ETV Bharat / bharat

বিমান দুর্ঘটনা কেড়েছে অনেকের প্রাণ, মেঘানিনগরের বহু পশুপাখির ভবিষ্যৎও অনিশ্চিত

পশুপাখিদের ভরসা ছিলেন হস্টেলের আবাসিকরা ৷ এখন হস্টেল নেই ৷ কী হবে এই অবলা প্রাণীদের ? উত্তরের সন্ধানে ইটিভি ভারতের বিকাশ কৌশিক ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 15, 2025 at 3:30 PM IST

5 Min Read
Choose ETV Bharat

আমেদাবাদ, 15 জুন: আমেদাবাদে বিমান দুর্ঘটনা কাঁদিয়েছে সকলকে ৷ মৃতের সংখ্য়া শেষমেশ কোথায় গিয়ে দাঁড়াবে সেই অনুমান করাই কঠিন ৷ মর্মান্তিক দুর্ঘটনায় মানুষের পাশাপাশি তার পরম বন্ধুদেরও প্রাণ গিয়েছে ৷ অবশ্য পশু-পাখিদের মৃত্যু কাউকে সেভাবে ভাবায় না ! কতজনের প্রাণ গেল সেই হিসেব দেয় না কেন্দ্র-রাজ্য কোনও সরকারই ৷ কিন্তু এই সমাজে এমন কিছু মানুষও আছেন যাঁদের প্রাণ কেঁদে ওঠে এই পশুপাখিদের কথা ভেবে ৷

12 তারিখের বিমান দুর্ঘটনায় বহু পশু-পাখির প্রাণ গিয়েছে ৷ তাদের অনেকেই চিকিৎসক পড়ুয়াদের হস্টেলের আশপাশে থাকত বলে জানা গিয়েছে ৷ হস্টেলের পড়ুয়ারাই তাদের খাবারের ব্যবস্থা করতেন ৷ এখন কী হবে ? সেটাই লাখ টাকার প্রশ্ন ৷ স্থানীয়দের মনে দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা ৷ একসঙ্গে প্রায় ছটি পথকুকুরকে ভয়াবহ আগুনে ঝলসে যেতে দেখেছেন স্থানীয়দের কেউ কেউ ৷ এমন আরও অনেক ঘটনাই শোনা যাচ্ছে ৷

মেঘানিনগরের বহু পশুপাখির ভবিষ্যৎও অনিশ্চিত (ইটিভি ভারত)

দুর্ঘটনার সামান্য পর থেকেই বিপর্যয়ের নানা মুহূর্ত লেন্সবন্দি করছেন ইটিভি ভারতের প্রতিনিধিরা ৷ যাঁদের সব গিয়েছে তাঁদের সঙ্গে কথা বলছেন ৷ বিপর্যয়ের কাছে মাথা না নুইয়ে আবার ঘুরে দাঁড়াচ্ছে আমেদাবাদ ৷ সেই ছবিও ধরা পড়েছে ক্যামেরায় ৷ সেভাবেই দেখা মিলল কিছু যুবক-যুবতীর ৷ তাঁরা ব্যস্ত পথের আশপাশে থাকা পশু-পাখিদের নিয়ে ৷ কেউ তাদের খাবার দিচ্ছেন ৷ কেউ আবার চিকিৎসার ব্যবস্থা করছেন ৷ কিন্তু এখানেই প্রশ্ন, এই পশু-পাখিদের ভরসা হয়ে উঠবেন কারা ? সদ্য দুর্ঘটনা ঘটেছে ৷ এখন হয়তো অনেকেই পাশে থাকবেন ৷ কিন্তু এরপর কী হতে চলেছে পরিস্থিতি ? তা ভাবলেও আশঙ্কা হয় ৷

Ahmedabad Plane Crash Update
পশুপাখিদের ভরসা ছিলেন হস্টেলের আবাসিকরা (ইটিভি ভারত)

ভারতবর্ষ সূর্যের এক নাম

মেঘানিনগরের জেবি মেডিক্যাল কলেজের হস্টেল এবং রেসিডেন্সিয়াল চিকিৎসকদের আবাসনের আশপাশের অনেকটা অংশজুড়ে ছিল গাছপালা ৷ বিমানের আগুনে বেশিরভাগটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ স্থানীয়দের অনেকের মনে পড়ছে এখানে তারা ময়ূরের ডাকও শুনেছেন ৷ এখন অবশ্য সবটাই অতীত ৷ আগুনে পুড়ে যাওয়া এলাকা তাঁদের চেনা নয় মোটেই ৷ তাঁরা চিনতেও চান না সে কথা মিথ্যা নয় ৷

Ahmedabad Plane Crash Update
এই সমাজে এমন কিছু মানুষও আছেন যাঁদের প্রাণ কেঁদে ওঠে এই পশুপাখিদের কথা ভেবে (ইটিভি ভারত)

