ETV Bharat / bharat

মায়ের ভরণপোষণের টাকা দেয়নি 6 মাস, ছেলেকে জেলে পাঠাল আদালত

দীর্ঘ 6 মাস ছেলে কোনও টাকা পাঠাননি ৷ এই অভিযোগে পুলিশের দ্বারস্থ হন বৃদ্ধ মা ৷ তাঁর সেই অভিযোগের ভিত্তিতে ছেলেকে জেলে পাঠাল আদালত ৷

MAN JAILED OVER MOTHER MAINTENANCE
অভিযুক্ত ছেলের জেল (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 10, 2025 at 6:44 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কাসারাগড় (কেরল), 10 সেপ্টেম্বর: যুগান্তকারী রায় ! বৃদ্ধ মায়ের ভরণপোষণের টাকা না-দেওয়ায় ছেলেকে জেলের সাজা শোনাল আদালত ৷ কেরলের কাসারাগড়ের কানহানগড় আরডিও আদালত ৷ আইন বিশেষজ্ঞদের মতে, 2007 সালের অভিভাবক ও প্রবীণ নাগরিক আইনের অধীনে এই সাজা ঘোষণা করেছে আদালত ৷

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম প্রথীশ ৷ তিনি ভাদুথালাকুঝির মাদিকাই মালাপ্পাচেরির বাসিন্দা ৷ প্রতি মাসে 2 হাজার টাকা করে মায়ের কাছে পাঠানোর কথা তাঁর ৷ অথচ বিগত 6 মাস ধরে টাকার কোনও হেলদোলই নেই তাঁর ৷ ছেলের কাছে টাকা না-পেয়ে সম্প্রিত অভিযোগ দায়ের করেন এলিয়াম্মা জোসেফ ৷ আম্বালাথারা গ্রামের চোমনকোডের বাসিন্দা এই মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁর ছেলেকে জেলের সাজা শোনায় আদালত ৷

সেই সঙ্গে আদালতের নির্দেশ বিগত 6 মাসের বকেয়া না-দেওয়া পর্যন্ত জেলেই থাকতে হবে প্রথীশকে ৷ 2007 সালের আইনের ধারা 5(8) এবং বিএনএসএস আইনের ধারা 144-এর অধীনে তাঁকে এই নির্দেশ দিয়েছে আদালত ।

জানা গিয়েছে, 2025 সালের 18 মার্চ বৃদ্ধ মাকে প্রতি মাসে 2000 টাকা করে দেওয়ার জন্য প্রথীশকে নির্দেশ দেয় মেইনট্যানেন্স ট্রাইবুনাল এবং অ্যাপেলেট ট্রাইবুনাল ৷ কিন্তু, ট্রাইবুনালের সেই নির্দেশ হেলায় উড়িয়ে দেন ছেলে ৷ ভরণপোষণের জন্য় যৎসামান্য সেই টাকা না-পাওয়ায় গত 24 এপ্রিল ছেলের বিরুদ্ধে অগত্যা অভিযোগ জানান এলিয়াম্মা ৷ মাদাকাইয়ের স্থানীয় এক আধিকারিকের মাধ্যমে প্রথীশকে একটি নোটিশ পাঠানো হয় ৷ প্রথীশ সেই নোটিশ নিতে অস্বীকার করেন ৷ এরপর এই বিষয়ক একাধিক শুনানিতে তিনি টাকা দিতে পারবেন না বলে স্পষ্ট জানান প্রথীশ ৷

এরপর 9 সেপ্টেম্বর এই মামলার চূড়ান্ত শুনানিতে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে নীলেশ্বরম থানার পুলিশ ৷ এরপর তাকে আরডিও আদালতে পেশ করা হয় ৷ বিচারপতির সামনেও ভরণপোষণের টাকা দিতে পারবেন না বলে জানান প্রথীশ ৷ এরপর তাঁকে জেলের সাজা শোনায় আদালত ৷

আইনজীবীদের মতে, প্রবীণ নাগরিকদের সুরক্ষার জন্য ভরণপোষণের বিধান থাকলেও কারদণ্ডের ঘটনা বিরল ৷ সেই কারণে, আরডিও আদালতের এই রায় সাধারণ মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে ৷

অভিভাবক এবং প্রবীণ নাগরিকদের সুরক্ষা এবং কল্যাণ আইনটি আসলে কী?

দেশের প্রবীণ নাগরিক এবং অভিভাবকদের কল্যাণ, সুরক্ষা এবং মর্যাদা নিশ্চিত করার উদ্দেশ্যে এই আইনের প্রবর্তন করা হয় ৷ প্রাপ্তবয়স্ক সন্তান, নাতি-নাতনি এবং আত্মীয় পরিজনদের জন্য এই আইনটি বাধ্যতামূলক ৷

পড়ুন: স্কুলে যিনি রাঁধেন, তিনিই পড়ান; শিক্ষার আঁধারে লড়াই মালতীর