মথুরায় এনকাউন্টার ! পুলিশের গুলিতে খতম 'মোস্ট ওয়ান্টেড' দুষ্কৃতী আসাদ
পুলিশ জানিয়েছে, হাপুরের দুর্গ মুক্তেশ্বরের বাসিন্দা ফাতি ওরফে আসাদের বিরুদ্ধে হাপুরেই 36টিরও বেশি মামলা রয়েছে।

Published : March 9, 2025 at 12:54 PM IST
মথুরা, 9 মার্চ: ফের এনকাউন্টার যোগী রাজ্যে ৷ পুলিশের গুলিতে এবার 'খতম' ফাতি ওরফে আসাদ ৷ কুখ্যাত অপরাধী হিসাবে পরিচিত এই আসাদের জন্য এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল রাজ্য পুলিশ ৷ অভিযোগ, এই দুষ্কৃতী উত্তরপ্রদেশ-সহ তিন রাজ্যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল ৷ তার বিরুদ্ধে ডাকাতি, খুন-সহ একাধিক মামলা রয়েছে। পুলিশ দীর্ঘদিন ধরেই খুঁজছিল আসাদকে।
পুলিশ জানিয়েছে, হাপুরের দুর্গ মুক্তেশ্বরের বাসিন্দা ফাতি ওরফে আসাদের বিরুদ্ধে হাপুরেই 36টিরও বেশি মামলা রয়েছে। তার বিরুদ্ধে রাজস্থান এবং জম্মু ও কাশ্মীরেও মামলা রয়েছে। আসাদ খুন, ডাকাতির মতো একাধিক অপরাধের সঙ্গে যুক্ত ছিল বলেও জানা গিয়েছে ৷ রীতিমতো গ্যাং তৈরি করে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করত আসাদ ৷
ডিআইজি শৈলেশ কুমার পান্ডে জানান, রবিবার ভোরে আসাদের বিষয়ে গোপন সূত্রে তথ্য পাওয়া যায়। জানা গিয়েছে, বড় কোনও ঘটনার পরিকল্পনাও ছিল তার। সে থানা হাইওয়ে এলাকার একটি কলোনিতে লুকিয়ে ছিল বলেও জানতে পারে পুলিশ। এর পর হাইওয়ে থানা এলাকা ঘেরাও করে পুলিশ বাহিনী। পুলিশের তৎপরতা দেখে গুলি চালাতে শুরু করে আসাদ। পাল্টা গুলি চালায় পুলিশও ৷ গুলিবিদ্ধ হয় আসাদ। গুরুতর আহত অবস্থায় তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ডিআইজি জানান, সাদ ইয়াসিনের ছেলে আসাদ ছেমার গ্যাং চালাচ্ছিল। বিভিন্ন রাজ্যের পুলিশ তাকে খুঁজছিল। সে প্রতিনিয়ত পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেরাচ্ছিল। আসাদের বিরুদ্ধে জম্মু কাশ্মীরে দুটি, উত্তরপ্রদেশের বুলন্দশহরে ছয়টি, গাজিয়াবাদে পাঁচটি, পঞ্জাবে একটি, মুজাফফরনগরে তিনটি মামলা ছিল ৷

