারা পক্ষপাতহীন ও স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন ৷ এধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে কান দেবেন না ৷"

নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি রাহুলের

রাহুল গান্ধি জোর দিয়ে বলেন, "আমরা জানি, মহারাষ্ট্রে রাজ্যস্তরে ভোট চুরি হয়েছে ৷ ভোটার তালিকা সংশোধন হয়েছে এবং এক কোটি ভোটারের নাম তালিকায় যুক্ত হয়েছে ৷ নির্বাচন কমিশন আমাদের সাহায্য না-করায় আমরা নিজেরাই বিস্তারিত খোঁজখবর শুরু করি ৷ আমরা আমাদের মতো তদন্ত করেছি ৷ ছ'মাস ধরে তদন্তের পর আমরা হাতে যা পেয়েছি, তা অ্যাটম বম্ব ৷ এই বোমা ফাটলে দেশে নির্বাচন কমিশনকে আর দেখা যাবে না ৷"

প্রাক্তন কংগ্রেস সভাপতি হুঁশিয়ারি দেন নির্বাচন কমিশনের যে বা যাঁরা এই ভোট চুরির সঙ্গে জড়িত, শীর্ষস্তর থেকে একেবার নিচুস্তরের কর্মী- তাঁদের খুঁজে বের করা হবে ৷ রাহুল বলেন, "ভারতের বিরুদ্ধে কাজ করছে ৷ এটা বিশ্বাসঘাতকতার থেকে কোনও অংশে কম নয় ৷ আপনি অবসর নিতে পারেন, যেখানেই থাকুন, আপনাকে আমরা খুঁজে বের করব ৷"

বাদল অধিবেশনের প্রথম থেকেই বিহারে স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে উত্তপ্ত সংসদের দুই কক্ষ ৷ প্রতিদিনই কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা এসআইআর পোস্টার হাতে বিক্ষোভ প্রদর্শন করছেন ৷ এদিনই কংগ্রেস-সহ ইন্ডিয়া শিবিরের বিরোধী দলগুলি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে বিহারের এসআইআর নিয়ে বিশেষ আলোচনার আর্জি জানিয়ে চিঠি দিয়েছে ৷

এই চিঠিতে বিরোধী দলের সাংসদরা এসআইআর নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ৷ তাঁদের বক্তব্য, রাজ্যে বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি থাকতে এই বিশাল প্রক্রিয়া হওয়ায় সমস্যায় পড়তে হয়েছে বিহারের ভোটারদের ৷ এর ফলে লক্ষ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা ৷

রায়বরেলির কংগ্রেস সাংসদ রাহুল এদিন জোর দিয়ে বলেন, "আমার কথা হালকা ভাবে নেবেন না ৷ আমার কাছে একশো শতাংশ প্রমাণ আছে ৷ আমরা যে মুহূর্তে সেই প্রমাণ প্রকাশ করব, সঙ্গে সঙ্গে সারা দেশ জেনে যাবে নির্বাচন কমিশন কীভাবে ভোট চুরিতে প্রশ্রয় দিচ্ছে ৷ আর তারা এই কাজ করছে বিজেপির জন্য ৷"