ETV Bharat / bharat

ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় জায়গা পেল মারাঠা সাম্রাজ্যের 12 দুর্গ

এই মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ-এর মধ্যে 12টি রাজকীয় দুর্গ রয়েছে ৷ যার মধ্যে 11টি মহারাষ্ট্রে এবং একটি তামিলনাড়ুতে ৷

Maratha Military Landscapes
মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপের মধ্যে রয়েছে এই সুবর্ণদুর্গ (ছবি সূত্র-পিআইবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 12, 2025 at 3:59 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 12 জুলাই: ভারতের মুকুটে নয়া পালক ৷ ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য তালিকায় জায়গা করে নিল মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ (এটি হল মারাঠা সাম্রাজ্যের 12টি দুর্গ) ৷ ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় ভারতের 44তম স্থান হিসাবে স্বীকৃতি পেয়েছে এটি ।

মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ পরিদর্শনের আহ্বান মোদির

আর দেশের এই প্রাপ্তিতে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ৷ এই ঐতিহাসিক মাইলফলকের জন্য দেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন তাঁরা ৷ প্রধানমন্ত্রী মোদি মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপের 12টি দুর্গ পরিদর্শনের জন্য সকলকে আহ্বান জানিয়ে লিখেছেন, "এই স্বীকৃতি পেয়ে প্রত্যেক ভারতীয় আনন্দিত । এই মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ-এর মধ্যে 12টি রাজকীয় দুর্গ রয়েছে ৷ যার মধ্যে 11টি মহারাষ্ট্রে এবং একটি তামিলনাড়ুতে ৷"

সোশাল মিডিয়ায় করা পোস্টে তিনি আরও লিখেছেন, "যখন আমরা গৌরবময় মারাঠা সাম্রাজ্যের কথা বলি, তখন আমরা এর সুশাসন, সামরিক শক্তি, সাংস্কৃতিক গর্ব এবং সামাজিক কল্যাণের কথাও বলি । মারাঠার মহান শাসকরা যেকোনও অন্যায়ের কাছে মাথা নত করতে অস্বীকার করেন, যা আমাদের অনুপ্রাণিত করে চলেছে । আমি সকলকে এই দুর্গগুলি পরিদর্শন করতে এবং মারাঠা সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে জানতে আহ্বান জানাই ৷"

ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কমিটির অধিবেশন

মূলত প্যারিসে অনুষ্ঠিত হয় ইউনেসকোর 2024-25 সালের বিশ্ব ঐতিহ্য কমিটির (ডব্লিউএইচসি) 47তম অধিবেশন ৷ সেখানে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপের 12টি দুর্গকে ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করার এই সিদ্ধান্ত নেওয়া হয় । ইউনেসকো এই বিষয়ে এক্স পোস্টে জানিয়েছে, "ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় নতুন সংযোজন: ভারতের মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ ।"

মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপের দুর্গগুলির নাম

সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, মারাঠাদের শাসনকালে 1700 থেকে 1900 শতাব্দীর মধ্যে তৈরি করা হয়েছিল মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ । বিভিন্ন ভৌগোলিক এবং ভূ-প্রাকৃতিক অঞ্চলে ছড়িয়ে থাকা 12টি দুর্গ তৎকালীন মারাঠাদের সামরিক ব্যবস্থা ও শক্তি প্রদর্শন করে ৷ এর 12টি দুর্গ হল - সালহের দুর্গ, শিবনেরী দুর্গ, লোহগড়, খান্দেরি দুর্গ, রায়গড়, রাজগড়, প্রতাপগড়, সুবর্ণদুর্গ, পানহালা দুর্গ, বিজয় দুর্গ, মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ এবং তামিলনাড়ুর জিঞ্জি দুর্গ ।

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপকে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি 2024 সালের জানুয়ারিতে বিশ্ব ঐতিহ্য কমিটির কাছে পাঠানো হয় ৷ উপদেষ্টা সংস্থাগুলির সঙ্গে বেশ কয়েকটি প্রযুক্তিগত বৈঠক ও ICOMOS মিশনের পরিদর্শনের মাধ্যমে 18 মাস দীর্ঘ কঠোর প্রক্রিয়ার পরে এই তালিকা তৈরি করা হয়েছে । যেখানে জায়গা পেয়েছে ভারতের মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ ৷ আর এটি আনুষ্ঠানিকভাবে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও আনন্দ প্রকাশ করেছেন ।

অসমের 'মইডাম'

উল্লেখ্য, গত বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় বিশ্ব ঐতিহ্য কমিটির 46তম অধিবেশন ৷ যেখানে অসমের আহোম রাজবংশের ঢিবি-কবর ব্যবস্থা - 'মইডাম'কে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল । ভারত প্রথমবার এই গুরুত্বপূর্ণ সভার আয়োজিত হয় 2024 সালে ৷ সংস্কৃতি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সংখ্যার দিক থেকে ভারত বিশ্বব্যাপী ষষ্ঠ ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিতীয় স্থানে রয়েছে ।