ফের জম্মু-কাশ্মীরে চলল গুলি ! টানা 8 দিন যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার
জম্মু ও কাশ্মীরের পাঁচ জেলায় চলছে পাক সেনার গোলা-গুলির বর্ষণ ৷ পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর টানা আটদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাক সেনা ৷

Published : May 2, 2025 at 12:49 PM IST
শ্রীনগর, 2 মে: জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালাল পাকিস্তানের সেনা ৷ এই নিয়ে পহেলগাঁও জঙ্গি হামলার পর টানা 8 দিন পাক সেনা বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলা-গুলি চালাল ৷ ভারতীয় সেনার তরফের জানানো হয়েছে, গতকাল (বৃহস্পতিবার) রাতে জম্মু ও কাশ্মীরের চারটি জেলায় 'বিনা উস্কানিতে' গুলি চালিয়েছে, পাক সেনা ৷
এক সেনা আধিকরিক জানিয়েছেন, গতকাল রাত ও আজ (শুক্রবার) ভোরে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা এবং আখনুরে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। এই এলাকায় নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ছোট অস্ত্রের সাহায্যে পাক সেনা বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে। ভারতীয় সেনা এর দ্রুত এর জবাব দেয়। আগে, সীমান্তবর্তী কুপওয়ারা, জম্মুর পুঞ্চ এবং রাজৌরি জেলায় গুলিবর্ষণ সীমাবদ্ধ ছিল কিন্তু, এখন তা বারামুল্লা জেলায় অবস্থিত নিয়ন্ত্রণ রেখা পর্যন্ত বিস্তৃত হয়েছে।
তবে কি জঙ্গিদের পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যেতে ভারতীয় সেনাঘাঁটিতে বারবার হামলা চালাচ্ছে ইসলামাবাদ ? পাশাপাশি ভারত সামরিক দিক থেকে কতটা প্রস্তুত, তা-ও পরখ করতে চাইছে পাক সেনাবাহিনী ? তবে এমন সব কৌশলের কথা মাথায় রেখে সজাগ রয়েছে ভারতীয় সেনাও।
গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন নিহত হন, যার মধ্যে বেশিরভাগই ছিলেন পর্যটক। এরপর থেকেই দুই দেশের সম্পর্কের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে ৷ এই হামলার প্রতিক্রিয়ায় ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করে, আটারি-ওয়াঘায় সীমান্ত বন্ধ করে, ভারত থেকে পাক নাগরিকদের দ্রুত নিজেদের দেশে ফিরে দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ এর পরপরই, 24 এপ্রিল রাত থেকে পাকিস্তানি সেনা জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন এলাকায় বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে।
পাকিস্তান সেনাবাহিনীর বিনা উস্কানিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি সমাধানের জন্য মঙ্গলবার উভয় দেশের সামরিক অভিযানের ডিজিএমও হটলাইনে আলোচনা করেছেন। তারপরও থামতে নারাজ পাকি বাহিনী। ভারত হুঁশিয়ারি দেওয়ার পরেও টানা দু'দিন সীমান্তে গুলি চালাল পাক সেনা।

