ETV Bharat / bharat

'জয় জগন্নাথ' ধ্বনিতে মুখরিত শ্রীক্ষেত্র, মন্দির থেকে বেরোলেন তিন ভাই-বোন

নানা আচার-অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুরীতে পালিত হচ্ছে রথযাত্রা ৷ সকাল থেকেই ভক্তদের 'জয় জগন্নাথ' ধ্বনিতে মুখরিত শ্রীক্ষেত্র ৷ মন্দির নগরীতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম।

PURI RATH YATRA 2025
পুরী রথযাত্রা (ইটিভি ভারত)
author img

By PTI

Published : June 27, 2025 at 3:56 PM IST

2 Min Read
Choose ETV Bharat

পুরী, 27 জুন: প্রত্যাশামতোই পুরীতে জনপ্লাবন ৷ যেদিকে নজর যাচ্ছে, সেখানেই ভক্তদের ভিড়। মন্দির নগরীতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে ৷ সকাল থেকে সমস্ত রীতি-নীতি মেনে প্রভু জগন্নাথ-ও তাঁর দু'ভাইবোনকে পুজো করা হয়েছে ৷ এরপর তাঁরা মন্দির ছেড়ে মাসির বাড়ির উদ্দেশে রওনা দেবেন বলে রথে চড়েছেন ৷

মহাপ্রভু জগন্নাথ তাঁর রথ নন্দীঘোষে চড়েছেন ৷ তালধ্বজে ভাই বলরাম চড়েছেন ৷ দর্পদলন রথে রয়েছেন বোন সুভদ্রা ৷ প্রত্যেকটি রথকে ফুল ও মালায় সাজিয়ে অনন্য রূপ দেওয়া হয়েছে ৷ তাঁরা বিকেল 4টে নাগাদ গুন্ডিচা মন্দিরের দিকে রওনা দেবেন ৷

PURI RATH YATRA 2025
ওড়িশি নৃত্যতে মেতে শিল্পীরা (ইটিভি ভারত)

দেশ-বিদেশ থেকে এবার প্রায় 15 লক্ষ ভক্তের সমাগম পুরীর জগন্নাথধামে ৷ তিনটি রথের উচ্চতা ও গঠনবিন্যাসও ভিন্ন। জগন্নাথের রথ 45 ফুট উঁচু ৷ এখানে 16টি চাকা আছে। বলভদ্রের রথ 43 ফুট উঁচু ৷ চাকার সংখ্যা 14। সুভদ্রার রথের উচ্চতা 42 ফুট ৷ রথে 12টি চাকা আছে ।

PURI RATH YATRA 2025
পুরীতে পালিত হচ্ছে রথযাত্রা (ইটিভি ভারত)

কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না-ঘটে তাই রথযাত্রা উপলক্ষে পুরীকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ৷ এনডিআরএফ মোতায়েন করা হয়েছে। উৎসবের সুষ্ঠু আয়োজনের জন্য সিএপিএফ এবং ওড়িশা পুলিশ সহ মোট 10 হাজার নিরাপত্তা কর্মী নিয়োজিত রয়েছেন।

PURI RATH YATRA 2025
'জয় জগন্নাথ' ধ্বনিতে মুখরিত শ্রীক্ষেত্র (ইটিভি ভারত)

এই প্রথমবার পুরীর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে এনএসজিকে। সঙ্গে মোতায়েন করা হয়েছে নৌ-বাহিনীকেও। মূল রাস্তায় এআই ক্যামেরা বসানো হয়েছে নজরদারি চালানোর জন্য। আকাশপথে ড্রোন ঘুরছে।

PURI RATH YATRA 2025
কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পুরীকে (ইটিভি ভারত)
  • এদিকে রথযাত্রা উপলক্ষে আজ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী ও মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, "ভগবান জগন্নাথের রথযাত্রার পবিত্র উপলক্ষে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। বিশ্বাস ও ভক্তির এই পবিত্র উৎসব সকলের জীবনে সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য এবং চমৎকার স্বাস্থ্য বয়ে আনুক। জয় জগন্নাথ!"

  • রথযাত্রায় পুরীর সমুদ্র সৈকতে বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক তাঁর ভাস্কর্য তুলে ধরেছেন ৷ পুরীর সমুদ্র সৈকতে মহাপ্রভু জগন্নাথের 101টি মূর্তি দিয়ে একটি অসাধারণ বালু শিল্প তৈরি করেছেন পদ্মশ্রী সুদর্শন পট্টনায়েক।

আনন্দ-উৎসবে আবহে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে ৷ কমবেশি 80 জন ভক্ত অজ্ঞান হয়ে গিয়েছেন বলে খবর ৷ প্রবল ভিড় থেকে শুরু করে আবহাওয়া জনিত অস্বস্তির কারণেই তাঁরা অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ৷ তাঁদের চিকিৎসার জন্য পুরীর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ পাশাপাশি মন্দিরের উত্তর গেটের কাছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প রয়েছে ৷ এর আগে সকালে আরও একটি ঘটনা ঘটে ৷ সমুদ্র সৈকতে স্নানের সময় এক দম্পতি আহত হন ৷ তাঁরাও হাসপাতালে চিকিৎসাধীন ৷