কেদারনাথে কপ্টার দুর্ঘটনা, মৃত পাইলট ছিলেন সেনার লেফটেন্যান্ট কর্নেল
14 বছর ভারতীয় সেনায় কর্মরত ছিলেন জয়পুরের রাজবীর সিং চৌহান ৷ বাড়িতে রয়েছে 4 মাসের যমজ সন্তান ৷ স্ত্রীও ভারতীয় সেনায় কর্মরত ৷

Published : June 15, 2025 at 5:35 PM IST
রুদ্রপ্রয়াগ, 15 জুন: আমেদাবাদ বিমান বিপর্যয়ের ঘা এখনও দগদগে ৷ এরইমধ্যে রবিবার উত্তরাখণ্ডের গৌরীকুণ্ডে ভেঙে পড়ে যাত্রিবাহী হেলিকপ্টার ৷ মৃত্যু হয় 6 যাত্রী-সহ পাইলটের ৷ মৃত পাইলট রাজবীর সিং চৌহান রাজস্থানের জয়পুরের বাসিন্দা ৷ তিনি 14 বছর ভারতীয় সেনায় কর্মরত ছিলেন ৷ তাঁর স্ত্রী এখনও ভারতীয় সেনায় কর্মরত ৷ চার মাস আগেই যমজ সন্তানের বাবা হয়েছিলেন রাজবীর ৷ প্রিয়জনকে হারিয়ে শোকস্তবদ্ধ পরিবার ৷
হেলিকপ্টার দুর্ঘটনায় রাজবীরের মৃত্যু ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ৷ লেফটেন্যান্ট কর্নেল পদ থেকে অবসর নিয়ে কয়েক মাস আগেই কেদারনাথে একটি বেসরকারি হেলিকপ্টার পরিষেবা সংস্থায় যোগ দেন । তাঁর স্ত্রী দীপিকাও সেনাবাহিনীতে কর্মরত ৷
केदारनाथ में हेलीकॉप्टर के दुर्घटनाग्रस्त होने से हुई राजस्थान के पायलट तथा अन्य श्रद्धालुओं की जनहानि का समाचार अत्यंत दुःखद है।
— Bhajanlal Sharma (@BhajanlalBjp) June 15, 2025
बाबा केदार दिवंगत आत्माओं को अपने श्री चरणों में स्थान व शोकाकुल परिवार को यह वज्रपात सहन करने की शक्ति प्रदान करें।
ॐ शांति!
রাজবীরের মৃত্যুতে হাহাকার জয়পুরের শাস্ত্রীনগরের পরিবারে। রাজবীরের বাবা গোবিন্দ সিং চৌহানই প্রথম ছেলের মৃত্যুর খবর পান। উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথোরিটির (ইউসিএডিএ) সিইও রাজবীর-সহ 7 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহণ উন্নয়ন কর্তৃপক্ষ (ইউসিএডিএ) কপ্টার দুর্ঘটনা নিয়ে একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, "রবিবার ভোর 5টা 20 মিনিটে কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার গৌরীকুণ্ডের কাছে ভেঙে পড়ে। কপ্টারে পাইলট-সহ মোট 7 জন ছিলেন। যাত্রীদের মধ্যে 5 জন প্রাপ্তবয়স্ক এবং এক জন শিশু। হেলিকপ্টারে যে যাত্রীরা ছিলেন, তাঁরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাতের বাসিন্দা।

কেদারনাথ থেকে গুপ্তকাশীর মধ্যে যাত্রী পরিবহণের অন্যতম মাধ্যম হেলিকপ্টার। কেদারের পুণ্যার্থীরা অনেকেই কপ্টার ব্যবহার করেন। ইতিমধ্যেই শুরু হয়েছে চারধামযাত্রা ৷ আর তার মাঝেই ঘটে যায় কপ্টার দুর্ঘটনা ৷

