ETV Bharat / bharat

পুরীর রথের সঙ্গে জুড়ছে সংসদ, জগন্নাথ মন্দিরের প্রস্তাবে সম্মতি বিড়লার

পুরীর জগন্নাথ মন্দিরে দর্শন করলেন বিড়লা থেকে শুরু করে বিজেপির বেশ কয়েকজন শীর্ষ নেতা ৷ সে সময় তাঁদের সঙ্গে কথা হয় জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 30, 2025 at 5:20 PM IST

3 Min Read
Choose ETV Bharat

ভুবনেশ্বর 30 অগস্ট: পুরীর রথের চাকা শোভা পাবে সংসদে ৷ লোকসভার স্পিকার ওম বিড়লা এই প্রস্তাবে রাজি হয়েছেন বলে জানা গিয়েছে ৷ পুরীর জগন্নাথ মন্দিরের তরফ থেকে এই মর্মে প্রস্তাব এসেছিল ৷ তাতে সম্মতি দিয়েছেন স্পিকার ৷

শ্রী জগন্নাথ টেম্পেল অ্যাডমিনিস্ট্রেশন বা এসজিটিএ-র তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, শুক্রবার সংসদের নিম্নকক্ষের অধ্যক্ষ পুরীর মন্দির দর্শন করতে আসেন ৷ সে সময় মন্দির কর্তৃপক্ষের তরফে তাঁকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ তাতে সম্মত হয়ে বিড়লা জানিয়েছেন, পুরীর রথের চাকা সংসদে রাখায় তাঁর কোনও আপত্তি নেই ৷ তবে কবে এবং কীভাবে সংসদে রথের চাকা রাখার প্রক্রিয়া শেষ হবে তা এখনও জানা যায়নি ৷ ওড়িশা বিধানসভায় রথের চাকা আগে থেকেই রাখার ব্যবস্থা আগে থেকেই আছে ৷ এবার মানুষের শাসন গণতন্ত্রের সবচেয়ে বড় মন্দির ভারতের সংসদে রথের চাকা রাখতে চায় মন্দির কর্তৃপক্ষ ৷

PURI RATH YATRA
রথের চাকা (ইটিভি ভারত)

বিবৃতির পাশাপাশি এসজিটিএ-র মুখ্য প্রশাসক অরবিন্দ পাধি এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে লেখেন, "শুক্রবার লোকসভার অধ্যক্ষ-সহ অন্য বিশিষ্টরা জগন্নাথ মন্দিরে দর্শন করে প্রভুর আশীর্বাদ নিয়েছেন ৷ স্পিকারকে অনুরোধ করা হয় যাতে রথের চাকা সংসদে রাখা সম্ভব হয় ৷ এই প্রস্তাবে তিনি রাজি হয়েছেন ৷ " এদিন স্পিকারের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বিজেপি সাংসদ সম্বিত পাত্রও শ্রীমন্দির দর্শন করেন ৷

প্রতিবারের মতো এবারও মহাসমারোহে পালিত হয় রথযাত্রা ৷ তবে আনন্দ আর উৎসাহকে পাথেয় করে শুরু হওয়া রথের উৎসব শেষমেশ নিরানন্দে পরিণত হয় ৷ ভগবান জগন্নাথদের মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরে যাওয়ার পথে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিন জনের ৷ আহতও হন বেশ কয়েকজন ৷ এই ঘটনায় ক্ষমা চান ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ৷ পাশাপাশি একগুচ্ছ প্রশাসনিক পদক্ষেপও করে ওড়িশা সরকার ৷ পুরীর জেলাশাসক সিদ্ধার্থ শঙ্কর সোয়াইন এবং পুলিশ সুপার বিনীত আগরওয়ালকে বদলির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি দুই পুলিশ কর্তা ডিসিপি বিষ্ণু পাটি এবং কমান্ড্যান্ট অজয় পাধিকেও সাসপেন্ড করা হয় ৷

এবারের রথযাত্রা অবশ্য বাঙালিদের কাছে অন্য একটি বিশেষ কারণে স্মরণীয় হয়ে আছে ৷ অক্ষয় তৃতীয়ায় উদ্বোধনের পর এবারই প্রথম রথযাত্রার উৎসব হয় দিঘার জগন্নাথ মন্দিরে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একাধিক উপাচারে অংশ নেন ৷ নির্মাণ পর্ব মিটতে না মিটতেই এই মন্দির নিয়ে নানা বিতর্ক হয়েছে ৷ প্রথমেই 'জগন্নাথ ধাম' শব্দটি ব্যবহার নিয়ে আপত্তি ওঠে ৷ ওড়িশার মুখ্যমন্ত্রীও বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এই বিশেষ শব্দটি ব্যবহার না করতে অনুরোধ করেন ৷ এমনই আবহে সম্পন্ন হয় দিঘার মন্দিরের উৎসব ৷ আর এবার জগন্নাথ দেবের রথের চাকা শোভা পেতে চলেছে ভারতের সংসদে ৷