আসন-অস্বস্তি রেখেই ঐক্যবদ্ধ এনডিএ, সোমবার প্রার্থী ঘোষণা
পটনার পাশাপাশি দিল্লিতেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে ৷ সবেশেষে সোমবার প্রকাশিত হবে তালিকা ৷ কার ভাগ্যে কটা আসন জুটবে তা এখনও স্পষ্ট নয় ৷

Published : October 10, 2025 at 8:28 AM IST
পটনা, 10 অক্টোবর: আসন সমঝোতা নিয়ে প্রাথমিক বোঝাপড়ায় পৌঁছল এনডিএ ৷ বিজেপি ও জেডিইউয়ের পাশাপাশি চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি, জিতেন রাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চা একত্রে নির্বাচনে লড়তে সম্মত হল ৷ 13 অক্টোবর বিহার বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করবে এনডিএ ৷ তার আগে শুক্র ও শনিবার পটনার পাশাপাশি দিল্লিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ৷
গত বেশ কয়েকদিন ধরে আসন ভাগাভাগি নিয়ে এনডিএ শিবিরে আলোচনা চলছিল ৷ বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান ৷ তিনি কী করবেন তা নিয়ে নানা ধরনের জল্পনা শুরু হয়েছিল ৷ বৃহস্পতিবার রাতে তাঁর সঙ্গে দেখা করেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই ৷ দুই কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠকের পর মোটের উপর স্পষ্ট হয়ে যায় পাঁচটি দলকে নিয়ে তৈরি বিহারের এনডিএ নিজের স্বরূপ বজায় রেখেই নির্বাচনী ময়দানে অবতীর্ণ হবে ৷
কে কটি আসনে লড়বে তা নির্দিষ্ট হয়নি শুক্রবার ভোর পর্যন্ত ৷ তবে এদিন এনডিএ-র প্রতিটি দল রাজ্য পর্যায়ে চূড়ান্ত বৈঠক করবে ৷ শনি এবং রবিবার পাঁচটি দলের মধ্যে কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা হবে ৷ সবশেষে সোমবার প্রকাশিত হতে পারে প্রার্থী তালিকা ৷ জোটের দুটি বড় দল লড়তে পারে 99 থেকে 103টি আসনে ৷ চিরাগ চান 30 থেকে 40টি আসন ৷
লোকসভা নির্বাচনে পাঁচটি আসনে লড়ে সবকটিতে জিতেছিল তাঁর দল ৷ এই একশো শতাংশ সাফল্য তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে ৷ সেটাকেই মূলধন করে যতটা বেশি সংখ্যক আসন নিজের জন্য বের করে আনতে চাইছেন চিরাগ ৷ বাকি দুটি দল কমবেশি 10 থেকে 15টি আসনে লড়তে চায় ৷ বৃহস্পতিবার রাতে মোদি মন্ত্রিসভার সদস্য জিতেন রাম মাঝি জানিয়েছেন, আসন সমঝোতা এখনও খানিকটা বাকি আছে ৷ তবে এনডিএ-র পাঁচটি দল যে একসঙ্গে লড়বে তা নিয়ে সন্দেহের কোনও কারণ নেই ৷
এদিকে বিহার বিজেপির বেশ কয়েকজন নেতা শনিবার দিল্লি যাচ্ছেন ৷ প্রাথমিকভাবে কাদের কাদের টিকিট দেওয়া হবে তা ঠিক করে রেখেছে গেরুয়া শিবির ৷ এ নিয়েই দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা হবে রাজ্যের নেতাদের ৷ তারপর প্রার্থী তালিকা চূড়ান্ত হবে ৷ বিহার বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়াল বলেন, "গত বিধানসভা নির্বাচনের ফলাফল আমাদের কাছে আছে ৷ তার উপর ভিত্তি করে জোটের রূপরেখা তৈরি হয়েছে ৷ এনডিএ-র অন্য দলগুলিও নিজেদের প্রস্তুতি সেরে রেখেছে ৷ এর উপর নির্ভর করে তৈরি হবে জোট ৷ "
অন্যদিকে, বিরোধী শিবিরও তৈরি হচ্ছে ৷ আসন সমঝোতা নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার বিকেলে আরজেডি নেতা তেজস্বী যাদবের বাড়ি গিয়েছিলেন কংগ্রেস নেতারা ৷ রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলতের পাশাপাশি বাংলার প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীরা প্রতিনিধি দলের সদস্য ছিলেন ৷ এই বৈঠকের আগে সাংবাদিক বৈঠক থেকে তেজস্বী জানান, তাঁরা ক্ষমতায় এলে 20 মাসের মধ্যে রাজ্যের সমস্ত পরিবারকে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন ৷

