ETV Bharat / bharat

ফের এনকাউন্টারে নিকেশ কুখ্যাত মাওবাদী, গ্রেফতার এক

মহুয়াদানর থানা এলাকার করমখাড় এবং দৌনার মধ্যে পুলিশ-মাওবাদী সংঘর্ষ হয় ৷ এনকাউন্টারের পর, পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে গোটা এলাকায়।

Maoist ENCOUNTER
এনকাউন্টারে নিকেশ কুখ্যাত মাওবাদী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2025 at 12:55 PM IST

2 Min Read
Choose ETV Bharat

লাতেহার, 26 মে: পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল ৷ এবার সেই মাওবাদী নেতা মনীশ যাদব পুলিশি এনকাউন্টারে হত ৷ রবিবার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পুলিশ ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষে ওই মনীশ যাদব নিহত হয়েছে বলে খবর। অন্যদিকে, 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল আরও এক মাও নেতা কুন্দন খেরওয়ারকেও গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ ঘটনাস্থল থেকে দুটি এক্স.95 স্বয়ংক্রিয় রাইফেলও উদ্ধার করেছে বলে খবর।

মহুয়াদানর থানা এলাকার করমখাড় এবং দৌনার মধ্যে পুলিশ-মাওবাদী সংঘর্ষ হয় ৷ এনকাউন্টারের পর, পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে গোটা এলাকায়। পালামৌর ডিআইজি ওয়াইএস রমেশ মাওবাদী নেতা নিকেশের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, লাতেহার পুলিশ তথ্য পেয়েছিল, নকশাল কমান্ডার মনীশ যাদব তার দল নিয়ে মহুয়াদানর থানা এলাকার দৌনা এবং করমখাদের মাঝামাঝি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে । খবর পাওয়ার পরই, পুলিশের বিশেষ দল গঠন করা হয় ৷ একই সঙ্গে ওই জঙ্গল ঘিরে ফেলার কাজ শুরু করে পুলিশ ৷ এরপরই পুলিশ-মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয় ৷ সেখানেই মাওবাদী কমান্ডার মনীশ যাদব নিহত হয়েছে বলে খবর ।

পালামৌর ডিআইজি ওয়াইএস রমেশ বলেন, "মহুয়াদানের দৌনা এলাকায় পুলিশ ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর মধ্যেই মনীশ যাদব নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একজন মাও নেতাকে গ্রেফতারও করা হয়েছে । এখন এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে ৷" দুই দিন আগে, জেজেএমপি সুপ্রিমো পাপ্পু লোহারা এবং সাব-জোনাল কমান্ডার প্রভাত গাঞ্জু লাতেহার পুলিশের এনকাউন্টারে নিহত হয়। এর মাত্র দুই দিন পর, পুলিশ এক এনকাউন্টারে আরও এক কুখ্যাত মাওবাদীকে নিকেশ করে । পাপ্পু লোহারার উপর 10 লক্ষ টাকা পুরস্কার ছিল। অন্যদিকে, প্রভাতের নামে পাঁচ লক্ষ টাকা পুরস্কার ছিল।

জানা গিয়েছে, মনীশ যাদব ছিল বুরহা পাহাড় বিহার অঞ্চলের মাওবাদীদের শেষ শীর্ষ কমান্ডার। মনীশ যাদব গত এক দশক ধরে বুরহা পাহাড়ে সক্রিয় ছিল। প্রথমে মাওবাদী স্কোয়াডে একজন সাধারণ ক্যাডার থেকে ধীরে ধীরে মাওবাদীদের সাব-জোনাল কমান্ডার হয়ে ওঠে মনীশ। মনীশের শ্বশুরবাড়িও সেই একই এলাকায় ৷ ওর বিরুদ্ধে 50 টিরও বেশি হামলার অভিযোগ রয়েছে ৷

মণীশ বিহারের লাতেহার, পালামৌ, গাড়োয়া, চাতরা, গয়া এবং ঔরঙ্গাবাদে 50 টিরও বেশি মাওবাদী হামলায় অভিযুক্ত। প্রথমে বিহার এলাকায় পরে বুরহা পাহাড় এলাকায় মাওবাদী স্কোয়াডের সদস্য হয়। কাটিয়ায় এক সিআরপিএফ জওয়ানের পেটে বোমা গুঁজে রাখা হয়েছিল সেই ঘটনায় 13 জন জওয়ান শহিদ হয়েছিলেন। এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছিল মনীশ যাদবকে । 2018-19 সালে, গাড়োয়ার পোলপোলে মাওবাদী হামলায় ছয় জন জওয়ান শহিদ হয়েছিলেন। এই ঘটনাতেও প্রধান অভিযুক্ত হিসাবে উঠে আসে মনীশ যাদবের নাম।