ETV Bharat / bharat

গুণ্ডিচা মন্দিরের সামনে প্রবল ভিড়ের চাপ; পুরীতে মৃত 3, আহত বহু

জগন্নাথ দেবের মাসির বাড়িতে রথের সামনে বিশাল ভিড় ভক্তদের ৷ এরই মাঝে ঘটে যায় অঘটন ৷ ভিড়ে ঠেলাঠেলিতে মৃ্ত্যু গয় দুই মহিলা-সহ 3 জনের ৷

PURI GUNDICHA TEMPLE MISHAP
আহতদের পুরী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 29, 2025 at 7:37 AM IST

3 Min Read
Choose ETV Bharat

পুরী, 29 জুন: ভোর সাড়ে চারটে ৷ রথযাত্রার তৃতীয় দিন। পুরীর গুণ্ডিচা মন্দিরের সামনে জগন্নাথদেবকে দেখতে হাজার হাজার ভক্ত আজ (রবিবার) ভোর থেকেই গুণ্ডিচা মন্দিরের সামনে শারধাবলীতে দর্শনের জন্য জড়ো হয়েছিলেন ৷ ঠিক সেই সময়ই হুড়োহুড়ি শুরু হয় ৷ রথের সামনে ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে মৃত্যু হয় দুই মহিলা-সহ 3 জনের ৷ আহতের সংখ্যাটা অন্তত 10 ৷ আহত সকলকে চিকিৎসার জন্য পুরী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অব্যবস্থার অভিযোগ গুণ্ডিচা মন্দিরে -

আহত এক তরুণী ইটিভি ভারতকে জানান, তাঁরা সুভদ্রার রথের সামনে দাঁড়িয়েছিলেন ৷ আচমকা ঠেলাঠেলি শুরু হয় ৷ তাঁর বাঁ-পায়ে চোট লেগেছে ৷ তাঁর পরিবারের সদস্যরা সকলেই আহত ৷ এরপরই সরকারের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলেছেন তরুণী ৷ এদিন সেখানে কোনও সরকারি আধিকারিক, পুলিশ প্রশাসন এমনকী কোনও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল না ৷ ঘণ্টাখানেক ধরে তাঁরা হাসপাতালে আসার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছেন ৷ শেষে নিজেদের গাড়িতে করে তাঁরা হাসপাতালে পৌঁছন ৷ এখনও পর্যন্ত 3 জনের মৃ্ত্যুর খবর পেয়েছেন তাঁরা ৷

আহত সকলকে পুরী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে (ইটিভি ভারত)

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য -

এদিকে, পুরী জেলা সদর হাসপাতালের সিডিএমও অক্ষয় সৎপথী বলেন, "শ্রীগুণ্ডিচা মন্দিরের রথের সামনে ভক্তদের বিশাল ভিড়ে জমে যায় ৷ পদপিষ্টের মতো ঘটনা ঘটে ৷ 10-11 জন আহত হয়েছেন ৷ তাঁদের চিকিৎসা চলছে।" তবে, তিনি মৃত্যু নিয়ে কোনও কথা বলেননি ৷

PURI GUNDICHA TEMPLE MISHAP
রথযাত্রায় প্রবল ভিড় (ইটিভি ভারত)

পুলিশ ও প্রশাসনের বক্তব্য -

  • পুরীর এসপি বিনীত আগরওয়াল বলেন, "বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মানুষ শান্তিপূর্ণভাবে দর্শন উপভোগ করছে। ঘটনাস্থলে আমাদের পুলিশ মোতায়েন রয়েছে। মৃত্যুরঘটনার তদন্ত চলছে।"
  • পুরীর জেলাশাসক সিদ্ধার্থ শঙ্কর সোয়াইন বলেন, "ভিড়ে ঠেলাঠেলিতে 3 জনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে, রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। 9 জন আহত হয়েছেন ৷ আহতদের প্রাথমিকভাবে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় ৷

রথযাত্রায় লক্ষাধিক ভিড় -

উল্লেখ্য এবার রথযাত্রায় পুরীতে 10-15 লক্ষ ভক্তের সমাগম হয় ৷ রথযাত্রার দিন থেকে ভিড়ের চাপ বা ঠেলাঠেলিতে অসুস্থ হয়ে পড়েন 700 জনেরও বেশি ভক্ত ৷ তাঁদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয় ৷

PURI GUNDICHA TEMPLE MISHAP
বলরাম, সুভদ্রা এবং জগন্নাথদেবের রথ (ইটিভি ভারত)

প্রসঙ্গত, রীতি মেনে শুক্রবার অর্থাৎ রথযাত্রার দিন 'মাসির বাড়ি' পৌঁছনার কথা ছিল জগন্নাথ-সহ তিন ভাই বোনের ৷ কিন্তু, ভক্তদের ভিড়ে সেদিন 'মাসির বাড়ি' পৌঁছতে পারেনি বলরাম, সুভদ্রা এবং জগন্নাথদেবের রথ ৷ পথেই রাত্রিযাপন করতে হয় তিন ভাইবোনকে ৷ গতকাল অর্থাৎ শনিবার সকালে নিজ নিজ রথে করেই গুণ্ডিচা মন্দিরের উদ্দেশে রওনা দেন ৷ দুপুরে মাসির বাড়ি পৌঁছয় বলরামের তালধ্বজ, সুভদ্রার দর্পদলন এবং জগন্নাথদেবের 'নন্দীঘোষ' রথ ৷ আর আজ সকালে ঘটল অঘটন ৷ সুভদ্রার রথের সামনে প্রবল ভিড়ে ঠেলাঠেলিতে মৃত্যু হয় দুই মহিলার ৷