ETV Bharat / bharat

পুরীর রথযাত্রায় পদপিষ্টের ঘটনায় ক্ষমাপ্রার্থী মুখ্যমন্ত্রী, গাফিলতি নিয়ে সরব বিরোধীরা

রবিবার ভোরে পুরীর গুণ্ডিচা মন্দিরের সামনে পদপিষ্টের ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে ৷ এরপর ক্ষমা চেয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী ৷ গাফিলতির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা ৷

Puri Rathyatra Stampede Incident
পুরীতে রথযাত্রায় পদপিষ্ট হয়ে মৃত্যু কমপক্ষে তিন জনের (ইটিভি ভারত)
author img

By PTI

Published : June 29, 2025 at 5:57 PM IST

3 Min Read
Choose ETV Bharat

পুরী, 29 জুন: গুণ্ডিচা মন্দিরের সামনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিন জনের ৷ আহত হন অনেকেই ৷ রবিবার ভোরের এই ঘটনায় ক্ষমা চাইলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ৷ এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন ৷ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি-সহ বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী ৷

এই পরিস্থিতিতে একগুচ্ছ প্রশাসনিক পদক্ষেপ করল ওড়িশা সরকার ৷ পুরীর জেলাশাসক সিদ্ধার্থ শঙ্কর সোয়াইন এবং পুলিশ সুপার বিনীত আগরওয়ালকে বদলির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি দুই পুলিশ কর্তা ডিসিপি বিষ্ণু পাটি এবং কমান্ড্যান্ট অজয় পাধিকেও সাসপেন্ড করা হয়েছে ৷ খুরদার জেলাশাসক চঞ্চল রানাকে পুরীর নয়া জেলাশাসক হিসাবে নিযুক্ত করেছেন মুখ্যমন্ত্রী ৷ পুরীর নয়া এসপি হয়েছেন পিনাক মিশ্র ৷ পদপিষ্টের ঘটনা কীভাবে ঘটল, তার প্রশাসনিক তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ ডেভেলপমেন্ট কমিশনারের নেতৃত্বে এই তদন্ত হবে ৷

কী ঘটেছিল ?

শুক্রবার, 27 জুন ছিল রথযাত্রা ৷ রীতি অনুযায়ী সেদিনই গুণ্ডিচায় 'মাসির বাড়ি' যাওয়ার কথা ছিল বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথ দেবের ৷ রথযাত্রা দেখতে লক্ষ লক্ষ ভক্ত ভিড় করেন পুরীতে ৷ এবারও তেমনই ভক্তের ভিড় দেখা গিয়েছিল ৷ তাই ভিড় ঠেলে মাসির বাড়ি পৌঁছতে পারেননি তিন ভাইবোন ৷ শনিবার সকালে গুণ্ডিচায় পৌঁছন তাঁরা ৷

এদিকে রবিবার ভোর 4টে নাগাদ রথযাত্রার তৃতীয় দিনে গুণ্ডিচা মন্দিরের সামনে জগন্নাথদেবকে দেখার জন্য ভিড় জমান বহু ভক্ত ৷ মহাপ্রভুকে দেখতে কার্যত হুড়োহুড়ি পড়ে যায় ৷ ভিড়ের মধ্যে ঠেলাঠেলি, পদপিষ্টের ঘটনা ঘটে ৷ মৃত্যু হয় দুই মহিলা-সহ 3 জনের ৷ আহত হয়েছেন অনেকেই ৷ তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর ৷

আরেকটি নির্দেশিকায় প্রশাসনিক দফতর ঘোষণা করেছে, এবার থেকে রথযাত্রার পুরো বিষয়টি দেখাশোনার দায়িত্বে থাকবেন প্রবীণ আমলা অরবিন্দ আগরওয়াল ৷ আগে তিনি রথযাত্রা পরিচালনা করেছেন ৷ এই মুহূর্তে তিনি উচ্চশিক্ষা দফতরের কমিশনার তথা সচিব ৷ এছাড়া ক্রীড়া দফতরের বিশেষ সচিব পদের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছেন অরবিন্দ ৷

প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সোশাল মিডিয়ায় গাফিলতির কথা তুলে ধরে লিখেছেন, "রথযাত্রায় বহু ভক্ত আহত হয়েছেন ৷ ভিড় সামলানোর যথাযথ ব্যবস্থা ছিল না ৷ এতেই বোঝা যাচ্ছে সরকার শান্তিপূর্ণ রথযাত্রা আয়োজনে ব্যর্থ ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পদপিষ্টের ঘটনার সময় ভক্তদের সমাগম সমাগম সামলানোর মতো যথেষ্ট সরকারি ব্যবস্থা ছিল না ৷ এটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় ৷"

রাহুল গান্ধির পোস্ট

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি সোশাল মিডিয়ায় লিখেছেন, "পুরীতে রথযাত্রার সময় ভিড়ে ধাক্কাধাক্কির ঘটনা অত্যন্ত দুঃখের ৷ শোকার্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল ৷ আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন ৷ ওড়িশা সরকারের কাছে আবেদন, উদ্ধারের কাজে গতি আনুন ৷ কংগ্রেসের নেতা-কর্মীদের বলব, তাঁরা যেন সাহায্য করতে এগিয়ে আসেন ৷ এই দুঃখজনক ঘটনা সতর্কবার্তা দিচ্ছে- এরকম বড়সড় আয়োজনে সুরক্ষা ব্যবস্থা এবং ভিড় নিয়ন্ত্রণের বিষয়ে আগে থাকতে একটা সমীক্ষা করে নেওয়া উচিত ৷ প্রাণের দাম সবার উপরে ৷ এই দায়িত্বে কোনও অবহেলা গ্রহণযোগ্য নয় ৷"