মেঘানিনগরের আশপাশে এখন চরম ব্যস্ততা ৷ আহতদের চিকিৎসার পাশপাশি চলছে এলাকাকে স্বাভাবিক করার কাজ ৷ চলছে তদন্তও ৷ তারই মধ্যে তরুণ কিছু মুখের দেখা মিলল ৷ তাঁরা অবলা প্রাণীদের সন্ধান করছেন ৷ যাদের 'মুখে' কথা ফোটে না তাদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়াই উদ্দেশ্য আঠারো-উনিশের তরুণ-তরুণীদের ৷ এমন উদ্যোগকে কুর্নিশ জানিয়ে কবি সুকান্তর ভাষায় বলাই যায়- এ দেশের বুকে আঠারো আসুক নেমে ৷

পশুপাখিদের নিয়ে কাজ করে স্বেচ্ছাসেবী সংস্থা নমস্তে ফাউন্ডেশন ৷ সদস্য খুশি দাভে বললেন, "বিমান দুর্ঘটনার পর সেদিন রাত 10টা নাগাদ এখানে এসে দেখলাম বহু পশু-পাখির প্রাণ গিয়েছে ৷ আগুনে ঝলসে যাওয়া পশুপাখিদের দেখে মন খারাপ হয়ে গিয়েছিল ৷ পথকুকুরদের অবস্থাও ছিল একইরকম ৷ হস্টেলের উপরেও বেশ কয়েকটি গৃহপালিত পশু থাকত বলে জানতে পেরেছি ৷ তবে পুলিশ সেখানে যেতে দিচ্ছিল না ফলে তাদের জন্য কিছুই করতে পারিনি আমরা ৷ "

Ahmedabad Plane Crash Update
অবলা প্রাণীদের সাহায্য করছে তরুণরা (ইটিভি ভারত)

আমাদেবাদ আর আতঙ্ক সমার্থক !

সর্দার বল্লভ ভাই প্য়াটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়া ড্রিমলাইনার এখন সকলের কাছেই এক ভয়াবহ দু:স্বপ্ন ! বিমান ওঠানামার শব্দ মেঘানিনগর খুব ভালো করে চেনে ৷ কিন্তু সেদিন যা শুনতে হয়েছে তা সম্পূর্ণ অশ্রুত ৷ বিমান ভেঙে পড়ার মুহূর্তের ভয়াবহ শব্দ কেউ ভুলতে পারছেন না ৷ চোখ বন্ধ করলেই ভেসে উঠছে বিস্ফোরণের দৃশ্য ৷ সঙ্গে সেই সর্বগ্রাসী শব্দ ৷

স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বলছেন, এই আতঙ্ক শুধু মানুষদের নয় তাড়া করছে পশুপাখিদেরও ৷ শুধু তাদের প্রকাশ করার শক্তিটুকু নেই ৷ আর এই কারণে তাঁদের আচর-আচরণও বদলে যেতে পারে বলে আশঙ্কা করছেন সদস্যরা ৷ পথকুকুরদের অকারণ ছুটোছুটি দেখে বিষয়টি বোঝাও যাচ্ছে ৷ মানুষ দেখলেই তারা ভয় পাচ্ছে ৷ পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে খুশি বলেন, "কুকুরগুলো এখনও আতঙ্কে রয়েছে ৷ আমরা তাদের খাওয়াতে এসেছি ৷ কিন্তু ভয়ে তারা কাছে আসতেই চাইছে না ৷ অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর কয়েকটি কুকুরকে খাবার ও জল দিতে পেরেছি ৷ এখনও অনেক কুকুর অভুক্ত ৷"

আরও এক পশুপ্রেমী জানালেন, তদন্তের কাজ এখনও শেষ হয়নি ৷ তার ফলে এলাকার সর্বত্র যাওয়া যাচ্ছে না ৷ আর তাই ঠিক কত পশুপাখির প্রাণ গিয়েছে তা বোঝাও যাচ্ছে না ৷ তাছাড়া প্রাণে বেঁচে গেলেও অনেক পশুপাখির কাছে সামান্য খাবারটুকুও নেই ৷ কিন্তু এমতাবস্থায় তাদের কাছে পৌঁছনোর কোনও উপায় নেই ৷ সবমিলিয়ে আতঙ্কের আমেদাবাদে প্রাণীদের পাশে দাঁড়াতে আসা তরুণ-তরুণীদেরও গ্রাস করেছে হতাশা ৷

মৃত্যুর নি:শব্দ আঘাত

এয়ার ইন্ডিয়ার বিমানে 1.25 লক্ষ লিটার জ্বালানি ছিল ৷ তা থেকে আচমকাই আগুন ধরে যায় ৷ আগুন থেকে নির্গত ধোঁয়ায় ঢাকা পড়েছিল আকাশ ৷ বহু দূর থেকে সেই ধোঁয়া দেখাও গিয়েছিল ৷ স্থানীয়রা জানিয়েছেন, গোটা ঘটনাটি এত আকস্মিক ছিল যে কারও নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার উপায় ছিল না ৷ এভাবেই মৃত্যুর নি:শব্দ আঘাত বয়ে চলেছে আমেদাবাদ ৷ মৃত্যুর সংখ্যাও বাড়ছে প্রায় প্রতিমুহূর্তে ৷ সব ভুলে আবার কবে হেসে উঠবে ভারতের ম্যাঞ্চেস্টার !