ETV Bharat / bharat

দেশের নয়া উপ-রাষ্ট্রপতি এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন, শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-ধনখড়ের

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে 452টি ভোট পেয়ে জয়ী হলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন ৷ আরএসএস ঘনিষ্ঠ বলে পরিচিত রাধাকৃষ্ণন দক্ষিণ ভারতের প্রথম ওবিসি উপ-রাষ্ট্রপতি ৷

Vice President of India
প্রধানমন্ত্রীর সঙ্গে সিপি রাধাকৃষ্ণন (ছবি: প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : September 9, 2025 at 7:38 PM IST

4 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: উপ-রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন ৷ মঙ্গলবার উপ-রাষ্ট্রপতি নির্বাচনে তিনি 452টি ভোট পেয়েছেন ৷ বিরোধী শিবিরের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি 300 টি ভোট পেয়েছেন ৷ এদিন সন্ধ্যায় ঘোষণা করেন রিটার্নিং অফিসার ৷ মানে 152টি ভোট বেশি পেয়ে নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী ৷ আরএসএস ঘনিষ্ঠ সিপি রাধাকৃষ্ণন দেশে ওবিসি অন্তর্ভুক্ত দ্বিতীয় উপ-রাষ্ট্রপতি ৷ শপথ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে দক্ষিণ ভারতের প্রথম ওবিসি উপ-রাষ্ট্রপতি এবং তামিলনাড়ু থেকে তৃতীয় উপ-রাষ্ট্রপতি হবেন রাধাকৃষ্ণন ৷

তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্য রাজনৈতিক ব্যক্তিত্বরা ৷ এমনকী প্রাক্তন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও নয়া উপ-রাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণনকে শুভেচ্ছা জানিয়েছেন ৷

এই নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন রাজ্যসভার মহাসচিব পিসি মোদি ৷ তিনি ঘোষণা করেন, "এনডিএ মনোনীত প্রার্থী এবং মহারাষ্ট্রের গভর্নর সিপি রাধাকৃষ্ণন প্রথম পছন্দের ভোটে 452টি ভোট পেয়েছেন ৷ তিনি ভারতের 17তম উপ-রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ৷ বিরোধীদের উপ-রাষ্ট্রপতি প্রার্থী প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডি প্রথম পছন্দের ভোটে 300টি ভোট পেয়েছেন ৷ তাই আমি রিটার্নিং অফিসার পিসি মোদি ঘোষণা করছি, সিপি রাধাকৃষ্ণন ভারতের উপ-রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৷"

রিটার্নিং অফিসার আরও জানান, গত 7 অগস্ট 17তম উপ-রাষ্ট্রপতি নির্বাচনের নোটিশ জারি করা হয়েছিল ৷ সব মিলিয়ে 68টি মনোনয়নপত্র গ্রহণ করা হয় ৷ সেগুলি যাচাই করে দেখা যায় সিপি রাধাকৃষ্ণন, বি সুদর্শন রেড্ডির আবেদন বৈধ ৷ রাষ্ট্রপতি মনোনীত সাংসদ-সহ সংসদের সব সদস্য এই ভোটে অংশ নেওয়ার যোগ্য ৷ মোট ভোটারের সংখ্যা 788 জন ৷ রাজ্যসভার 245 জন এবং 543 জন লোকসভার সাংসদ ৷ এদিন বিকেল 5টায় ভোট শেষ হয় ৷ 767 জন ভোটার ভোট দিয়েছেন ৷ এই নির্বাচন ব্যালট বক্সে হয়েছে ৷ ভোট গণনা শুরু হয় সন্ধ্যা 6টায় ৷

ভোটগণনায় জানা যায় 767 টি ভোট পড়েছে ৷ উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থীকে 377টি ভোট পেতে হবে ৷ প্রথম পছন্দের ভোটে বি সুদর্শন রেড্ডি 300টি এবং সিপি রাধাকৃষ্ণন 452টি ভোট পেয়েছেন ৷

এই ঘোষণার পর বিরোধী শিবিরের মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টে প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি বলেন, "আমি জয়ী হইনি ৷ আমাদের মহান প্রজাতন্ত্রের গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস রেখে এই ফলাফল আমি বিনয়ের সঙ্গে গ্রহণ করছি ৷ আদর্শগত লড়াই চলবে ৷"

মঙ্গলবার সকাল 10টা থেকে উপ-রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শুরু হয় ৷ ভোটদান প্রক্রিয়া শেষ হয় বিকেল 5টায় ৷ দেখা যায়, প্রায় 98.20 শতাংশ ভোট পড়েছে ৷ লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে 788 জনের মধ্যে 767 জন সাংসদ ভোট দিয়েছেন ৷ 13 জন সাংসদ ভোট দানে বিরত থেকেছেন ৷ বিজু জনতা দলের (বিজেডি) সাত জন, ও ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) চার জন, শিরোমনি অকালি দলের একজন এবং একজন নির্দল সাংসদ ভোট দেননি ৷

গত 21 জুলাই বাদল অধিবেশনের প্রথম দিনের কাজকর্ম শেষে রাতে হঠাৎ উপ-রাষ্ট্রপতি পদে ইস্তফা দেন জগদীপ ধনখড় ৷ তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্বাস্থ্যের কারণ দর্শিয়ে ইস্তফাপত্র পেশ করেন ৷ তাঁর আচমকা ইস্তফা নিয়ে রাজনৈতিক জলঘোলা শুরু হয় ৷

2022 সালের অগস্টে তিনি উপরাষ্ট্রপতি পদে আসীন হন ৷ 2027 সালের অগস্টে তাঁর অবসর নেওয়ার কথা ছিল ৷ কিন্তু তার অনেক আগেই তিনি পদত্যাগ করেন ৷ যদিও এই পদত্যাগের নেপথ্যে 'ডাল মে কুছ কালা' বলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিল কংগ্রেস ৷

2019 থেকে 2022 সাল পর্যন্ত বাংলার রাজ্যপাল পদে ছিলেন জগদীপ ধনখড় ৷ সেই সময় প্রায়শই তাঁর সঙ্গে রাজ্য সরকার বিশেষত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাতের কথা সংবাদ শিরোনামে উঠে আসত ৷ এরপর তাঁকে উপ-রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করে বিজেপির নেতৃত্বে এনডিএ শিবির ৷ তিনি বিরোধীদের উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভাকে পরাজিত করে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদের দায়িত্ব নেন ৷