SIR ইস্যুতে বিরোধী সাংসদদের বিক্ষোভে উত্তাল সংসদ, দফায় দফায় মুলতুবি অধিবেশন
বাদল অধিবেশনের শুরু থেকেই এসআইআর নিয়ে প্রতিবাদ করে আসছেন বিরোধী সাংসরা ৷ একদিন আগে নির্বাচন কমিশনের সমালোচনায় সবর হন রাহুল ৷

By PTI
Published : August 8, 2025 at 2:15 PM IST
নয়াদিল্লি, 8 অগস্ট: একদিকে এসআইআর অন্যদিকে ভোট চুরির অভিযোগ- দুই ইস্যুকে সামনে রেখে শুক্রবার আরও একবার উত্তাল হল সংসদ ৷ সংসদের দুই কক্ষের বাইরে ও ভিতরে প্রতিবাদে সরব হলেন বিরোধী সাংসদরা ৷ তার জেরে অধিবেশনও একাধিকবার মুলতুবি করতে হয়েছে ৷ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ডিএমকে এবং বাম দলগুলির অন্যান্য বিরোধী সাংসদরা সংসদের মকর দ্বারের কাছে বিক্ষোভে সামিল হয়েছিলেন।
হাতে পোস্টার নিয়ে এসআইআর প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতেও দেখা যায় সাংসদদের ৷ এদিন ছিল প্রতিবাদের 13তম দিন ৷ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের মৃত্যুতে সোমবার বিরোধী সাংসদরা বিক্ষোভে অংশ নেননি। তাছাড়া প্রায় প্রতিদিনই সংসদরা বিক্ষোভে সামিল হয়েছেন ৷ এদিনের বিক্ষোভকারী সাংসদদের সামনে লাগানো ব্যানারে লেখা ছিল "আমাদের ভোট। আমাদের অধিকার। আমাদের লড়াই"। সাংসদরা এও অভিযোগ করেন, "এসআইআর আদতে অদৃশ্য কারচুপির সামিল ৷" সাংসদরা এসআইআর বন্ধ করার দাবি জানানোর পাশাপাশি নির্বাচন কমিশন এবং সরকারের মধ্যে যোগসাজশ রয়েছে বলেও অভিযোগে সরব হন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে লোকসভার বিরোধী দলনেতা নেতা রাহুল গান্ধি সরাসরি অভিযোগ করেন, "ভোটে কারচুপি হচ্ছে ৷" সেই দাবিকে সামনে রেখে এদিন বেশ কয়েকজন সাংসদ কমিশনের বিরুদ্ধে 'ভোট চুরির' অভিযোগ করেন ৷ বেশ কয়েকদিন ধরেই বিরোধীরা সংসদের উভয় কক্ষে SIR-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে ৷ তাঁদের অভিযোগ, চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনের আগে বিহারে ভোটারদের ভোটদানের গণতান্ত্রিক ভোটাধিকার থেকে বঞ্চিত করতেই নির্বাচন কমিশনের এই বিশেষ সংশোধনের সিদ্ধান্ত হয়েছে। তাঁরা উভয় কক্ষেই এই বিষয়ে আলোচনার দাবিও জানিয়ে আসছেন।

বিহারের এসআইআর নিয়ে সংসদে চরম অচলাবস্থা দেখা দিয়েছে। 21 জুলাই থেকে বাদল অধিবেশন শুরু হয়েছে ৷ তার দিন কয়েক পর দুই কক্ষে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হয় ৷ এর বাইরে সংসদের কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না ৷ বিরোধীদের গোলমালে বারবার সংসদের অধিবেশন মুলতুবি করে দিতে হচ্ছে ৷ শুক্রবারও একই ঘটনা ঘটল ৷ প্রথম মুলতবি হওয়ার পর দুপুর 12টার সময় আবার রাজ্যসভার কাজ শুরু হয় ৷ তখন সভা পরিচালনা করছিলেন ঘনশ্যাম তিওয়ারি ৷ তিনি সদস্যদের প্রশ্নোত্তর পর্ব শুরু করার জন্য অনুরোধ করেন ৷ কিন্তু বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ অব্যাহত রাখেন।
কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি কর্ণাটকের একটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার অসঙ্গতির দাবিতে "ভোট চুরির" অভিযোগ নিয়ে আলোচনা বলতে চেয়েছিলেন ৷ কিন্তু সভাপতি তাঁকে বক্তব্য পেশ করার সুযোগ দেননি। এরপরই কংগ্রেস সদস্যরা কর্ণাটকের ভোটার তালিকার অসঙ্গতি এবং বিহারে এসআইআর ইস্যু নিয়ে আলোচনার দাবি জানান।
অন্যদিকে, বিরোধী দলগুলির তীব্র প্রতিবাদের মধ্যে শুক্রবার দ্বিতীয়বারের মতো লোকসভার অধিবেশনও বিকেল তিনটে পর্যন্ত মুলতবি করা হয়েছে। এখানেও বিরোধী সাংসদরাও বিহারের এসআইআর নিয়ে আলোচনা চান ৷ নিজের দাবিকে সামনে রেখে কোনও কোনও সাংসদ সোজাসুজি স্পিকারের টেবিলে চলে যান ৷ টেবিলে ধাক্কা দেওয়ার ঘটনাও ঘটেছে ৷ সাংসদদের বিরত করেন লোকসভার প্রিসাইডিং অফিসার কৃষ্ণ প্রসাদ টেনেটি। কটাক্ষের সুরে তিনি বলেন, "এটি ঢোল নয়। আপনারা এভাবে টেবিল বাজাতে পারেন না। লোকসভার স্পিকারের টেবিল বাজানোয় তীব্র আপত্তি জানাচ্ছি ৷"

