ETV Bharat / bharat

'নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করা উচিত ছিল', গুণ্ডিচা মন্দিরের ঘটনায় মত পুরীর প্রধান দৈতাপতির

গুণ্ডিচা মন্দিরের সামনে শারধাবলীতে ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে মৃত্যু হয় দুই মহিলা-সহ 3 জনের ৷ আহতের সংখ্যা অন্তত 10 জন ৷

PURI RATHA YATRA 2025
পুরী জগন্নাথ মন্দিরের প্রধান দৈতাপতি (এএনআই)
author img

By ANI

Published : June 29, 2025 at 2:57 PM IST

3 Min Read
Choose ETV Bharat

পুরী, 29 জুন: ব্যবস্থাপনা আরও ভালো করা উচিত ছিল ৷ গুণ্ডিচা মন্দিরের ঘটনায় প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলে এমনটাই জানালেন পুরী জগন্নাথ মন্দিরের প্রধান দৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, "কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি ৷ ঘটনাটি বেদনাদায়ক ৷ এই প্রথম এমন ঘটনা ঘটল ৷ প্রশাসনের কাছে আমার আবেদন, ভক্তদের সুরক্ষার কথা ভেবে নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করা হোক ৷"

গুণ্ডিচা মন্দিরে অব্যবস্থার অভিযোগ

এক তরুণী ইটিভি ভারতকে জানান, তাঁরা সুভদ্রার রথের সামনে দাঁড়িয়েছিলেন ৷ আচমকা ঠেলাঠেলি শুরু হয় ৷ তাঁর বাঁ-পায়ে চোট লাগে ৷ তিনি ছাড়াও তাঁর পরিবারের আরও বেশ কয়েকজন সদস্যও আহত হয়েছেন ৷ সরকারের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলেছেন এই তরুণী ৷ অভিযোগ, এদিন মন্দিরে কোনও সরকারি আধিকারিক ছিলেন না ৷ পুলিশের দেখা পাওয়া যায়নি ৷ ব্যবস্থা ছিল না অ্যাম্বুলেন্সেরও ৷ ঘণ্টাখানেক ধরে আহতরা হাসপাতাল যাওয়ার জন্য চেষ্টা করেন ৷ শেষে নিজেদের গাড়িতে তাঁদের হাসপাতালে পৌঁছতে হয় ৷

প্রথা মেনে রথযাত্রার প্রথম দিন শুক্রবার গুণ্ডিচা 'মাসির বাড়ি' পৌঁছনর কথা ছিল বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথ দেবের ৷ কিন্তু, ভক্তদের ভিড়ে সেদিন পৌঁছতে পারেননি তিন ভাইবোন ৷ অবশেষে শনিবার সকালে গুণ্ডিচায় পৌঁছন তাঁরা ৷ রথযাত্রার তৃতীয় দিন রবিবার ভোরে গুণ্ডিচা মন্দিরের সামনে শারধাবলীতে জগন্নাথদেবকে দেখার জন্য ভিড় জমান হাজার হাজার ভক্ত ৷ ঠিক সেই সময়ই হুড়োহুড়ি শুরু হয় ৷ ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে মৃত্যু হয় দুই মহিলা-সহ 3 জনের ৷ আহতের সংখ্যা অন্তত 10 জন ৷ পুরী সদর হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে । তাঁদের মধ্য়ে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ৷

খবর পেয়ে গুণ্ডিচা মন্দিরে পৌঁছন ওড়িশার ডিজিপি ওয়াইবি খুরানিয়া ৷ পদপিষ্টের মতো ঘটনাটি খতিয়ে দেখেন তিনি ৷ ঘটনাপ্রসঙ্গে ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বিরাজ হরিচন্দন বলেন, "দুঃখজনক ঘটনাটি থেকে আমরা শিক্ষা পেলাম ৷ আজ সকালেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে ৷ সরকারের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷"

তিনি আরও বলেন, "ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে দমবন্ধ হয়ে 3 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 6-7 জন ৷ পুরো ঘটনাটির উপর নজর রাখছিলাম ৷ এবার পুরী যাবো ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ পুলিশের সংখ্যা আরও বাড়ানো হয়েছে ৷ এই ঘটনার আসল কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে ৷"

দৈতাপতিকে বরখাস্ত করেছিল পুরীর মন্দির কমিটি

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ায় পুরীর জগন্নাথ ধামের প্রধান দৈতাপতি রামকৃষ্ণ দাসমহাপাত্রকে বরখাস্ত করেছিল 'শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন' (এসজিটিএ) ৷ একমাসের জন্য তাঁর শ্রীমন্দির চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় ৷

রথযাত্রার সময় প্রভু জগন্নাথের দেহরক্ষীর দায়িত্বে থাকেন বেশ কয়েকজন দয়িতাপতি ৷ সেখানে কাদের কাদের দায়িত্ব দেওয়া হবে, সচিব হিসেবে তা ঠিক করেন দৈতাপতি রামকৃষ্ণ দাসমহাপাত্র ৷ একমাসের জন্য সেই দায়িত্ব থেকেও বরখাস্ত করা তাঁকে ৷ 27 জুন রথযাত্রার আগে নিষেধাজ্ঞার সেই সময়সীমা শেষ হয় ৷ অবশ্য, বরখাস্তের আগে দু'বার শো-কজ নোটিশও পাঠানো হয়েছিল এসজিটিএ-এর তরফে ৷

পড়ুন: গুন্ডিচা মন্দিরের সামনে প্রবল ভিড়ের চাপ; পুরীতে মৃত 3, আহত বহু