রাতে হস্টেলের বাইরে 'না' ! মমতার মন্তব্যে হতাশ হবেন মেয়েরা, তোপ ওড়িশার উপ-মুখমন্ত্রীর
চেয়ারপার্সন মনে করেন, নারীদের যন্ত্রণা বোঝেন না মমতা ৷ মেয়েদের রাতে বেরতে বারণ না করে মমতার উচিত তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করা ৷

By ANI
Published : October 13, 2025 at 10:52 AM IST
|Updated : October 13, 2025 at 4:02 PM IST
ভুবনেশ্বর, 13 অক্টোবর: দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডের পর ছাত্রীদের রাতে হস্টেল থেকে না বেরনোর পরামর্শ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার এ নিয়ে সরব হলেন ওড়িশার উপ-মুখ্যমন্ত্রী প্রভাতী পরিদা ও মহিলা কমিশনের চেয়ারপার্সন শোভনা মাইতি ৷
উপ-মুখ্যমন্ত্রী মনে করেন, মমতার মন্তব্য়ে মহিলারা হতাশ হবেন ৷ তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই দিদি বলে ডাকে ৷ এক মহিলার মুখ্যমন্ত্রীর থেকে এই ধরনের কথা কখনই প্রত্যাশা করা যায় না ৷ অন্যদিকে, শোভনার অভিযোগ নারীদের যন্ত্রণা বোঝেন না মমতা ৷ মেয়েদের রাতে বেরতে বারণ না করে মমতার উচিত তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করা ৷
দুর্গাপুরে পড়তে এসে ওড়িশার জলেশ্বরের এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷ নির্যাতিতার সঙ্গে দেখা করার পাশাপাশি সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে ওড়িশার মহিলা কমিশনের তিন সদস্যের একটি দল ৷ তার আগে মেয়েদের রাতে হস্টেলের বাইরে না যাওয়া সংক্রান্ত মন্তব্যের জন্য মমতার সমালোচনায় সরব হলেন মহিলা কমিশনের চেয়ারম্যান ৷ মহিলা কমিশনের পাশাপাশি ওড়িশা থেকে চিকিৎসকদের একটি দলও এদিন দুর্গাপুর যাচ্ছে বলে জানা গিয়েছে ৷
শোভনা জানান, মমতা নারীদের যন্ত্রণা বুঝতে পারেন না ৷ তিনি যেভাবে রাতে মহিলাদের বাইরে যেতে বারণ করেছেন তা একেবারেই ঠিক নয় ৷ কে কখন বাইরে যাবে তা নিয়ে ভাবিত না হয়ে মমতার উচিত মহিলাদের সুরক্ষার ব্যবস্থা করা ৷ পাশাপাশি দুর্গাপুরে গিয়ে নির্যাতিতার সঙ্গে দেখা করে তাঁর কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে বলেও জানান শোভনা ৷
রবিবার উত্তরবঙ্গে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মমতা ৷ সেখান থেকে রাতে মেয়েদের হস্টেল থেকে বাইরে না-বেরতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী ৷ দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ওড়িশা থেকে পড়তে আসা এমবিবিএস ছাত্রীর গণধর্ষণের ঘটনায় নিজেদের সুরক্ষার ব্যাপারে মেয়েদের আরও সতর্কও হতে বলেন মমতা ৷ তাঁর মতে, প্রত্যেকের উচিত নিজের সুরক্ষা নিয়ে সতর্ক হওয়া ৷ পাশাপাশি এদিন তিনি দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের নিরাপত্তা ব্য়বস্থা নিয়ে প্রশ্ন তোলেন ৷
তাঁর বক্তব্যকে ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয় ৷ পরে আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠকের পর তিনি দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে ৷ অনেকে তাঁর মন্তব্য বিকৃত করছে ৷ এ প্রসঙ্গে মমতার দাবি, অনেকে সাংবাদিকের প্রশ্ন নিতেই চান না ৷ কিন্ত তিনি প্রশ্ন নেন এবং উত্তরও দেন ৷ তাই তাঁর কথা বিকৃত করা উচিত নয় ৷

